তাসনিম তাবাস্সুম মুনমুন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
দেশে মানুষের নিরাপত্তা নেই- এমন দাবি প্রমাণে ব্যবহার হচ্ছে ভারতের ভিডিও

দেশে মানুষের নিরাপত্তা নেই- এমন দাবি প্রমাণে ব্যবহার হচ্ছে ভারতের ভিডিও

তাসনিম তাবাস্সুম মুনমুন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

এক শিশুসহ রাস্তায় হেঁটে যাচ্ছেন এক নারী। হঠাৎ অস্ত্র হাতে কয়েক ব্যক্তি এগিয়ে এসে ওই নারীর ওপর হামলা চালায়। সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আর সে দৃশ্য প্রচার করে দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ জানানো হয়েছে ঢাকা ইনসাইডার নামের একটি ফেসবুক পেজ থেকে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ঘটনাটি বাংলাদেশের নয়, ভারতের মহারাষ্ট্রের। 

গত ৮ জুলাই ঢাকা ইনসাইডারের ফেসবুক পেজ থেকে ৩১ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যায়, অস্ত্র হাতে কয়েক যুবক এক নারীর ওপর হামলা চালাচ্ছে। ক্যাপশনে লেখা, “দেশের মানুষের আজ কোনো নিরাপত্তা নাই”। পোস্টটি এ পর্যন্ত ৬৩ বার শেয়ার করা হয়েছে। ভিডিওটি দেখা হয়েছে সাড়ে তিন হাজারের বেশি বার। মন্তব্যে একজন লিখেছেন, “হারে বাংলাদেশ হারে মানুষ হারে সরকার বিচার আল্লাহ করুন হে আল্লাহ” (বানান অপরিবর্তিত)। 

দেশে মানুষের নিরাপত্তা নেই- এমন দাবি প্রমাণে ব্যবহার হচ্ছে ভারতের ভিডিও
ভুয়া দাবিতে ছড়িয়ে পড়া পোস্টের স্ক্রিনশট।

একই ক্যাপশনব্যবহার করে ঢাকা ইনসাইডার ভিডিওটি ফেসবুকে একাধিক পাবলিক গ্রুপ যেমন সাপোর্টার্স অব বাংলাদেশ আওয়ামী লীগ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী প্রজন্ম লীগ পেজে ছড়িয়ে দিয়েছে। 

কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদন (,) সামনে আসে। মহারাষ্ট্রের সংবাদপত্র লোকমত-এর ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি সংবাদ পাওয়া যায়। প্রতিবেদনে থাকা ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্য পুরোপুরি মিলে যায়। 

দেশে মানুষের নিরাপত্তা নেই- এমন দাবি প্রমাণে ব্যবহার হচ্ছে ভারতের ভিডিও
মূল ঘটনা নিয়ে ভারতভিত্তিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট।

সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, পুরোনো বিরোধকে কেন্দ্র করে মহারাষ্ট্রের লাতুর শহরে গত ১৯ জুন হামলার এই ঘটনা ঘটে। থানায় দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করতে ৯ সদস্যের এক ‘কয়তা গ্যাং’ শহরের ভাসওয়াড়ি এলাকার সবজি বাজারে একটি পরিবারের ওপর প্রাণঘাতী এই হামলা চালায়। এতে স্বামী, স্ত্রী ও তাদের ছেলে গুরুতর আহত হন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

অর্থাৎ, দেশের মানুষের কোনো নিরাপত্তা নেই- দাবিতে প্রচারিত ভিডিওটি ভারতের মহারাষ্ট্রের।  

প্রসঙ্গত, ভারতের ভিডিও প্রচার করে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন তোলার ঘটনা এর আগেও দেখা গেছে। এ সংক্রান্ত একাধিক দাবিতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টের ফ্যাক্টচেক প্রতিবেদন (,) প্রকাশ করেছে ডিসমিসল্যাব।

আরো কিছু লেখা