মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
Factchecking Jubodol Protest Falsey shared as Awami League

যুবদলের বিক্ষোভের ভিডিও ছাত্রলীগের মিছিলের দাবিতে প্রচার

মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

রাজধানীর গুলিস্তানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের দৃশ্য দাবিতে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, দাবিটি মিথ্যা। এটি গত ১৭ নভেম্বর দিবাগত রাতে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ মিছিলের দৃশ্য।

গত ১৮ নভেম্বর ‘এমডি সাইমুন’ (Md Symun) নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে ২৩ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। এতে লেখা ছিল, “জয় বাংলা স্লোগানে উত্তাল রাজধানী ঢাকায়। এইমাত্র ঢাকা গুলিস্তানে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল! জয় বাংলা জয় বঙ্গবন্ধু।” (ভাষা অপরিবর্তিত)। পোস্টটিতে গুলিস্তানের লোকেশন ট্যাগ দেখতে পাওয়া যায়। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত, ওই পোস্টে প্রতিক্রিয়া এসেছে প্রায় আড়াই লাখ। ভিডিওটি ৪৫ লাখের বেশিবার দেখা হয়েছে। এছাড়া সাড়ে তিন হাজারের বেশি মন্তব্য ও সাড়ে চার হাজারের বেশি শেয়ার করতে দেখা গেছে।

রাজধানীর গুলিস্তানে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের দাবিতে ‘Md Symun’ ও হাওড় বার্তা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচারিত ভিডিওর স্ক্রিনশট

ফেসবুকে ভিডিওটি একই দাবিতে আরও কিছু ফেসবুক অ্যাকাউন্টের  (১, ২) পাশাপাশি ছড়িয়েছে ইনস্টাগ্রাম ও ইউটিউবেও।  

ভিডিওতে রাতের বেলায় একটি সড়কে মিছিলের দৃশ্য দেখা যায়। সড়কের আশপাশে বহুতল ভবন, গাছপালা ও সড়কবাতি রয়েছে। ভিডিওতে স্লোগানের সঙ্গে হাততালির শব্দও শোনা যায়। তবে দৃশ্যমান অংশে কাউকে হাততালি দিতে দেখা যায়নি।

মিছিলের মাঝখানে থাকা সাদা শার্ট ও চশমা পরা এক ব্যক্তিকে দেখা যায়, যাকে মন্তব্যে কয়েকজন ব্যবহারকারী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি বলে জানান।

পরে সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ ও প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে ‘বিডি লাইভ ডটকম টোয়েন্টিফোর’ (Bd Live.com24) নামের একটি ফেসবুক পেজে একই মিছিলের কাছাকাছি দৃশ্যের একটি ভিডিও পাওয়া যায়। ১৮ নভেম্বর ভোর ৫টা ১৩ মিনিটে পোস্ট করা সে ভিডিওটির বর্ণনায় লেখা, “তারেক রহমান সংসদে আমরা আছি রাজপথে, মধ্যরাতে যুবদল নেতাকর্মীদের স্লোগান।”

ছাত্রলীগ দাবিতে ছড়ানো প্রচারিত ভিডিওতে মিছিলের সামনের সাড়িতে থাকা কয়েকজনের পোশাক, হাঁটার ধরণ ও চেহারার আকৃতি এবং রাস্তার আশেপাশে থাকা দৃশ্যের সঙ্গে বিডি লাইভ ডটকম টোয়েনেন্টিফোর থেকে প্রকাশিত ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়। ভিডিওটি অপেক্ষাকৃত স্পষ্ট হওয়ায় মিছিলের তিনজন যুবদলের নেতাকে শনাক্ত করা যায়। 

ছাত্রলীগের মিছিল দাবিতে প্রচারিত ভিডিওর তিন ব্যক্তির পোশাক ও অবস্থানের সঙ্গে বিডি লাইভ ডটকম টোয়েন্টিফোর ডট কম-এর ফেসবুক পেজে প্রকাশিত যুবদলের বিক্ষোভ মিছিলের ভিডিওতে থাকা ব্যক্তিদের মিল পাওয়া যায়

দুইটি ভিডিওর তুলনামূলক বিশ্লেষণ করে দেখা যায় মিছিলের সামনের সারিতে থাকা সাদা শার্ট পরা ব্যক্তিটি হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না। তার পাশে খয়েরি রঙের পোলো শার্ট পরা ব্যক্তি একই সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। আর সাধারণ সম্পাদকের পাশে কালো শার্ট ও চশমা পরা ব্যক্তি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। 

পরে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে গত ১৮ নভেম্বর কালবেলায় প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ‘আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গভীর রাতে যুবদলের বিক্ষোভ’ শিরোনামের প্রতিবেদন অনুযায়ী, গত ১৭ নভেম্বর দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন যুবদলের নেতাকর্মীরা। মিছিলটি কাকরাইল মোড় ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

প্রতিবেদন অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে ওই মিছিলের আয়োজন করা হয়। এতে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নেতৃত্বে কয়েক শ নেতাকর্মী অংশ নেন। মিছিলে যুবদলের ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন উপস্থিত ছিল জানানো হয়।

প্রচারিত ভিডিওর পেছনে থাকা ভবনের সঙ্গে গুগল ম্যাপসের নয়াপল্টন এলাকার স্ট্রিট ভিউতে দেখা ভবনের কাঠামোগত মিল পাওয়া যায়

অধিকতর যাচাইয়ে গুগল ম্যাপসের স্ট্রিট ভিউতে রাজধানীর নয়াপল্টন এলাকার সড়কের দৃশ্যের সঙ্গে প্রচারিত ভিডিওর তুলনা করা হয়। এতে গুলিস্তানের দাবিতে প্রচারিত ভিডিওর ডান পাশে থাকা লালচে রঙের বহুতল ভবনের কাঠামোর সঙ্গে স্ট্রিট ভিউতে দেখা একটি ভবনের কাঠামোগত মিল পাওয়া যায়। ভিডিওতে ভবনটির বাইরের অংশ ও আশপাশের অন্যান্য বহুতল স্থাপনার কাঠামোর সঙ্গেও গুগল স্ট্রিট ভিউয়ের ২০২৫ সালের নভেম্বরে ধারণ করা ছবির মিল পাওয়া যায়। যদিও প্রচারিত ভিডিওটি রাতের এবং স্ট্রিট ভিউয়ের দৃশ্য দিনের, তবে ভবনগুলোর মধ্যে কাঠামোগত মিল রয়েছে। 

অর্থাৎ, রাজধানীর গুলিস্তানে ‘জয় বাংলা’ স্লোগানে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের দৃশ্য দাবিতে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি মূলত মধ্যরাতে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী যুবদলের মিছিলের দৃশ্য।

আরো কিছু লেখা