ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, বিএনপির চাঁদাবাজরা ফুটপাতে ফুল বিক্রেতার ওপর হামলা করছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি ভারতের। একাধিক সংবাদ প্রতিবেদন অনুযায়ী, দিল্লির হাউজ খাস এলাকায় ফুটপাতে বসে মালা এবং ফুল বিক্রি করার সময় নারী ফুল বিক্রেতার ওপর লাঠি নিয়ে হামলা করে একাধিক ব্যক্তি।
ফেসবুকে “সংগ্রামী জনতা” নামের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ১৭ নভেম্বর একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টে লেখা ছিল, “ফুটপাতে ফুল বিক্রেতার উপর বিএনপির চাঁদাবাজ গুন্ডাদের হামলা। শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ ছিল।”
৫৩ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, ফুটপাতে একজন নারী ফুল নিয়ে বসে আছে, এ সময় সামনে থাকা দুজন ব্যক্তির মধ্যে একজন লাঠি নিয়ে হামলা করে। একটু পর নারীর পাশে থাকা অন্য ব্যক্তিকেও লাঠি দিয়ে আঘাত করতে থাকে। এক পর্যায়ে ফুল বিক্রেতা নারীটি মাটিতে পড়ে যান। এ প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত ভিডিওটি ৪ হাজার ৫০০ বারের বেশি দেখা হয়েছে।

সত্যতা যাচাইয়ে ভিডিওটির কিফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করলে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন সামনে আসে। ১২ নভেম্বরে প্রকাশিত প্রতিবেদনটির শিরোনাম অনুবাদ করলে দাঁড়ায়, “দিল্লির ভয়াবহ ঘটনা: ক্যামেরার সামনে ফুল বিক্রেতা নারীকে লাঠি দিয়ে মারধর একাধিক ব্যক্তির।” প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের হুবহু মিল রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, “সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে যে এই ঘটনার একটি কথিত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, ওই মহিলা রাস্তার ধারে বসে ফুল বিক্রি করছেন, এমন সময় দু’জন ব্যক্তি তার কাছে আসে। তাদের মধ্যে সামান্য কিছু কথা কাটাকাটির পরই একজন তাকে লাঠি দিয়ে মারতে শুরু করে। স্থানীয় কয়েকজন তাকে বাঁচাতে এগিয়ে এলে অন্য এক ব্যক্তিও সেখানে যোগ দেয় এবং তাদের ওপরও লাঠি নিয়ে হামলা চালায়।

এছাড়া আরও বেশ কিছু সংবাদ প্রতিবেদনেও (১, ২, ৩, ৪) দৃশ্যটিকে ভারতের দিল্লির ঘটনা হিসেবে উল্লেখ করা হয়।
অর্থাৎ, বাংলাদেশের দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি ভারতের দিল্লির ঘটনার।

