মোহাম্মদ আল মুকিত

ফেলো, ডিসমিসল্যাব
সীমান্ত থেকে শেখ হাসিনার দেশ দেখে যাওয়ার নয়, ভিডিওটি গোপালগঞ্জের

সীমান্ত থেকে শেখ হাসিনার দেশ দেখে যাওয়ার নয়, ভিডিওটি গোপালগঞ্জের

মোহাম্মদ আল মুকিত

ফেলো, ডিসমিসল্যাব

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ দেখে গেছেন, সম্প্রতি এমন দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি ২০২৩ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাওয়ার পথের একটি ঘটনার দৃশ্য।

ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ৪ আগস্ট ২৮ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টে লেখা হয়, “আজকে যশোর বেনাপল সিমান্ত থেকে দেশ কে দেখে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব শীঘ্রই দেশরত্ন শেখ হাসিনা ভিডিও বার্তা দিবেন! প্রায় ২বছর পর নেত্রীকে দেখা গেলো সবাইকে দেখানোর দায়িত্ব আপনাদের! জয় বাংলা জয় বঙ্গবন্ধু।” (বানান অপরিবর্তিত)

বেনাপোল সীমান্তে শেখ হাসিনার দেশ দেখার দাবিতে প্রচারিত ফেসবুক ভিডিওর স্ক্রিনশট।

ভিডিওতে গাড়ি থেকে নেমে মানুষের উদ্দেশ্যে হাত নাড়াতে দেখা যায় শেখ হাসিনাকে। নিরাপত্তা বেষ্টনীর মধ্যে শুভেচ্ছা জানানোর সময় সামনের নদীতে থাকা নৌকার মাঝিদের উচ্ছ্বসিত হতে দেখা যায়। ভিডিওতে ‘জয় বাংলা’ স্লোগান দিতেও শোনা যায়। এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ভিডিওটি ৫০ হাজারের বেশি বার দেখা হয়েছে এবং প্রায় চারশ বার শেয়ার করা হয়েছে। পোস্টে ব্যবহারকারীদের ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘জয় শেখ হাসিনা’সহ আওয়ামী লীগের পক্ষে মন্তব্য করতে দেখা গেছে।

আরেকটি ব্যক্তিগত প্রোফাইল থেকে ঈষৎ সম্পাদিত ভিডিওটি পোস্ট করে লেখা, ‘‘বডারে এসে বাংলাদেশ দেখে গেলেন শেখ হাসিনা।” (বানান অপরিবর্তিত) এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ভিডিওটি এক লক্ষ ১০ হাজারের অধিক বার দেখা হয়েছে এবং প্রায় সাড়ে ছয়শ বার শেয়ার করা হয়েছে।

অনুসন্ধানে ভিডিও থেকে কয়েকটি কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ডিসমিসল্যাব একাত্তর টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পায়। ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি প্রকাশিত ভিডিওটির শিরোনামে লেখা, ‘‘নৌকাবাইচ দেখতে প্রটোকল থামিয়ে হঠাৎ গাড়ি থেকে নেমে গেলেন প্রধানমন্ত্রী।” ২ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওর ২৯ সেকেন্ডের দৃশ্যে শেখ হাসিনা, নিরাপত্তা বাহিনীর সদস্য ও পারিপার্শ্বিক দৃশ্যের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের মিল লক্ষ্য করা যায়।

এটিএন নিউজের ইউটিউবে প্রচারিত আরেকটি ভিডিওতে ছড়িয়ে পড়া দৃশ্য খুঁজে পাওয়া যায়। ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি প্রকাশিত ভিডিওটির বর্ণনায় লেখা, ‘‘গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জনসভা শেষ করে টুঙ্গিপাড়ায় যাবার সময় খালের উপর নোকা বাইচ দেখে গাড়ি থেকে হুট করেই নেমে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”

একাধিক সংবাদমাধ্যমে এই ঘটনায় প্রকাশিত সংবাদ প্রতিবেদনের স্ক্রিনশট।

প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে একাধিক সংবাদমাধ্যমে এই ঘটনায় প্রকাশিত সংবাদ প্রতিবেদন (,,) পাওয়া যায়। এসব প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালে গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক জনসভা শেষে টুঙ্গিপাড়ায় নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পথিমধ্যে ভাঙ্গারহাটের খালের পাড়ে গাড়ি থামিয়ে ঐতিহ্যবাহী নৌকা বাইচ উপভোগ করেন। 

অর্থাৎ, ২০২৩ সালের পুরোনো ঘটনার দৃশ্যকে সম্প্রতি বেনাপোল সীমান্ত থেকে শেখ হাসিনার দেশ দেখে যাওয়ার ভুয়া দাবিতে প্রচার করা হচ্ছে। 

আরো কিছু লেখা