হবিগঞ্জে সংঘর্ষের দৃশ্য দাবিতে ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়। এটি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার দৃশ্য। গত ২৬ আগস্ট ফেসবুকে প্রকাশিত একটি পোস্টে একই ভিডিও পাওয়া গেছে।
গত ১৭ নভেম্বর ‘মো হাবিবুর’ নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে লেখা হয়, “তপ্ততার উত্তাপ আর গোপালগঞ্জে সীমাবদ্ধ নেই; তার আঁচ ছড়িয়ে পড়েছে সিলেটের হবিগঞ্জেও। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়ছে উত্তাপ—পরিস্থিতি যেন ক্রমেই নতুন মাত্রা পাচ্ছে।” এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত পোস্টে পাঁচ শতাধিক প্রতিক্রিয়া ছিল, ভিডিওটি ৫৬ বার শেয়ার হয়েছে।
ভিডিওর শুরুতে রাতের বেলা একটি প্রশস্ত সড়কে মানুষের ভিড় দেখা যায়। সড়কের মাঝখানে আগুন জ্বলতে এবং সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। আগুনের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিক্ষোভকারীদের অবস্থান নিতে দেখা যায়। এ সময় কয়েক দফা বিস্ফোরণের মতো শব্দও শোনা যায়। ভিডিওর অডিওতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘দেখা হবে রাজপথে’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে শোনা যায় এবং এক ব্যক্তি নিজেকে হবিগঞ্জ জেলা যুবলীগের নেতা হিসেবে দাবি করেন।
প্রায় একই দাবিতে ফেসবুকের বিভিন্ন প্রোফাইল থেকে ভিডিওটি (১, ২, ৩, ৪, ৫, ৬) ছড়িয়ে পড়েছে।

সত্যতা যাচাইয়ে প্রথমে এর বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করে ডিসমিসল্যাব। ভিডিওর ৩৪ সেকেন্ডের দৃশ্যে একটি পতাকা দেখতে পাওয়া যায়। পতাকাটির লাল ও সাদা রঙের বিন্যাস ইন্দোনেশিয়ার জাতীয় পতাকার সঙ্গে মিলে যায়। এ ছাড়া ভিডিওতে বিক্ষোভকারীদের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা সদস্যদের সামরিক পোশাক ও লাল বেরেট দেখা যায়।
ভিডিওতে দেখা সদস্যদের সামরিক পোশাকের নকশা ও রঙের সঙ্গে ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর ব্যবহৃত পোশাকের সাদৃশ্য রয়েছে। এসব দৃশ্য ইঙ্গিত দেয়, ভিডিওটির ঘটনাস্থল ইন্দোনেশিয়া হতে পারে।
পরে ভিডিওটির বিভিন্ন দৃশ্যের স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এতে ‘Desi Herdiana’ নামের একটি ফেসবুক প্রোফাইলে গত ২৬ আগস্ট প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওর সঙ্গে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটির দৃশ্যের হুবহু মিল রয়েছে।

ভিডিওটির উৎস ও ঘটনার স্থান সম্পর্কে আরও নিশ্চিত হতে এর দৃশ্য এবং অডিওর সূত্র ধরে প্রাসঙ্গিক কিওয়ার্ড দিয়ে অনুসন্ধান করা হয়। এতে ইউটিউবে ২৭ আগস্ট প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। পাশাপাশি ইন্দোনেশীয় সংবাদমাধ্যম ডেটিক নিউজে (detikNews) একই দিন প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটির শিরোনাম বাংলায় অনুবাদ করলে দাঁড়ায়, “আজ রাতে মধ্য জাকার্তার পেজোমপোঙ্গান এলাকার পরিস্থিতি, একটি মোটরসাইকেলে আগুন।”
ডেটিক নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার মধ্যাঞ্চলের পেজোমপোঙ্গান এলাকায় একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। প্রতিবেদনে প্রকাশিত ঘটনার বিবরণ ও ভিডিওর দৃশ্যের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর মিল পাওয়া যায়। এ ছাড়া গুগল স্ট্রিট ভিউয়ে পেজোমপোঙ্গান এলাকার সড়কের দৃশ্যের সঙ্গে ভিডিওতে দেখা রাস্তার পরিবেশ ও স্থাপনার মিল রয়েছে।
অর্থাৎ, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পেজোমপোঙ্গান এলাকায় বিক্ষোভের পুরোনো ভিডিওকে বাংলাদেশের হবিগঞ্জে সংঘর্ষের দৃশ্য দাবি করে ফেসবুকে প্রচার করা হয়েছে।

