মৌ দাস

ফেলো, ডিসমিসল্যাব
নড়াইলের দৃশ্য দাবিতে ছড়ানো ভিডিওটি মহাখালীর সাততলা বস্তির ঘটনার

নড়াইলের দৃশ্য দাবিতে ছড়ানো ভিডিওটি মহাখালীর সাততলা বস্তির ঘটনার

মৌ দাস

ফেলো, ডিসমিসল্যাব

নড়াইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের আহাজারির দৃশ্য দাবিতে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা গেছে, দাবিটি মিথ্যা। ভিডিওটি রাজধানী ঢাকার মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের পর ধারণ করা দৃশ্য।

গত ২১ নভেম্বর ‘আশরাফ আলী’ (Ashraf Ali) নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে ২১ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে লেখা ছিল, “শুধু জীবনটা নিয়ে বের হইতে পারছি আর কিছু বের করতে পারিনাই আগুনে সব পুড়ে গেছে।” পোস্টটিতে ‘নড়াইল_ট্রাজেডি’ হ্যাশট্যাগ ব্যবহার করা হয়। এ প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ভিডিওটি এক হাজার ২০০ বারের বেশি শেয়ার হয়েছে এবং এতে প্রায় তিন হাজার ২০০ প্রতিক্রিয়া দেখা গেছে।

একই দাবিতে ফেসবুকে একটি গ্রুপ ও একাধিক প্রোফাইল (১, ২, ৩, ৪, ৫) থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে।

ভিডিওতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কয়েকজন নারীর আহাজারির দৃশ্য দেখা যায়। শুরুতে স্কুল পোশাক পরা এক ছাত্রী কান্নাজড়িত কণ্ঠে জানায়, পরদিন তার পরীক্ষা থাকলেও আগুনে বই-খাতা ও প্রবেশপত্র পুড়ে গেছে। এরপর কোলে শিশু নিয়ে দাঁড়িয়ে থাকা এক নারী জানান, ঘর থেকে কোনো কাপড় বের করতে পারেননি। ভিডিওর শেষ অংশে কালো পোশাক পরা আরেক নারীও আগুনে সব হারানোর কথা বলেন। তাদের বক্তব্যের সময় ‘Daily Sun’ লেখা একটি বুম দেখা যায়।

নড়াইলের অগ্নিকাণ্ডের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওর স্ক্রিনশট

ভিডিওটির সত্যতা যাচাইয়ে এর কয়েকটি স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এতে সংবাদমাধ্যম ‘ডেইলি সান বাংলার’ (Daily Sun Bangla) ফেসবুক পেজে গত ১৮ নভেম্বর প্রকাশিত ৪৫ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া যায়। পোস্টে লেখা ছিল, “কাল ফাইনাল পরীক্ষা, আজ সব পুড়ে ছাই”। পোস্টে ‘মহাখালী’, ‘ঢাকানিউজ’ হ্যাশট্যাগ লেখা ছিল।

ডেইলি সান বাংলার প্রকাশিত ভিডিওটির সঙ্গে নড়াইলের অগ্নিকাণ্ডের দৃশ্য দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়। দুই ভিডিওতেই একই শিক্ষার্থী, কোলে শিশু নিয়ে দাঁড়িয়ে থাকা নারী এবং কালো পোশাক পরা নারীর বক্তব্য দেখা যায়। তাদের পোশাক, অবস্থান, আশপাশের মানুষ ও বক্তব্যের দৃশ্যেও মিল রয়েছে। একই ভিডিও সংবাদমাধ্যমটির ইউটিউব চ্যানেলেও প্রকাশিত হয়েছে।

ডেইলি সান বাংলার ফেসবুক পেজে প্রকাশিত মূল ভিডিওর স্ক্রিনশট (বাঁয়ে) ও প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট (ডানে)

পরে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে এ বিষয়ে প্রথম আলো ও সমকালে প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায়। প্রথম আলোর ১৮ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের কোয়ার্টারের প্রাচীর লাগোয়া অংশের বস্তিতে সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ছাড়া সমকালের ‘মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনেও ১৮ নভেম্বরের অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়।

অর্থাৎ, মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত মানুষের আহাজারির ভিডিওকে নড়াইলের অগ্নিকাণ্ডের দৃশ্য দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে।

আরো কিছু লেখা