২০২৬ সালের জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে সংবাদমাধ্যমের মাধ্যমে অপতথ্য ছড়ানোর ঘটনা বেড়েছে। আগের প্রান্তিকের তুলনায় এবার সংবাদমাধ্যমে অপতথ্যের ছড়ানোর সংখ্যা ছিল তিন গুণেরও বেশি।
ফ্যাক্টচেকাররা এই প্রান্তিকে সংবাদমাধ্যমের মাধ্যমে অপতথ্য ছড়ানোর ৭৬টি ঘটনা শনাক্ত করেছেন। এপ্রিল–জুন প্রান্তিকে এ সংখ্যা ছিল ২১। যদিও অপতথ্য ছড়ানোর প্রধান মাধ্যম হিসেবে সামাজিক মাধ্যমের অবস্থান বাকিদের ধরাছোঁয়ার বাইরে।
সামগ্রিকভাবে, ২০২৬ সালের জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো ১ হাজার ১৯৬টি স্বতন্ত্র অপতথ্যের দাবি যাচাই করেছে। আগের প্রান্তিকে এ সংখ্যা ছিল ১ হাজার ২৬৬। অর্থাৎ, অপতথ্যের সংখ্যা ৫ দশমিক ৫ শতাংশ কমেছে।
বরাবরের মতো এবারও বাংলাদেশে ফ্যাক্টচেকের সবচেয়ে বড় বিভাগ ছিল রাজনীতি। এ প্রান্তিকে ৬৪৭টি দাবি বা মোট স্বতন্ত্র দাবির ৫৪ দশমিক ১ শতাংশ ছিল রাজনীতিসংশ্লিষ্ট।
তবে জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে দুর্যোগসংক্রান্ত ফ্যাক্টচেকের সংখ্যা ছিল আগের প্রান্তিকের তুলনায় সাত গুণেরও বেশি। খেলাধুলাসংক্রান্ত অপতথ্যের ফ্যাক্টচেকও প্রায় দ্বিগুণ হয়েছে। বাংলাদেশ ও নেপালে বন্যা এবং ফিফা বিশ্বকাপের মতো বড় ঘটনাগুলোর সঙ্গে এসব বৃদ্ধির সম্পর্ক রয়েছে।
অপতথ্য ছড়াচ্ছে সংবাদমাধ্যমও
এই প্রান্তিকে সংবাদমাধ্যমের মাধ্যমে ছড়ানো অপতথ্যের ফ্যাক্টচেকের সংখ্যা বেড়ে ৭৬ হয়েছে। আগের প্রান্তিকে এ সংখ্যা ছিল ২১। মোট ফ্যাক্টচেকের মধ্যে সংবাদমাধ্যম সংশ্লিষ্ট অপতথ্যের অংশও ১ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ৬ দশমিক ৪ শতাংশ হয়েছে।
তবে অপতথ্য ছড়ানোর প্রধান মাধ্যম এখনো সামাজিক মাধ্যম। এ প্রান্তিকে ফ্যাক্টচেক করা অপতথ্যের ৯০ দশমিক ৭ শতাংশ ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। আগের প্রান্তিকে এ হার ছিল ৯৪ দশমিক ৯ শতাংশ। সামাজিক মাধ্যমে ছড়ানো অপতথ্যের সংখ্যাও ১ হাজার ২০১ থেকে কমে ১ হাজার ৮৫ হয়েছে।
তৃতীয় প্রান্তিকের তিন মাসের মধ্যে সামাজিক মাধ্যমে ছড়ানো অপতথ্যের সংখ্যা সবচেয়ে বেশি ছিল জুলাইয়ে। অন্যদিকে, সংবাদমাধ্যমের মাধ্যমে ছড়ানো অপতথ্যের সংখ্যা সবচেয়ে বেশি ছিল সেপ্টেম্বরে।
২৮টি সংবাদমাধ্যমগুলোর অন্তত পাঁচটি প্রতিবেদন, ভিডিও, ছবি বা ফটোকার্ড ফ্যাক্টচেক করা হয়েছে। সবচেয়ে বেশি ফ্যাক্টচেকে হয়েছে দৈনিক ইত্তেফাকের (১৩টি) ভুল নিয়ে। এরপর আছে দৈনিক যুগান্তর (১২টি) ও বাংলা টিভি (১০টি)। সংবাদমাধ্যম সংশ্লিষ্ট অপতথ্যের এই বৃদ্ধি প্রতিবেদন তৈরি ও সংবাদ উপস্থাপনায় বারবার দেখা দেওয়া কিছু সমস্যার দিকে ইঙ্গিত করে।
ঘটনাগুলো পর্যালোচনা করে দেখা যায়, সংবাদমাধ্যমের মাধ্যমে অপতথ্য ছড়ানোর ক্ষেত্রে কয়েকটি প্রবণতা বারবার দেখা গেছে। এর মধ্যে রয়েছে দৃশ্যমান তথ্যপ্রমাণের অপব্যবহার, ভুল ব্যক্তিকে শনাক্ত করা, বিভ্রান্তিকর প্রেক্ষাপট উপস্থাপন এবং যাচাই না করে প্রতিবেদন প্রকাশ।
একটি বড় প্রবণতা হলো ছবি ও ভিডিওর ( ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮) অপব্যবহার। পুরোনো, অপ্রাসঙ্গিক বা এআই (১, ২, ৩, ৪) দিয়ে তৈরি ছবি ও ভিডিওকে সাম্প্রতিক ঘটনার প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ, সামরিক হামলা, দুর্ঘটনা এবং কথিত উদ্ধার অভিযানসংক্রান্ত ভুলই বেশি ধরা পড়েছে।
আগস্টে ডিসমিসল্যাব নাইজেরিয়ায় নৌকাডুবির ঘটনা নিয়ে দৈনিক ইনকিলাবের একটি প্রতিবেদন ফ্যাক্টচেক করে। ওই প্রতিবেদনে জিম্বাবুয়ের একটি ভিন্ন ঘটনার ছবি ব্যবহার করা হয়েছিল।
অপতথ্য ছড়ানোর আরেকটি প্রবণতা হলো ভুল ব্যক্তিকে শনাক্ত করা এবং অন্যের নামে তথ্য প্রচার। এ ক্ষেত্রে সংবাদমাধ্যমগুলো ভুল ব্যক্তির ছবি ব্যবহার করেছে, একই নামের একাধিক ব্যক্তিকে গুলিয়ে ফেলেছে অথবা কাউকে ভুলভাবে শনাক্ত করেছে (১, ২, ৩, ৪)। আরেকটি প্রবণতা হলো সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে ঘটনা উপস্থাপন। বিশেষ করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাকে পর্যাপ্ত তথ্যপ্রমাণ (১, ২, ৩, ৪) ছাড়াই ধর্মীয় নিপীড়নের ঘটনা হিসেবে তুলে ধরেছে।

৭৬টি ঘটনা বিশ্লেষণ করে দেখা যায়, ৩২টি আন্তর্জাতিক ঘটনায় ভুল তথ্য ছড়ানো হয়েছে। ২৯টি ফ্যাক্টচেক ছিল দেশের অভ্যন্তরীণ ঘটনায়, খেলাধুলা সংক্রান্ত প্রতিবেদন ছিল ১১টি এবং বাকি চারটি ছিল বিচ্ছিন্ন ঘটনার।
আন্তর্জাতিক ঘটনাগুলোর মধ্যে বেশির ভাগই ছিল দুর্যোগসংক্রান্ত। ৩২টির মধ্যে ২২টি ঘটনাই ছিল দুর্যোগ নিয়ে। এসব ঘটনার মধ্যে ভিডিও ছিল সবচেয়ে বেশি ব্যবহৃত মাধ্যম। ৩২টির মধ্যে ১৮টিতে ভিডিও ব্যবহার করা হয়েছে।
দেশীয় ঘটনাগুলোর ক্ষেত্রে অপতথ্য ছড়ানোর ধরন ছিল আরও বৈচিত্র্যময়। ২৯টি ঘটনার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে গ্রাফিক কার্ড (১০টি)। এরপর ছিল লেখা (৭টি) ও ভিডিও (৬টি)।
বাংলাদেশের ঘটনা নিয়ে সাতটি অপতথ্য ছড়িয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। এর চারটি ছিল ভূরাজনীতি নিয়ে এবং তিনটি ধর্ম নিয়ে। বাকি ২২টি ঘটনা ছড়িয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো। এর মধ্যে তথ্যগত ভুল ছিল ১২টির ক্ষেত্রে এবং রাজনৈতিক অপতথ্য ছিল ছয়টিতে। এর বাইরে যে চারটি বিচ্ছিন্ন ভিডিও ক্লিপ ছিল, সবগুলৈ ছিল এআই দিয়ে তৈরি।
খেলাধুলাসংক্রান্ত ১১টি অপতথ্যের মধ্যে ১০টি ছড়িয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যম। এর আটটি ছিল ফিফা বিশ্বকাপ নিয়ে এবং দুটি ক্রিকেট নিয়ে। বাকিটি ছড়িয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
বড় বন্যার কারণে দুর্যোগসংক্রান্ত অপতথ্যের ব্যাপক বৃদ্ধি
দুর্যোগসংক্রান্ত স্বতন্ত্র দাবির ফ্যাক্টচেকের সংখ্যা এপ্রিল–জুন প্রান্তিকে ছিল আটটি, জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে সেটা ৬০টি হয়েছে। আগের প্রান্তিকের মোট দাবির ০ দশমিক ৬ শতাংশ ছিল দুর্যোগসংক্রান্ত, তা বেড়ে ৫ শতাংশ হয়েছে। আর এ ধরনের অপতথ্যের সংখ্যা ছিল সবচেয়ে বেশি ছিল জুলাইয়ে।

২০২৬ সালের ৫ জুলাই চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত শুরু হলে অঞ্চলজুড়ে বন্যা দেখা দেয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ১২ জুলাইয়ের প্রতিবেদন অনুযায়ী, সাত জেলার ৫৯টি উপজেলা বন্যার পানিতে প্লাবিত হয়েছিল।
১০ জুলাই থেকে বন্যাসংক্রান্ত অপতথ্য মূলত ছবি ও ভিডিও আকারে ছড়াতে শুরু করে। এর মধ্যে এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিও এবং পাকিস্তান ও তুরস্কের পুরোনো দৃশ্য ছিল। এসব কনটেন্ট চলমান বন্যার প্রেক্ষাপটে উপস্থাপন করা হয়।
দুর্যোগসংক্রান্ত অপতথ্য ছড়ানোর আরেকটি বড় ঘটনা ছিল ২৬ আগস্ট নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধস। এ ঘটনা নিয়ে বাংলাদেশে ২৭ আগস্ট থেকে অপতথ্য ছড়াতে শুরু করে।
এ ক্ষেত্রেও একই ধরনের প্রবণতা দেখা যায়। এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিওর পাশাপাশি ভারত, পাকিস্তান, ফিলিপাইন, ভিয়েতনাম, চীন, যুক্তরাষ্ট্র, জাপান ও তুরস্কের বিভিন্ন ঘটনার পুরোনো ফুটেজ ব্যবহার করে নেপালের দুর্যোগকে ভুলভাবে উপস্থাপন করা হয়।
বিশ্বকাপের সময় খেলাধুলাসংক্রান্ত ফ্যাক্টচেক প্রায় দ্বিগুণ
এপ্রিল–জুন প্রান্তিকে ফ্যাক্টচেক হওয়া খেলাধুলাসংক্রান্ত স্বতন্ত্র দাবির সংখ্যা ছিল ৩৮। জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে তা বেড়ে ৭১ হয়েছে। মোট অপতথ্যের মধ্যে খেলাধুলাসংক্রান্ত দাবির অংশ আগের প্রান্তিকের ৩ শতাংশ থেকে বেড়ে ৬ শতাংশ হয়েছে।
এ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে জুলাইয়ে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ। এ মাসে ফ্যাক্টচেকাররা খেলাধুলাসংক্রান্ত ৬২টি দাবিকে মিথ্যা প্রমাণ করেছেন। আগস্টে এ সংখ্যা কমে আট এবং সেপ্টেম্বরে একটিতে দাঁড়ায়।
খেলাধুলাসংক্রান্ত অপতথ্য মূলত ছবি, ভিডিও এবং ফটোকার্ডের মাধ্যমে ছড়িয়েছে। বিভ্রান্তিকর কনটেন্টে সবচেয়ে বেশি উপস্থিতি ছিল নেইমার, আরলিং হালান্ড, ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও লামিন ইয়ামালদের মতো ফুটবলারদের।

এসব কনটেন্টের মধ্যে ছিল ফাইনালের পর ফিলিস্তিনের পতাকা হাতে লামিন ইয়ামালের এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিও এবং আরলিং হালান্ডকে নিয়ে এআই দিয়ে তৈরি ভিডিও।
এ ছাড়া বিভ্রান্তিকর কনটেন্টে দেখা গেছে, আর্জেন্টিনা জাতীয় দল বাংলাদেশের পতাকা হাতে দাঁড়িয়ে আছে। নেইমার ও লিওনেল মেসির নামে ভুয়া উদ্ধৃতি ছড়ানো হয়েছে। ফাইনালে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মেলাতে ইয়ামাল অস্বীকৃতি জানিয়েছিলেন—এমন দাবিও ছড়ানো হয়েছে।
রাজনীতি ছিল প্রধান বিষয়, তবে অপতথ্যের অংশ কমেছে
জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে রাজনৈতিক অপতথ্যের স্বতন্ত্র দাবি ছিল ৬৪৭টি। এপ্রিল–জুন প্রান্তিকে এ সংখ্যা ছিল ৭১৮।
সংখ্যা কমলেও রাজনীতিই ছিল অপতথ্য ছড়ানোর সবচেয়ে প্রিয় বিষয়, এ প্রান্তিকে নথিভুক্ত অপতথ্যের অর্ধেকেরও বেশি ছিল রাজনীতিসংশ্লিষ্ট।
এ প্রান্তিকে রাজনৈতিক অপতথ্য সবচেয়ে বেশি ছড়িয়েছে আগস্টে, ২৫৮টি। এছাড়া জুলাইয়ে ২১২টি এবং সেপ্টেম্বরে ১৭৭টি রাজনৈতিক অপতথ্য ভুয়া প্রমাণিত হয়েছে। আগস্টে এ সংখ্যা বৃদ্ধির সঙ্গে ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর সম্পর্ক ছিল।
২৬ জুন প্রথম একটি অপতথ্য ছড়িয়ে দাবি করা হয়েছিল, তুরাগ নদ থেকে ছাত্রলীগের কর্মীদের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই দাবি জুলাইয়ে আবার ছড়ায়। অন্য ঘটনার মরদেহ উদ্ধারের ফুটেজকে তথাকথিত “তুরাগ ট্র্যাজেডি”তে আরেক আওয়ামী লীগ কর্মীর মরদেহ উদ্ধারের দৃশ্য (১, ২, ৩, ৪) হিসেবে ভুলভাবে উপস্থাপন করা হয়।
জুলাইয়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার পর বেশ কিছু অপতথ্য ছড়ায়। এর মধ্যে ভিডিওটি এআই দিয়ে তৈরি—এমন মিথ্যা দাবিও ছিল। সামাজিক মাধ্যম ও অনলাইন সংবাদমাধ্যমে গাজী নজরুল ইসলামকে তখন গ্রেপ্তার করা হয়েছিল—এমন মিথ্যা প্রতিবেদনও ছড়ায়।
এসব প্রতিবেদনে তাকে সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নজরুল ইসলামের সঙ্গে গুলিয়ে ফেলা হয়েছিল।

আগের প্রান্তিকের মতো জুলাই–সেপ্টেম্বরেও জনসম্মুখে শেখ হাসিনার কথিত উপস্থিতি এবং বাংলাদেশে সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে অপতথ্য ছড়িয়েছে। বিভিন্ন নেতা ও রাষ্ট্রপতির সঙ্গে তার পুরোনো বৈঠক ও অনুষ্ঠানের ফুটেজ সাম্প্রতিক দাবিতে পুনরায় প্রচার করা হয়েছে। এদিকে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের মিছিলের ছবি ও ভিডিওর দৃশ্যে এআই ব্যবহার করে জনসমাগমের আকার বাড়িয়ে (১, ২) দেখানো হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) “জুলাই মার্চ” ঘিরেও অপতথ্যের একটি বড় প্রবণতা দেখা গেছে। ২০২৬ সালের ২৮ জুলাই হবিগঞ্জে এনসিপির একটি বহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় এনসিপি কর্মী আলিফ চৌধুরী একটি চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে জানা যায়। এই হামলা নিয়ে অন্তত ১০টি অপতথ্য ছড়ায়।
এর মধ্যে কিছু অপতথ্য সরাসরি আলিফকে লক্ষ্য করে ছড়ানো হয়। যেমন, জামায়াতে ইসলামীর আমির হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন, এমন মিথ্যা দাবি ছড়িয়েছে। বিএনপির কর্মীরা আলিফকে আক্রমণ করছেন—এমন দাবি করে অন্য ব্যক্তির ফুটেজ প্রচার করা হয়। তার দৃষ্টিশক্তি হারানোর ঘটনাটি ভুয়া—এমন দাবিও ছড়ানো হয়।
ধর্ম ও আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত অপতথ্য কমেছে
ধর্ম ও আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত অপতথ্য যাচাইয়ের সংখ্যায় দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকে একই ধরনের পতন দেখা গেছে। আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত অপতথ্যের অংশ মোট ফ্যাক্টচেকের ১০ শতাংশ থেকে কমে ৯ শতাংশ হয়েছে। ধর্মসংক্রান্ত অপতথ্যের অংশ ৮ শতাংশ থেকে কমে ৭ শতাংশ হয়েছে।
তৃতীয় প্রান্তিকে আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত অপতথ্যের সংখ্যা সবচেয়ে বেশি ছিল জুলাইয়ে। এ সময় ভারতীয় “ককরোচ জনতা পার্টি”র বিক্ষোভ ছিল উল্লেখযোগ্য বিষয়। অন্যদিকে, ধর্মসংক্রান্ত অপতথ্যের সংখ্যা সবচেয়ে বেশি ছিল সেপ্টেম্বরে।
ধর্মসংক্রান্ত ফ্যাক্টচেক থেকে দেখা যায়, বাংলাদেশ ও ভারতে ছড়ানো অপতথ্যের বয়ান ছিল বিপরীতমুখী। বাংলাদেশে বেশির ভাগ অপতথ্যে হিন্দু সম্প্রদায়কে সহিংসতা, নিপীড়ন বা দুর্ব্যবহারের শিকার হিসেবে উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে ছিল ভাঙচুরের ভিডিও ধর্মীয় নিপীড়নের বিভ্রান্তিকর বয়ানে প্রচার (১, ২, ৩, ৪, ৫), সীতাকুণ্ডে বোমা বিস্ফোরণে তিন হিন্দু নিহত হয়েছেন—এমন মিথ্যা দাবি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক হিন্দু শিক্ষার্থীকে লক্ষ্যবস্তু করা হয়েছে বা হিন্দুদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে (১, ২, ৩)—এমন দাবি করে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন।

অন্যদিকে, ভারতে ধর্মসংক্রান্ত অপতথ্যে হিন্দুদের হাতে মুসলিমদের, বিশেষ করে মুসলিম নারীদের হয়রানি, অপহরণ বা সহিংসতার শিকার হিসেবে দেখানো হয়েছে।
উদাহরণ হিসেবে, হিন্দু পুরুষেরা এক মুসলিম মেয়েকে (১, ২, ৩) অপহরণ করছে—এমন দাবি করে ভিডিও ছড়ানো হয়েছে। হিন্দুদের হাতে মুসলিমরা (১) সহিংসতার শিকার হচ্ছেন—এমন দাবি এবং অবৈধ বাংলাদেশি মুসলিমরা হিন্দু নারীদের(১) ধর্ষণ করেছেন—এমন দাবিও ছড়ানো হয়েছে।
এই প্রান্তিকে মিথ্যা প্রমাণিত আন্তর্জাতিক দাবিগুলোর মধ্যে ৩১টি ছিল “ককরোচ জনতা পার্টি” (সিজেপি) সংশ্লিষ্ট ভারতের বিক্ষোভ নিয়ে। এসব দাবির মধ্যে ছিল বিক্ষোভকারীদের গ্রেপ্তারের ভুয়া ভিডিও (১, ২, ৩, ৪), বিক্ষোভকারীদের কাছ থেকে পালিয়ে যাচ্ছেন নরেন্দ্র মোদি(১, ২)—এমন এআই দিয়ে তৈরি ফুটেজ এবং আন্দোলনের প্রতি বিভিন্ন তারকার (১, ২, ৩) সমর্থন নিয়ে বিভ্রান্তিকর দাবি।
আইনশৃঙ্খলা নিয়ে অপতথ্য বেড়েছে
এপ্রিল–জুন প্রান্তিকে আইনশৃঙ্খলাসংক্রান্ত স্বতন্ত্র অপতথ্যের দাবি ছিল ১০৪টি। জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে তা বেড়ে ১২৯টি হয়েছে। অর্থাৎ, এ ধরনের অপতথ্য ২৪ শতাংশ বেড়েছে।
রাজনীতির পর আইনশৃঙ্খলাসংক্রান্ত অপতথ্যই ছিল সবচেয়ে বেশি। মোট স্বতন্ত্র দাবির ১০ দশমিক ৮ শতাংশ ছিল এ ধরনের অপতথ্য। আইনশৃঙ্খলাসংক্রান্ত ফ্যাক্টচেকের সংখ্যা সবচেয়ে বেশি ছিল জুলাইয়ে। এ মাসে ৫১টি দাবি যাচাই করা হয়েছে।
এ ধরনের অপতথ্যে হত্যা, ধর্ষণ, ডাকাতি, ছিনতাই এবং শারীরিক হেনস্তার অভিযোগই মূলত উঠে আসে। বেশ কিছু ক্ষেত্রে অন্য দেশের ঘটনা, বিশেষ করে ভারতের ঘটনা, বাংলাদেশের বলে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। উদাহরণ হিসেবে, মহারাষ্ট্রে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের ভিডিও এবং ভারতে প্রকাশ্যে এক ব্যক্তিকে হত্যার ভিডিও বাংলাদেশের ঘটনা বলে প্রচার করা হয়েছে। একইভাবে, পশ্চিমবঙ্গে এক কিশোরীর মরদেহ উদ্ধারের ফুটেজকে বাংলাদেশে ধর্ষণ ও হত্যার প্রমাণ হিসেবে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

রংপুরে সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের মরদেহ উদ্ধারের মতো প্রকৃত ঘটনার বিবরণও অপতথ্যের মাধ্যমে বিকৃত করা হয়েছে।
পুরোনো ঘটনা, এআই দিয়ে তৈরি কনটেন্ট এবং অপ্রাসঙ্গিক ঘটনার ফুটেজও বাংলাদেশে সাম্প্রতিক ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে। উদাহরণস্বরূপ, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় গাজীপুরের মাওনায় ধারণ করা একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়েছে, এটি শ্রীপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সাম্প্রতিক সংঘর্ষের দৃশ্য।
একইভাবে, এআই দিয়ে তৈরি একটি ভিডিও ৫ আগস্টের আগে পুলিশের বর্বরতার প্রমাণ হিসেবে প্রচার করা হয়েছে। এ ছাড়া মিয়ানমারে আগুন লাগার একটি ভিডিওকে বাংলাদেশের টেকনাফ সীমান্তের কাছে বিমান হামলার দৃশ্য হিসেবে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। ঢাকায় বোমা বিস্ফোরণ, সন্ত্রাসী হামলা ও জঙ্গি তৎপরতা নিয়ে ছড়ানো বিভিন্ন দাবিও (১, ২, ৩) বিভ্রান্তিকর বলে শনাক্ত হয়েছে।
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের বিক্ষোভ নিয়েও ফ্যাক্টচেকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৫ সালে নীলফামারীতে শ্রমিকদের বিক্ষোভের একটি পুরোনো ছবি ব্যবহার করে দাবি করা হয়েছে, এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভে পুলিশ গুলি করে দুই শিক্ষার্থীকে হত্যা করেছে।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের ভিডিও এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এপ্রিলের একটি মিছিলের ভিডিও এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভের দৃশ্য হিসেবে পুনরায় প্রচার করা হয়েছে।
বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে গোলাগুলি, অস্ত্রের হুমকি ও চাঁদাবাজির কয়েকটি সাজানো ভিডিওকে বাস্তব ঘটনা হিসেবে ছড়ানো হয়েছে। এসবের মধ্যে ছিল বাজারে সশস্ত্র ব্যক্তিদের ভিডিও, ট্রাকচালককে অপহরণের সাজানো ভিডিও এবং সিরাজগঞ্জের জামতৈল রেলস্টেশনে কথিত চাঁদাবাজির ঘটনা।
রাঙামাটিতে আরাকান আর্মির আদিবাসীদের ওপর হামলা এবং ২০২৪ সালের ৫ আগস্ট অভ্যুত্থানের সময় বেসামরিক নাগরিকদের ওপর গুলি করার দৃশ্য হিসেবে ভারতের আসাম ও পাটনায় সিনেমার শুটিংয়ের ফুটেজও ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
অপতথ্য ছড়ানোর প্রধান মাধ্যম এখনো ভিডিও
জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে ফ্যাক্টচেক হয়েছে, এমন দাবিগুলোর ক্ষেত্রে ভুয়া তথ্য ছড়াতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে ভিডিও। ফ্যাক্টচেকাররা ভিডিওভিত্তিক ৬১৭টি স্বতন্ত্র দাবি মিথ্যা প্রমাণ করেছেন, যা মোট দাবির ৫১ দশমিক ৬ শতাংশ। এপ্রিল–জুন প্রান্তিকে যা ছিল ৪৮ দশমিক ৪ শতাংশ।
গ্রাফিক কার্ড ছিল দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত মাধ্যম। তবে এর সংখ্যা ৩৮৭ থেকে কমে ৩৪৭ হয়েছে। ছবিভিত্তিক দাবি ১৮৮ থেকে কমে ১৬৪ হয়েছে। বিপরীতে, টেক্সটভিত্তিক দাবি ২২ থেকে বেড়ে ৪২ হয়েছে।
পুরোনো ফুটেজ, অন্য দেশ ও ঘটনার ক্লিপ এবং এআই দিয়ে তৈরি ভিডিওর পুনরাবৃত্ত ব্যবহার করে বিভ্রান্তিকর বয়ানকে সমর্থন করতে দেখা গেছে। রাজনৈতিক অপতথ্যের ক্ষেত্রে প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমের নামে ভুয়া উদ্ধৃতি ও মিথ্যা প্রতিবেদন প্রচারে গ্রাফিক কার্ডের ব্যবহার এখনো চলছে।
এআই সংশ্লিষ্ট অপতথ্যের সংখ্যা অবশ্য কমেছে। সংগৃহীত তথ্যে জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে এআই সংশ্লিষ্ট ১৬৩টি স্বতন্ত্র দাবি শনাক্ত করা হয়েছে। এপ্রিল–জুন প্রান্তিকে এ সংখ্যা ছিল ১৯১টি।
এ প্রান্তিকের উদাহরণগুলো দেখায়, এআইয়ের ব্যবহার কোনো একটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না। রাজনৈতিক ছবি তৈরি, খেলাধুলার ঘটনা নিয়ে মিথ্যা দৃশ্য এবং প্রাকৃতিক দুর্যোগের কাল্পনিক দৃশ্য তৈরিতে এআই ব্যবহার করা হয়েছে।

