প্রয়াত অভিনেতা সোহেল খানের জানাজায় তার মেয়ের বক্তব্যের দৃশ্য দাবিতে একটি ভিডিও ছড়িয়েছে ইউটিউবে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে, তিনি ভিন্ন ব্যক্তি। গত ২৪ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামিল ফোরকানের মরদেহের সামনে কথা বলছিলেন তার মেয়ে।
‘সিনে ফিভার বাংলা’ (Cine Fever Bangla) নামের একটি ইউটিউব চ্যানেল থেকে গত ২৫ নভেম্বর ২ মিনিট ৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটির বর্ণনায় লেখা ছিল, “অভিনেতা সোহেল খানের জানাজায় তার মেয়ে এসব কি বলছে দেখুন ভিডিওতে!” ভিডিওতে একজন নারীকে আবেগপ্রবণ হয়ে তার বাবার উদ্দেশ্যে কথা বলতে দেখা যায়। স্ক্রিনে পাশেই প্রয়াত অভিনেতা সোহেল খানের ছবি দেখানো হয়েছে। ভিডিওর ভয়েস ওভারেও ওই নারীকে অভিনেতা সোহেল খানের মেয়ে বলে দাবি করা হয়। এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ভিডিওটি প্রায় ৩ লাখ ৯০ হাজার বার দেখা হয়েছে।
একই দাবিতে ভিডিওটি আরও দুটি (১, ২ ) ইউটিউব চ্যানেলেও পোস্ট করা হয়।

সত্যতা যাচাইয়ে অনুসন্ধান করে ফেসবুকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক শেখ আদনান ফাহাদের একটি পোস্ট পাওয়া যায়। গত ২৫ নভেম্বর ছড়িয়ে পড়া ভিডিওটির স্ক্রিনশট পোস্ট করে তিনি লেখেন, “এই নারীকে চিনতে পারছেন? তিনি ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগর সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সদ্য প্রয়াত জামিল ফোরকানের কন্যা। বাবার লাশের সামনে দাঁড়িয়ে সব কষ্ট চেপে অত্যন্ত বলিষ্ঠভাবে বাবার স্বপ্ন পূরণের কথা বলছিলেন।”
এ বিষয়ে শেখ আদনান ফাহাদের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি ডিসমিসল্যাবকে মূল ভিডিও ফুটেজটির সন্ধান দেন। ‘স্টুডেন্টস অব সরাইল গভর্নমেন্ট কলেজ’ নামের একটি ফেসবুক গ্রুপে গত ২৪ নভেম্বর পোস্ট হওয়া ভিডিওটির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর হুবহু মিল পাওয়া যায়। পোস্টে লেখা ছিল, “পিতার শেষ বিদায়ে মেয়ের বলা শেষ কথা, এ দৃশ্য দেখে চোখে পানি চলে আসলো, ওপারে ভালো থাকবেন স্যার জনাব জামিল ফোরকান।”

কিওয়ার্ড সার্চে সংবাদমাধ্যম নয়া দিগন্তে একটি প্রতিবেদন পাওয়া যায়। ২৫ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, “নাসিরনগর সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: জামিল ফোরকান (বাংলা স্যার) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল সকালে হঠাৎ অসুস্থ হলে তাকে হাসপাতালে জরুরি বিভাগে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
শেখ আদনান ফাহাদের পোস্টে মোজাম্মেল পাঠান নামের এক ব্যক্তিকে ট্যাগ করা হয়েছিল। বিস্তারিত যাচাইয়ে তার সঙ্গে যোগাযোগ করে ডিসমিসল্যাব। নিজেকে প্রয়াত জামিল ফোরকানের প্রতিবেশী ও বন্ধু পরিচয় দেওয়া মোজাম্মেল পাঠান বলেছেন, ভিডিওটির নারী জামিল ফোরকানের মেয়ে। সরাইল সরকারি কলেজের একাধিক সাবেক শিক্ষার্থীর সঙ্গেও কথা বলে ডিসমিসল্যাব। তাদের ভাষ্য, অধ্যক্ষ জামিল ফোরকান ওই কলেজে অতিথি শিক্ষক হিসেবে ক্লাস নিতেন। তারাও ভিডিওতে থাকা নারীকে অধ্যক্ষ জামিল ফোরকানের মেয়ে বলে নিশ্চিত করেছেন।
অর্থাৎ, ছড়িয়ে পড়া ভিডিওটি অভিনেতা সোহেল খানের মেয়ের বক্তব্যের দৃশ্য নয়। এটি নাসিরনগর সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামিল ফোরকানের মেয়ের বক্তব্যের ভিডিও।

