মোহাম্মদ আল মুকিত

ফেলো, ডিসমিসল্যাব
আবু সাঈদের কবরে হামলার ছবিটি এআই দিয়ে তৈরি

আবু সাঈদের কবরে হামলার ছবিটি এআই দিয়ে তৈরি

মোহাম্মদ আল মুকিত

ফেলো, ডিসমিসল্যাব

চব্বিশের গণ-অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের কবরে ছাত্রলীগ ও যুবলীগ হামলা করেছে, এমন দাবিতে ফেসবুকে একটি ছবি ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। সংবাদমাধ্যমে আবু সাঈদের কবর অক্ষত থাকার সরেজমিন প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরও ভুয়া ছবিটি ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে ‘আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ’ নামের একটি প্রোফাইল থেকে গত ২৪ নভেম্বর রাত ৮টা ৪৩ মিনিটে একটি ছবি পোস্ট করা হয়। পোস্টে লেখা ছিল, “শহীদ আবু সাঈদের কবরস্থানে ন্যক্কারজনক হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা জানাচ্ছি! এই ধরণের বর্বরতা অত্যন্ত লজ্জাজনক এবং কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে অপরাধীদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।” ছবির ওপর ফটোকার্ডের ঢঙে লেখা ছিল, “২৪ শের জুলাইয়ের প্রথম শহীদ আবু সাঈদের কবরস্থানে হামলা করলো ছাত্রলীগ ও যুবলীগ।”

ছবিতে দেখা যায়, কবরসদৃশ একটি স্থানের চারদিকে চার ব্যক্তি। দুজনের হাতে লাথি, অন্য দুজনের হাতে ইট। আরবি হরফে লেখা ফলকযুক্ত ওই স্থানের ওপর ইট পড়ে আছে। ঠিক পেছনে ইটের দেওয়াল ও পাকা ভবন দৃশ্যমান।

পোস্টের মন্তব্যে অনেকে ওই ছবিকে সত্য ভেবে প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, “আঃলীগ কি জিনিস জনগণ চিনেছে কিন্তু সরকার চিনলোনা।” আবার অনেককে “আলহামদুলিল্লাহ” লিখতেও দেখা যায়। এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত পোস্টটি প্রায় দুইশ বার শেয়ার করা হয়েছে।

ফেসবুকের একাধিক প্রোফাইল ও গ্রুপ (১, ২, ৩, ৪) থেকে ছবিটি পোস্ট হতে দেখা গেছে।

সাম্প্রতিক সময়ে আবু সাঈদের কবরে কোনো হামলা হয়েছে কি না, তা জানতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে ডিসমিসল্যাব। এতে এনটিভির ইউটিউব চ্যানেলে ২৪ নভেম্বর সন্ধ্যা ৬ টা ৩৪ মিনিটে (ছড়ানো ছবিটি পোস্ট হওয়ার ২ ঘণ্টা আগে) প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। “শহীদ আবু সাঈদের কবর ও বাড়ি ভাঙচুরের গুজব ফেসবুকে, বাস্তবে মেলেনি ঘটনার সত্যতা” শিরোনামের ওই প্রতিবেদনে প্রতিবেদক জানান, সামাজিক মাধ্যমে আবু সাঈদের কবর ও পৈতৃক ভিটা ভাঙচুরের যে দাবি ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব। 

ভিডিওতে আবু সাঈদের কবর অক্ষত অবস্থায় দেখা যায়। এছাড়া তার কবরটি লাল রঙের ইট দিয়ে বাঁধানো এবং চারপাশে লোহার তারের বেষ্টনী রয়েছে। ছড়িয়ে পড়া ছবির সাদা রঙের কবর এবং পেছনের পাকা ভবনের সঙ্গে ওই স্থানের মিল নেই। ফলকের ঠিক পেছনেই কোনো দেওয়ালও নেই।
আরও একাধিক সংবাদমাধ্যমের ভিডিও প্রতিবেদনে (১, ২) আবু সাঈদের কবর অক্ষত থাকার কথা জানানো হয়েছে।

ছড়ানো ছবিটি এআই দিয়ে তৈরি কি না, তা যাচাই করতে এআই শনাক্তকারী টুল ‘সিন্থআইডি ডিটেকটর’ ব্যবহার করে ডিসমিসল্যাব। এতে জানানো হয়, ছবিতে ‘সিন্থআইডি’ শনাক্ত হয়েছে। অর্থাৎ, এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি বা সম্পাদনা করা হয়েছে।

এনটিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত প্রতিবেদন ও এআই শনাক্তকারী টুল সিন্থআইডি ডিটেকটর দিয়ে যাচাইয়ের স্ক্রিনশট

অর্থাৎ, আবু সাঈদের কবরে হামলার খবর সংবাদমাধ্যমে গুজব প্রমাণিত হওয়ার পরও এআই দিয়ে তৈরি ছবি ব্যবহার করে একই দাবি ছড়ানো হচ্ছে।

আরো কিছু লেখা