জান্নাতুল ফিরদাউস

ফেলো, ডিসমিসল্যাব
kulna awami league procession in 2022 (1)

খুলনায় আওয়ামী লীগের মিছিলের দাবি, দৃশ্যটি চার বছর আগের

জান্নাতুল ফিরদাউস

ফেলো, ডিসমিসল্যাব

খুলনা মহানগরে আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিলের দৃশ্য দাবি, এমন দাবিতে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি সাম্প্রতিক কোনো মিছিলের নয়। এটি ২০২২ সালের ২১ অক্টোবর খুলনার স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একটি বিক্ষোভ মিছিলের দৃশ্য।

‘চেতনায় স্বাধীনতা’ নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে গত ১৭ নভেম্বর ২৮ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা হয়, “আজ খুলনা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মী বিশাল এক মিছিল। যা দেখে মাথা খারাপ হয়ে গেলো সরকারের।” ভিডিওটির ভয়েসওভারেও একই দাবি করা হয়।

এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত পোস্টে ২ হাজার ৩০০ প্রতিক্রিয়া ও ৯৫টি মন্তব্য ছিল। আর শেয়ার করা হয়েছে পাঁচ শতাধিকবার। ভিডিওটি ৪৪ হাজারবার দেখা হয়েছে।

চেতনায় স্বাধীনতা নামের ফেসবুক প্রোফাইলের পোস্টের স্ক্রিনশট

সত্যতা যাচাইয়ে ভিডিওর বিভিন্ন দৃশ্য থেকে কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এতে ঢাকা ট্রিবিউনে ২১ অক্টোবর ২০২২ প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর একটি দৃশ্যের হুবহু মিল পাওয়া যায়।

ঢাকা ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, খুলনা শহরে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

একই ছবি ২১ অক্টোবর ২০২২ প্রকাশিত দৈনিক ইত্তেফাকের একটি প্রতিবেদনেও পাওয়া যায়। ছবির ক্যাপশনে বলা হয়, “বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর ও জেলা যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল।”

২০২২ সালে প্রকাশিত ঢাকা ট্রিবিউন এবং ইত্তেফাকের প্রতিবেদনের স্ক্রিনশট

অর্থাৎ, ভিডিওটি গত ১৭ নভেম্বর খুলনা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলের নয়। এটি ২০২২ সালের ২১ অক্টোবরের আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের দৃশ্য।

আরো কিছু লেখা