সুদেষ্ণা মহাজন অর্পা

রিসার্চ অ্যাসোসিয়েট, ডিসমিসল্যাব
Viral convoy video falsely claimed to show Sheikh Hasina leaving an emergency meeting in India.

শেখ হাসিনার বৈঠক শেষের দৃশ্য দাবিতে ছড়ানো ভিডিওটি ছিল থালাপতি বিজয়ের

সুদেষ্ণা মহাজন অর্পা

রিসার্চ অ্যাসোসিয়েট, ডিসমিসল্যাব

ফেসবুকে সম্প্রতি একটি গাড়িবহরের ভিডিও পোস্ট করে দাবি করা হয়েছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের নেতাকর্মী এবং ভারতের নিরাপত্তা বাহিনীর কমান্ডারদের সাথে জরুরি বৈঠক শেষ করেছেন। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, প্রচারিত দাবিটি ভুয়া। মূল ভিডিওটি ভারতের তামিলনাড়ুর সচিবালয় থেকে মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের বের হওয়ার দৃশ্য।

ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ২৪ নভেম্বর ২৮ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, নিরাপত্তারক্ষীদের পাহারায় একটি গাড়িবহর বেরিয়ে যাচ্ছে। ক্যাপশনে পোস্টদাতা লিখেছেন, “ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও ভারতের নিরাপত্তা বাহিনীর কমান্ডারদের সাথে জরুরী বৈঠক শেষ করলেন (লেখা অপরিবর্তিত)।”

এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ভিডিওটি ৩৫ হাজারের বেশিবার দেখা হয়েছে। ভিডিওতে প্রতিক্রিয়া ছিল সাত শতাধিক।

ফেসবুকের একাধিক ব্যক্তিগত প্রোফাইল, পেজ এবং গ্রুপ (১, ২, ৩, ৪, ৫, ৬, ৭) থেকে একই দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়।

সত্যতা যাচাইয়ে ভিডিও থেকে একাধিক কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে দেখে ডিসমিসল্যাব। এতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের কাডালুর জোনের (TVK SOCIAL MEDIA WING CUDDALORE ZONAL) ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গত ৮ জুন পোস্ট করা একটি ভিডিও পাওয়া যায়। ২২ সেকেন্ডের ভিডিওটির সঙ্গে প্রচারিত ভিডিওর দৃশ্যপটের মিল পাওয়া যায়। পোস্টের বর্ণনার লেখা অনুবাদ করলে দাঁড়ায়, “তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের সচিবালয় ত্যাগের সাম্প্রতিক ভিডিও✅।” ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বায়ো পর্যবেক্ষণ করে দেখা যায় সেখানে “দাভেকা (তামিলাগা ভেটরি কাজাগাম, টিভিকে) সোশ্যাল মিডিয়া টিম” “কাডাকুর জোনাল কোঅর্ডিনেটর (কুড্ডালোর, ভিলুপুরম, কাল্লাকুরিচি, আরিয়ালুর)” ইত্যাদি লেখা আছে।

Viral convoy video falsely claimed to show Sheikh Hasina leaving an emergency meeting in India.
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট আসল ভিডিও এবং অ্যাকাউন্টের বায়োর স্ক্রিনশট।

বিস্তারিত যাচাইয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড দিয়ে সার্চ করলে একই স্থানের কয়েকটি ভিডিও পাওয়া যায় (১, ২, ৩, ৪, ৫)। ভিডিওতে দেখা যাচ্ছে, বিভিন্ন সময় সি জোসেফ বিজয় (থালাপতি বিজয়) তার গাড়িবহর নিয়ে তামিলনাড়ুর সচিবালয় ত্যাগ করছেন।

অর্থাৎ, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে জরুরি বৈঠক সেরেছেন দাবিতে প্রচারিত ভিডিও ভুয়া। মূল ভিডিওটি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের গাড়িবহর নিয়ে সচিবালয় থেকে বের হওয়ার ফুটেজ।

আরো কিছু লেখা