ফেসবুকে একটি পেজ থেকে চারটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, বাংলাদেশে তিনশটি হিন্দু পরিবারের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, প্রচারিত অগ্নিকাণ্ডের ভিডিওগুলো ভারত ও বাংলাদেশের একাধিক স্থানে আগুনের পুরোনো ঘটনার।
‘ছাপড়া বিজেপি এইটিটু অ্যাসেম্বলি’ (Chapra BJP 82 Assembly) নামের একটি পেজ থেকে গত ২৩ নভেম্বর চারটি ভিডিও (আর্কাইভ লিংক) পোস্ট করা হয়। পোস্টে লেখা ছিল, “বাংলাদেশের দাউ দাউ করে জ্বলছে ৩০০টি নিরীহ হিন্দু পরিবারের বাড়ি। বাংলাদেশী জি-“হাদি” জ*ঙ্গি স*ন্ত্রাস*বাদীদের নির্মম অত্যাচারে অতিষ্ঠ সেখানকার লুপ্তপ্রায় হিন্দু একটা স*ন্ত্রা-সবাদী দেশ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, তারপরেও আমাদের দেশে হিন্দুরা তথাকথিত ধর্মনিরপেক্ষতার নামে নিজেদের অস্তিত্ব বিলীন করতে তৎপর” (লেখা অপরিবর্তিত)।
প্রথম ভিডিওতে দেখা যাচ্ছে একটি স্থানে আগুন জ্বলছে এবং লোকজন নিজেদের মালামাল নিয়ে বেরিয়ে আসছে। দ্বিতীয় ভিডিওর প্রথম অংশে এক নারীকে কান্না করতে দেখা যাচ্ছে। ভিডিওর ভেতরে লেখা, “বাংলাদেশের নড়াইলে ২০০ বেশি হিন্দু ঘরবাড়ি আগুন লাগিয়ে দেয়।” তৃতীয় ভিডিও দৃশ্যে কান্নারত এক নারীর ভিডিও যুক্ত করে লেখা, “হিন্দুরা পুড়ছে বাংলাদেশে”, চতুর্থ ভিডিওতে অগ্নিকাণ্ড পরবর্তী দৃশ্যের একটি ড্রোনশট দেখা যাচ্ছে।
এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত পোস্টটি ২৫ হাজারের বেশিবার দেখা হয়েছে এবং দুইশর বেশিবার শেয়ার করা হয়েছে। ভিডিওতে প্রতিক্রিয়া ছিল ১ হাজার ৪০০ এর বেশি।
সত্যতা যাচাইয়ে প্রতিটি ভিডিও থেকে কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে দেখে ডিসমিসল্যাব। প্রথম দৃশ্যের সার্চে ভারতের অনলাইন মিডিয়া ‘লঙ্কাপাড়া টাইমস’-এ গত ২০ নভেম্বর প্রকাশিত ১ মিনিট ০২ সেকেন্ডের একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, আগুনের দৃশ্যটি ভারতের আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জ মেলায় অগ্নিকাণ্ডের ঘটনায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রতিবেদনের শেষ ৩৩ সেকেন্ড অংশের সাথে প্রচারিত ভিডিওর হুবহু মিল দেখা যায়। বিস্তারিত যাচাইয়ে কিওয়ার্ড সার্চে দেখা যায়, একাধিক সংবাদমাধ্যম ঘটনাটি নিয়ে (১, ২, ৩, ৪) প্রতিবেদন প্রকাশ করেছিল। এসব প্রতিবেদন থেকে জানা যায়, গত ২০ নভেম্বর, আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জ কালী পূজার মেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দ্বিতীয় ভিডিওটির কিফ্রেম রিভার্স ইমেজ সার্চ দেওয়ার পর প্রথম আলোতে গত ১৮ নভেম্বর প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ভিডিওর শিরোনামে লেখা, “তিল তিল করে জমানো গয়না–টাকা সবই আগুনে ছাই, মুক্তার আহাজারি থামছে না।” প্রতিবেদন থেকে জানা যায়, রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে গত ১৮ নভেম্বর আগুন লাগে। এতে জমানো অর্থ ও অলংকার পুড়ে যায় ভুক্তভোগী মুক্তা আক্তারের। প্রচারিত ভিডিওতে থাকা নারী এবং প্রতিবেদন ব্যবহৃত মুক্তা আক্তারের চেহারা এবং পোশাকে মিল রয়েছে।

তৃতীয় ভিডিওর ক্ষেত্রে রিভার্স ইমেজ সার্চে ২০২৪ সালে ৮ আগস্ট ‘দ্য টাইমস পেট্রিয়ট’ নামের একটি ফেসবুক পেজে একটি ভিডিও পায় ডিসমিসল্যাব। ভিডিওর বর্ণনার লেখা বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, “ফেসবুকে লাইভ ভিডিওতে দেখা যাচ্ছে একজন বাংলাদেশি হিন্দু নারী তার ভাঙা মন্দিরের জন্য কাঁদছেন ও চিৎকার করছেন এবং বলছেন যে তারা অসহায়। এটাই কঠিন বাস্তবতা—বিশ্বকে এটা দেখানোর জন্যই তারা লাইভে আসছেন যে বাংলাদেশে হিন্দুরা হামলার শিকার হচ্ছেন…”

৫৮ সেকেন্ডের ভিডিওর প্রথম ২৪ সেকেন্ডের সঙ্গে প্রচারিত ভিডিওর মিল রয়েছে। অর্থাৎ, এই দৃশ্য সাম্প্রতিক কোনো ঘটনার নয়। দুই বছর আগে একটি মন্দির ভাঙচুরের দাবিতেও প্রকাশিত হয়েছিল এই ভিডিও।
চতুর্থ ভিডিওটির কিফ্রেম যাচাইয়ে সংবাদমাধ্যম ‘দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসে’ গত ১৯ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনের শিরোনাম অনুবাদ করলে দাঁড়ায়, “সাততলা বস্তির আগুনে ১০০ পরিবার ক্ষতিগ্রস্ত।” এ প্রতিবেদন ব্যবহৃত ছবিটির সাথে ভিডিওর শুরুর দৃশ্যে থাকা অবকাঠামো যেমন ধ্বংসস্তূপ, গাছ, পাশে থাকা বিল্ডিংয়ের মিল পাওয়া যায়।

অর্থাৎ, প্রচারিত অগ্নিকাণ্ডের ভিডিওগুলো ভারত ও বাংলাদেশের একাধিক স্থানে আগুন ও ভাঙচুরের পুরোনো ঘটনার।

