ডিসেম্বরে দেশে ফেরার আগে দিল্লিতে নেতাদের সঙ্গে বৈঠক করছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন দাবিতে সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওতে মৃত ও কারাবন্দি একাধিক আওয়ামী লীগ নেতাকে দেখা যায়। ভিডিওটি মূলত ২০২৪ সালের ১৫ জানুয়ারি ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত একটি সভার।
“বাংলাদেশ আওয়ামী লীগ” নামের একটি ফেসবুক প্রোফাইল গত ২২ নভেম্বর ভিডিওটি পোস্ট করে। ১৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, শেখ হাসিনাকে একটি সভাকক্ষে আসন গ্রহণ করতে দেখা যায়। সামনে থাকা নেতাকর্মীরা দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করছেন। পোস্টে দাবি করা হয়, “ব্রেকিং নিউজ এই মুহূর্তের দিল্লিতে বিভিন্ন নেতাদের সাথে বৈঠকের সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই ডিসেম্বরে দেশে ফিরবেন। ✊🇧🇩❤️ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ❤️🇧🇩✊” (বানান অপরিবর্তিত)।
এ প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত ভিডিওটিতে ৭ হাজারের বেশি প্রতিক্রিয়া এসেছে। ভিডিওটি ৯০ বারের বেশি শেয়ার হয়েছে এবং ৫ লাখ ৫৬ হাজারের বেশি দেখা হয়েছে।
“নোয়াখালী জেলা আওয়ামী লীগ” নামের আরেকটি ভ্যারিফায়েড ফেসবুক পেজও একই ভিডিও পোস্ট করেছে। সে পোস্টে বলা হয়, দিল্লিতে বিভিন্ন কূটনীতিকের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তে শেখ হাসিনা অবশ্যই ডিসেম্বরে দেশে ফিরবেন।
একই দাবিতে ভিডিওটি ফেসবুকের একাধিক পেজ (১, ২) ও ব্যক্তিগত অ্যাকাউন্ট (১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ,৯, ১০) থেকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে একাধিক অসঙ্গতি লক্ষ্য করা গেছে। যেমন, ভিডিওতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ উপনেতা মতিয়া চৌধুরীকে দেখা যায়। কিন্তু তিনি ২০২৪ সালের ১৬ অক্টোবর মারা গেছেন।
এছাড়া ভিডিওতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সালমান এফ রহমান, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক খাদ্য ও কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানকে দেখা যাচ্ছে। যদিও সংবাদমাধ্যমের প্রতিবেদন (১, ২, ৩, ৪) অনুযায়ী, এই চারজনই বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে আছেন। এদের কারও পক্ষেই দিল্লিতে কোনো বৈঠক করা সম্ভব নয়।
আরও বিস্তারিত জানতে ভিডিওটির কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ডিসমিসল্যাব। এতে দ্য ডেইলি স্টারের একটি প্রতিবেদনে একই ফ্রেমের ছবি পাওয়া যায়। ২০২৪ সালের ১৫ জানুয়ারি প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম অনুবাদ করলে দাঁড়ায়, “আওয়ামী লীগের প্রতি ব্যাপক জনসমর্থনের প্রমাণ মিলেছে নির্বাচনে: প্রধানমন্ত্রী।”
একই ছবি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ইংরেজি প্রতিবেদনেও পাওয়া যায়। এই প্রতিবেদনে ওই অনুষ্ঠানের অন্য কোণ থেকে তোলা আরেকটি ছবি পাওয়া যায়। ১৫ জানুয়ারি প্রকাশিত ওই প্রতিবেদনের শিরোনামের বাংলা করলে দাঁড়ায়,”আওয়ামী লীগের বিপুল জনসমর্থনের প্রমাণ ৭ জানুয়ারির নির্বাচন: প্রধানমন্ত্রী।”
দুটি প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ১৫ জানুয়ারি ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ ও সহযোগী সংগঠনের যৌথ সভা হয়। সভায় তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বক্তব্য দেন। সে সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে কথা বলেন তিনি।
অর্থাৎ, ভিডিওটি দিল্লির নয়, ২০২৪ সালের ১৫ জানুয়ারি ঢাকায় আওয়ামী লীগের এক সভার।
এর আগেও শেখ হাসিনার ফেরার দাবি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে ডিসমিসল্যাব।




