লেবাননের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলার খবর নিয়ে একটি ফটোকার্ড প্রকাশ করেছে সংবাদমাধ্যম ডিবিসি নিউজ। তবে ফটোকার্ডে যে ছবিটি ব্যবহার করা হয়েছে সেটি লেবাননের নয়। ডিসমিসল্যাবের ফ্যাক্টচেক দেখা গেছে, এটি ২০২৪ সালে গাজার বেইত লাহিয়ায় ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া একটি ভবনের ছবি।
ডিবিসি নিউজের একটি অফিসিয়াল ফেসবুক পেজে গত ৮ সেপ্টেম্বর একটি ফটোকার্ড প্রকাশ করা হয়। এতে লেখা ছিল, “ইসরায়েলি হামলায় লেবাননে প্রায় ৮০০ শিশু নিহত, বাস্তুচ্যুত ৩ লক্ষ ৬০ হাজার শিশু।” ফটোকার্ডে ব্যবহৃত ছবিতে ধ্বংসস্তূপে পরিণত একটি ভবনের ওপর আহত এক ব্যক্তিকে বসে থাকতে দেখা যায়। তার পেছনে কয়েকজন নারী ও শিশু। ছবির সূত্র হিসেবে তারা তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির নাম উল্লেখ করেছে।

ছবিটির সূত্র যাচাই করতে রিভার্স ইমেজ সার্চ করলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে ২০২৪ সালের ৩০ অক্টোবরে প্রকাশিত একটি প্রতিবেদন সামনে আসে। ওই প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ডিবিসি নিউজ ডেইলির ফটোকার্ডে ব্যবহৃত ছবিটির হুবহু মিল পাওয়া যায়।
দ্য গার্ডিয়ানের ছবির বর্ণনায় বলা হয়, গাজার বেইত লাহিয়ায় ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া একটি ভবনের ধ্বংসস্তূপের ওপর একজন আহত ব্যক্তি বসে আছেন। ছবির সূত্র হিসেবে বার্তাসংস্থা এএফপিকে উল্লেখ করা হয়।

২০২৪ সালের ২৯ অক্টোবরে ব্রিটিশ গণমাধ্যম মিডল ইস্ট আই-এ প্রকাশিত একটি প্রতিবেদনেও একই ছবি ব্যবহার করা হয়। ছবির বিবরণে এটিকে ২৯ অক্টোবরে বেইত লাহিয়ায় হওয়া হামলায় ধসে যাওয়া ভবনের একটি দৃশ্য বলে উল্লেখ করা হয়। এই প্রতিবেদনেও ছবির সূত্র হিসেবে এএফপিকে উল্লেখ করা হয়েছে।
অর্থাৎ, ডিবিসি নিউজের ৮ সেপ্টেম্বর-এ লেবাননের ঘটনায় পোস্ট করা ফটোকার্ডে যে ছবি ব্যবহার করা হয়েছে, সেটি প্রায় দুই বছর আগে গাজার বেইত লাহিয়ায় ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া একটি ভবনের ছবি।
প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর (২০২৬) লেবাননে ইসরায়েলি হামলার ঘটনা ঘটে। বার্তাসংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবার ভোরে দক্ষিণ লেবাননের একটি শহরে ইসরায়েলি হামলায় দুই শিশুসহ অন্তত ১২ জন নিহত হন। সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে ওই দিনটি ছিল ইসরায়েলি বোমা হামলায় লেবাননে প্রাণহানির দিক থেকে অন্যতম ভয়াবহ দিন।

