নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
ফ্যাক্টচেক দাবি বাংলাদেশে কন্যারা অনিরাপদ, দৃশ্যটি কলকাতার কিশোরীর মরদেহ উদ্ধারের

ভারতের ভিডিও প্রচার করে বাংলাদেশকে অনিরাপদ বলে দাবি করা হচ্ছে ফেসবুকে

নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

বাংলাদেশে ধর্ষণ থেমে নেই, কন্যা সন্তানের জন্য বাংলাদেশ অনিরাপদ- দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ঘটনাটি বাংলাদেশের নয়, ভারতের পশ্চিমবঙ্গে। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যমতে, গত ৫ জুলাই সকালে কলকাতার দক্ষিণ ২৪ পরগনার সূর্যপুর হাট এলাকায় কিশোরীর মরদেহ উদ্ধার হয়। প্রচারিত ভিডিও মরদেহ উদ্ধারের দৃশ্যের।

ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ৬ জুলাই ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “কোন পথে বাংলাদেশ?? ধর্ষন থেমে নাই,কন্যা সন্তানের জন্য আজ বাংলাদেশ চরম অনিরাপদ,বারুইপুরে না*বালিকা কে ধ*র্ষণ করে খু*ন।” ২৪ সেকেন্ডের ভিডিওতে একটি পুকুরের পাশে বেশ কয়েকজন ব্যক্তিকে এক কিশোরীকে কোলে করে নিয়ে যেতে দেখা যায়।

এই প্রতিবেদন প্রকাশিত হবার আগ পর্যন্ত, এই ভিডিও ৬ হাজার বারের বেশি দেখা হয়েছে এবং ১০৪ বার শেয়ার করা হয়েছে। ফেসবুকের একাধিক ব্যক্তিগত প্রোফাইল (, , ) থেকে একই দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়।

ফ্যাক্টচেক দাবি বাংলাদেশে কন্যারা অনিরাপদ, দৃশ্যটি কলকাতার কিশোরীর মরদেহ উদ্ধারের
ভুয়া দাবিতে ছড়ানো ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

সত্যতা যাচাইয়ে ভিডিও থেকে একাধিক কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ যাচাই করে দেখে ডিসমিসল্যাব। যাচাইয়ে ‘ডিএনএ বাংলা ২৪x৭’ নামের একটি ফেসবুক পেজে গত ৫ জুলাই প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। পেজটি নিজেদের সংবাদমাধ্যম হিসেবে পরিচয় দেয়। পোস্টের ক্যাপশনে এক অংশে লেখা, “রণক্ষেত্র বারুইপুর | ১২ বছরের নাবালিকার দে**হ উদ্ধারে উত্তাল বারুইপুর | মোতায়েন বিশাল পুলিশ বাহিনী ঘর থেকে খাবার কিনতে বেরিয়ে আর বাড়ি ফেরা হয়নি ১২ বছরের এক নাবালিকার। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের সূর্যপুর হাট এলাকায় পুকুর থেকে উদ্ধার হয়েছে তার দে**হ।” এই ভিডিওটির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের হুবহু সাদৃশ্য পাওয়া যায়। দুই ক্ষেত্রেই উদ্ধারকারী ব্যক্তিদের পোশাকে মিল পাওয়া যায়।

অধিকতর যাচাইয়ে প্রতিবেদন থেকে বিভিন্ন প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে দেখে ডিসমিসল্যাব। যাচাইয়ে একাধিক ভারত-ভিত্তিক সংবাদমাধ্যমে (, , , ) ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হতে দেখা যায়। এই সময় গত ৫ জুলাইয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, “এক ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর এলাকায়। বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুর থেকে দেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ।”

ফ্যাক্টচেক দাবি বাংলাদেশে কন্যারা অনিরাপদ, দৃশ্যটি কলকাতার কিশোরীর মরদেহ উদ্ধারের
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের স্ক্রিনশট।

অর্থাৎ, বাংলাদেশকে অনিরাপদ দেখিয়ে প্রচার করা ভিডিওটি ভারতের পশ্চিমবঙ্গে এক কিশোরী হত্যার ঘটনা।

আরো কিছু লেখা