তাসনিম তাবাস্সুম মুনমুন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
এইচএসসি পরীক্ষায় পাসের হার নিয়ে ছড়ানো তথ্যটি ভুয়া

এইচএসসি পরীক্ষায় পাসের হার নিয়ে ছড়ানো তথ্যটি ভুয়া

তাসনিম তাবাস্সুম মুনমুন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রসঙ্গে সম্প্রতি ফেসবুকে সময় টিভির লোগোযুক্ত একটি ছবি ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩%। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ছবিটি সম্পাদিত। এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল এখনো প্রকাশিত হয়নি।

একটি ফেসবুক প্রোফাইল থেকে গত ২৮ অক্টোবর একটি ছবি পোস্ট করা হয়। তাতে সময় টিভির লোগোযুক্ত টেলিভিশন সম্প্রচারের একটি টিকার ভাসতে দেখা যায়। এতে সর্বশেষ সংবাদ হিসেবে লেখা, “আগামী ৩১শে অক্টোবর এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পাশের হার ৫৩.২৩%।” পোস্টে লেখা, “২০২৬ HSC পাশের হার ৫৩.২৩%” (ভাষা অপরিবর্তিত)। পোস্টের ক্যাপশনে ২০২১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত এইচএসসি পরীক্ষার ফলাফল উল্লেখ করে ক্রম অবনতির কথা বলা হয়েছে। 

এইচএসসি পরীক্ষায় পাসের হার নিয়ে ছড়ানো তথ্যটি ভুয়া
এইচএসসি পরীক্ষায় পাসের হার নিয়ে ভুয়া দাবিতে প্রচারিত পোস্টের স্ক্রিনশট

পোস্টটিতে আড়াইশর বেশি প্রতিক্রিয়া দেখা গেছে। মন্তব্যে একজন লিখেছেন, “অথেন্টিক রেজাল্ট করলে এতগুলোও পাস করবে না, আরও কমবে পোলাপানের পড়াশুনার যে অবস্থা। ফাঁকা খাতা জমা দিয়ে ফেল করে আন্দোলন করবে পাস করায় দাও। জোড়া তালি দিয়ে দিয়ে ৫৩ বানাইছে।”

এ বছরের ফলাফল দাবি করে পোস্ট করা হয়েছে একাধিক ফেসবুক গ্রুপ (১, ২) ও পেজ (১, ২, ৩, ৪) থেকেও। সময় টিভির বরাতে (১, ২, ৩, ৪) এই দাবি ছড়িয়ে পড়েছে এসব পেজ ও গ্রুপে। এর মধ্যে একটি পোস্ট ৭০ বারের বেশি শেয়ার হয়েছে। 

এইচএসসি পরীক্ষায় পাসের হার নিয়ে ছড়ানো তথ্যটি ভুয়া
ভুয়া দাবিতে প্রচারিত পোস্টের স্ক্রিনশট

ছবিটি পর্যবেক্ষণ করে ডিসমিসল্যাব ছবিতে বেশ কিছু অসংগতি লক্ষ্য করে। ছবিতে দৃশ্যমান একই বাক্যে একাধিক ফন্টের ব্যবহার দেখা যায়। তাছাড়া ‘অক্টোবর’ লেখার যুক্তবর্ণের অংশটি কিছুটা বিকৃত ও অস্পষ্ট দেখা যায়। সময় টিভির অ্যাসাইনমেন্ট এডিটর আফজাল হোসেন ডিসমিসল্যাবকে জানিয়েছেন, ছবিটি ভুয়া। 

তাছাড়া এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল এখনো প্রকাশিত হয়নি। গত ২৪ অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা জানানো হলেও পরে তা পিছিয়ে ৩১ অক্টোবর করা হয়।

অর্থাৎ, সম্পাদিত ছবি ব্যবহার করে এইচএসসি পরীক্ষায় পাসের হার নিয়ে সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে।  

আরো কিছু লেখা