সুদেষ্ণা মহাজন অর্পা

রিসার্চ অ্যাসোসিয়েট, ডিসমিসল্যাব
Spanish protest photo falsely shared as an anti-Modi rally in India.

ভারতের মোদি বিরোধী আন্দোলন বলে ছড়াচ্ছে স্পেনের ছবি

সুদেষ্ণা মহাজন অর্পা

রিসার্চ অ্যাসোসিয়েট, ডিসমিসল্যাব

ফেসবুকে একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ ঘটাতে আবার দেশটিতে মোদি বিরোধী আন্দোলন শুরু করেছে জনগণ। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, প্রচারিত ছবিটি ভারতের নয় বরং স্পেনের একটি প্রতিবাদ কর্মসূচির।

ফেসবুকের একটি গ্রুপ থেকে গত ৮ অক্টোবর ছবিটি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা, “ইন্ডিয়াতে আবার মোদি বিরোধী আনদোলন।এবার মোদিকে পদত্যাগে বাধ্য করবে জনগণ।” (বানান অপরিবর্তিত)। প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি দেড়শর বেশি শেয়ার হয়েছে। প্রতিক্রিয়া পড়েছে হাজারের বেশি। পোস্টটির কমেন্টে দেখা যায় অনেকেই ছবিটিকে ভারতের আন্দোলনের দৃশ্য বলে ধরে নিয়েছেন। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “মোদির পদত্যাগ চাই ইনসআল্লাহ”। আরেক ব্যবহারকারী লিখেছেন, “বিশ্ববাসীও চায় অবৈধ উপায়ে ক্ষমতায় এসে বিজেপির দুঃশাসন ও অসভ্যতা থেকে শান্তিপ্রিয় ভারতবাসী মুক্তি পেয়ে যাক।” 

ছবিটিতে দেখা যায়, রাস্তায় অসংখ্য মানুষের জমায়েত। সেখানে সাদা ব্যানার সদৃশ্য একটি অংশে লেখা, “PEDRO SÁNCHEZ A PRISIÓN”। এছাড়া আন্দোলনে স্থানের আশেপাশে একাধিক স্থাপনা দৃশ্যমান। উপস্থিত অনেক ব্যক্তিকে লাল এবং হলুদ রঙের পতাকা উঁচিয়ে ধরতে দেখা যায়। 

ফেসবুকের একাধিক ব্যক্তিগত প্রোফাইল (১, ২) এবং একটি পেজ থেকেও একই দাবিতে ছবিটি পোস্ট করা হয়। 

অনুসন্ধানে ছবিটি রিভার্স ইমেজ সার্চ করলে স্পেনের গনমাধ্যম এল মুন্দো (El Mundo) এর ২০২৬ সালের ৩ সেপ্টেম্বর প্রকাশিত একটি  ভিডিও প্রতিবেদন ডিসমিসল্যাবের সামনে আসে। প্রতিবেদনটির শিরোনাম ছিল স্প্যানিশ ভাষা থেকে বাংলায় অনুবাদ করলে দাঁড়ায় , “সিবেলা সেউতার সমর্থনে লোকারণ্য। স্বায়ত্তশাসিত এই শহরের সমর্থনে আয়োজিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে মাদ্রিদের কেন্দ্রস্থলে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। আকাশ থেকে এই জনসমুদ্রের কোনো একটি অংশকে ঠিক এমন দেখাচ্ছে।”  ১১ সেকেন্ডের ভিডিও প্রতিবেদনের ০৯ সেকেন্ড অংশের সঙ্গে প্রচারিত ছবিটির হুবহু মিল পাওয়া যায়।

Spanish protest photo falsely shared as an anti-Modi rally in India.
প্রকৃত ঘটনা নিয়ে স্পেনভিত্তিক সংবাদমাধ্যম ‘এল মুন্দো’তে প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট।

বিস্তারিত জানতে প্রাসঙ্গিক কিওয়ার্ড দিয়ে সার্চ করে দেখে ডিসমিসল্যাব। একাধিক সংবাদমাধ্যম ও সংবাদসংস্থায় (১, ২, ৩, ৪)  ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। 

বিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, গত ২ সেপ্টেম্বর মাদ্রিদ সিটি স্কয়ারে স্পেনের অধীনস্থ ভূখণ্ড সেউতায় ছিটমহলে হাজার হাজার অভিবাসীর প্রবেশের ঘটনাকে নিয়ে সরকারের বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। মানুষ সেউতার বাসিন্দাদের সমর্থনে রাস্তায় নেমেছে। স্পেনের বিরোধী দলগুলো প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের বিরুদ্ধে সেউতার বাসিন্দাদের বের করার অভিযোগ তুলেছে, অন্যদিকে সরকারের দাবি ডানপন্থী দলগুলো এই সংকটকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। 

Spanish protest photo falsely shared as an anti-Modi rally in India.
একাধিক গণমাধ্যমে মাদ্রিদে, সেউতা অভিবাসী সংকটের ঘটনায় আন্দোলনের ব্যাপারে বিস্তারিত জানিয়ে প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট।

অর্থাৎ প্রচারিত ছবিটি ভারতের মোদি বিরোধী কোনো আন্দোলনের নয় বরং স্পেনের সেউতায় অভিবাসী সংকটের ঘটনায় আন্দোলনের একটি ছবি।

প্রসঙ্গত, ভারতের ভোটার তালিকা সংশোধন বিতর্কের জেরে দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছে জেন-জি নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এরই ধারাবাহিকতায় আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ঘোষণা দিয়েছে দলটি।

আরো কিছু লেখা