মোহাম্মদ আল মুকিত

ফেলো, ডিসমিসল্যাব
প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করে ‘যানজট বেড়েছে’ দাবিতে প্রচার

প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করে ‘যানজট বেড়েছে’ দাবিতে প্রচার

মোহাম্মদ আল মুকিত

ফেলো, ডিসমিসল্যাব

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া একটি বক্তব্যের ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, ঢাকায় যানজট ৪ থেকে বেড়ে ১১ কিলোমিটার হওয়ার পরও তিনি পরিস্থিতি উন্নত হয়েছে বলে মন্তব্য করেছেন। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, দাবিটি মিথ্যা। গত ১৮ নভেম্বর  সংসদে দেওয়া বক্তব্যে রাজধানীতে যানবাহনের গতি ঘণ্টায় ৪ কিলোমিটার থেকে বেড়ে প্রায় ১১ কিলোমিটারে দাঁড়িয়েছে বলে জানিয়েছিলেন তিনি। তার মূল বক্তব্যের কিছু অংশ সম্পাদনার মাধ্যমে বাদ দিয়ে বিভ্রান্তিকর ভিডিওটি ছড়ানো হচ্ছে।

ফেসবুকে ‘উৎপল কর’ নামের একটি প্রোফাইল থেকে গত ২০ নভেম্বর ১৬ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওর ওপর লেখা ছিল, “আওয়ামী লীগ যানজট ছিল ৪ কি. কি., সেটি এখন ১১ কি. মি. হয়েছে।” পোস্টের ক্যাপশনে লেখা হয়, “যানজট ৪ কি.মি. থেকে ১১ কি.মি. হয়েছে। পরিস্হিতি নাকি ধীরে ধীরে উন্নত হচ্ছে। আমি বুঝি নাই সে আসলে কি বুঝাইলো। কেউ বুঝলে আমারে একটু বুঝাইয়েন। এইরকম একজন লোক আমরার দেশের প্রধানমন্ত্রী। আহারে কপাল! এক জুলাই দেশটারে কই নিয়া গেছে। (বানান অপরিবর্তিত)”

ছড়িয়ে পড়া ভিডিওতে প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, “পলাতক স্বৈরাচারের সময় যেই যানজট ছিল চার কিলোমিটার, এটি এখন প্রায় বৃদ্ধি পেয়ে ১১ কিলোমিটারে দাঁড়িয়েছে। অর্থাৎ, আগের চেয়ে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে।” 

প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ভিডিওটি প্রায় আড়াই লাখ বার দেখা হয়েছে এবং এক হাজার বার শেয়ার হয়েছে। 

ফেসবুকের একাধিক প্রোফাইল ও পেজ থেকেও (১, ২) একই দাবিতে ভিডিওটি পোস্ট হতে দেখা গেছে।

যাচাইয়ে গত ১৮ নভেম্বর বাংলাদেশ জাতীয় সংসদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওর শিরোনাম থেকে জানা যায়, এটি ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ভিডিও। ৫৫ মিনিট ১০ সেকেন্ডের ওই ভিডিওর ১৯ মিনিট ১৯ সেকেন্ডের পর তারেক রহমানকে বলতে শোনা যায়, “মাননীয় স্পিকার, আপনি জানলে খুশি হবেন, পলাতক স্বৈরাচারের সময় যেই যানজট বা যেই যানের বিভিন্ন গাড়ির গতি যেটি ছিল চার কিলোমিটার, এটি এখন প্রায় বৃদ্ধি পেয়ে ১১ কিলোমিটারে দাঁড়িয়েছে। অর্থাৎ, আগের চেয়ে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, মাননীয় স্পিকার।”

প্রধানমন্ত্রী শুরুতে ‘যানজট’ শব্দটি উচ্চারণ করলেও পরে তা সংশোধন করে ‘বা যেই যানের বিভিন্ন গাড়ির গতি যেটি’ বলে বক্তব্যটি স্পষ্ট করেছিলেন। কিন্তু ছড়িয়ে পড়া ভিডিওতে এই অংশ সম্পাদনার মাধ্যমে বাদ দেওয়া হয়েছে। ফলে বক্তব্যের মূল অর্থ পাল্টে গেছে।

জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর এই বক্তব্য নিয়ে সংবাদমাধ্যমে একাধিক প্রতিবেদন (১, ২) প্রকাশিত হয়েছে। গত ১৮ নভেম্বর প্রথম আলোর অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রাজধানী ঢাকায় ট্রাফিক-ব্যবস্থার উন্নতির কারণে যানবাহনের গতি ঘণ্টায় ৪ কিলোমিটার থেকে বেড়ে প্রায় ১১ কিলোমিটারে দাঁড়িয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশ জাতীয় সংসদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিও ও প্রথম আলোর অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট

অর্থাৎ, জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যের ভিডিওর একাংশ সম্পাদনার মাধ্যমে বাদ দিয়ে যানজট বৃদ্ধির মিথ্যা দাবিতে প্রচার করা হচ্ছে।

আরো কিছু লেখা