এনসিপির বিক্ষোভ সমাবেশ জনশূন্য, এমন দাবিতে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি সম্পাদিত। মূল সমাবেশের ভিডিও থেকে দর্শক সারির অংশ বাদ দিয়ে, সমাবেশ শুরুর পূর্বে প্রস্তুতি চলাকালীন খালি চেয়ারের ফুটেজ যুক্ত করে এনসিপির সমাবেশকে ‘জনশূন্য’ হিসেবে বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে।
গত ৩০ অক্টোবর ‘‘প্রথম ঢাকা Prothom Dhaka’’ নামের একটি ফেসবুক পেজ থেকে ২৯ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, “কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এনসিপির বিক্ষোভ সমাবেশে জনশূন্য।” ভিডিওর প্রথম অংশে মঞ্চে এনসিপির কেন্দ্রীয় নেতাদের জাতীয় সংগীত গাইতে দেখা যায়। পরবর্তী অংশে দর্শক সারিতে অনেকগুলো খালি চেয়ার দেখা যায়। এ প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ভিডিওটি প্রায় ৫৮ লাখ বার দেখা হয়েছে এবং ২১ হাজার বারের বেশি শেয়ার করা হয়েছে।
ফেসবুকে একাধিক প্রোফাইল (১, ২, ৩) থেকেও ভিডিওটি ছড়াতে দেখা গেছে।
অনুসন্ধানে ভিডিও থেকে কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে অনলাইন সংবাদমাধ্যম বার্তা বাজারের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। গত ৩০ অক্টোবর প্রকাশিত “জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এনসিপির গণবিক্ষোভ সমাবেশের শুরু” শিরোনামের ভিডিওটির শুরু থেকে ৫৩ সেকেন্ড পর্যন্ত এনসিপি নেতাদের জাতীয় সংগীত গাইতে দেখা যায়। এর পরের অংশে দর্শক সারিতে মানুষের উপস্থিতি দৃশ্যমান হয়।
একই দিনে তালাশ টিভি নামের ফেসবুক পেজে “দুই মন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবিতে মাঠে নামছে এনসিপি” শিরোনামে প্রকাশিত আরেকটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওর ধারাভাষ্যে বলা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও জননিরাপত্তাহীনতাসহ নানা ইস্যুতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এনসিপির গণবিক্ষোভ অনুষ্ঠিত হবে। ভিডিওতে এনসিপির সমাবেশ শুরুর আগের দৃশ্যে সবুজ ও বাদামি রঙের খালি চেয়ার দেখতে পাওয়া যায়। এই দৃশ্যের সঙ্গে সম্পাদিত ভিডিওর খালি চেয়ারের দৃশ্যের মিল রয়েছে।

অর্থাৎ, এনসিপির বিক্ষোভ সমাবেশের ফুটেজ থেকে উপস্থিত মানুষের দৃশ্য বাদ দিয়ে, সমাবেশ শুরুর আগের প্রস্তুতি ও খালি চেয়ারের ফুটেজ জোড়া লাগিয়ে সমাবেশটি ‘জনশূন্য’ বলে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

