সম্প্রতি ফেসবুকে অগ্নিকাণ্ডের একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, বাংলাদেশে হিন্দুদের অবস্থা খুব ভয়াবহ। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি ২০২৩ সালের ৫ মার্চ কক্সবাজারের কুতুপালং-বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরের ১১ নম্বর ক্যাম্পে আগুন লাগার ঘটনার।
গত ২২ নভেম্বর ফেসবুকের Vivekananda Sarkar নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যায়, ধোঁয়ায় ঢাকা একটি সড়কে অনেক মানুষ হাঁটছে। দূরে ঘরবাড়িতে আগুন জ্বলছে। ভিডিওর ওপরে লেখা, “বাংলাদেশে হিন্দুদের অবস্থা খুব ভয়াবহ🥹😢”। ক্যাপশনে বলা হয়, “বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ! নিজের ঘরেও যেন কেউ অনিরাপদ না থাকে। বন্ধ হোক সব ধরনের নির্যাতন ও সহিংসতা। ধর্ম নয়, সবার আগে মানবতা। 🙏💔 #Bangladesh #HinduSafety #Humanity #StopViolence” (বানান অপরিবর্তিত)।
এ প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত ভিডিওটিতে ২ হাজার ৪০০-এর বেশি প্রতিক্রিয়া এসেছে। এটি ৬০০ বারের বেশি শেয়ার হয়েছে এবং ৪১ হাজারের বেশি বার দেখা হয়েছে।
অনুসন্ধানে ভিডিওর কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ইউটিউবে (The London Standard) নামের একটি ইউটিউব চ্যানেলের একটি ভিডিও পাওয়া যায়। ২০২৩ সালের ৬ মার্চ প্রকাশিত ভিডিওটির শিরোনাম “Massive fire at Rohingya refugee camp leaves 12,000 without shelter” অর্থাৎ, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে বিশাল অগ্নিকাণ্ডে ১২ হাজার মানুষ আশ্রয়হীন।

ভিডিওর বিবরণে বলা হয়, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে রোহিঙ্গা মুসলিমদের একটি ঘনবসতিপূর্ণ শিবিরে আগুনে হাজার হাজার শরণার্থী গৃহহীন হয়েছে।
ডাচ সংবাদমাধ্যম এনওএস (NOS)-এর ওয়েবসাইটেও একই দৃশ্যের ভিডিও পাওয়া যায়। ২০২৩ সালের ৬ মার্চ প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম “Duizenden Rohingya dakloos door brand: ‘Alles in vlammen opgegaan’”। বাংলায় অর্থ, আগুনে হাজার হাজার রোহিঙ্গা গৃহহীন: ‘সবকিছু আগুনে পুড়ে গেছে’।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর (UNHCR) জানায়, ২০২৩ সালের ৫ মার্চ বিকেলে কক্সবাজারের কুতুপালং-বালুখালী শিবিরের ১১ নম্বর ক্যাম্পে আগুন লাগে। প্রায় তিন ঘণ্টা পর বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় ১২ হাজার শরণার্থী বাস্তুচ্যুত হন। দুই হাজারের বেশি আশ্রয়কেন্দ্র পুড়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়। আল জাজিরা বালুখালী ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের বরাতে একই ঘটনার খবর প্রকাশ করে। এপি ও ডনের প্রতিবেদনেও ঘটনাটির কথা উল্লেখ করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশে নড়াইলে বাড়িঘর পুড়িয়ে দেওয়া নিয়ে একই ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর দাবির বিষয়ে এর আগে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে ডিসমিসল্যাব।

