ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, যুক্তরাজ্যে ইসকনের শোভাযাত্রায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অংশ নিয়েছেন। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।
ফেসবুকে ১৬ নভেম্বর ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ১০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি রাস্তায় কমলা পোশাক পরা একদল মানুষের সাথে নাচছেন নাহিদ ইসলাম-সদৃশ এক ব্যক্তি। পেছনে “প্রেট অ্যা ম্যানজার” (Pret A Manger) লেখা একটি দোকানের সাইনবোর্ড আছে। পোস্টে লেখা ছিল, “যুক্ত রাজ্যে নাহিদ ইসকন ভক্ত!!” (বানান অপরিবর্তিত)
এ প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত পোস্টটিতে ১৯ হাজার ৩০০-এর বেশি প্রতিক্রিয়া এসেছে। ভিডিওটি এক হাজার বারের বেশি শেয়ার হয়েছে এবং ১৪ লাখের বেশিবার দেখা হয়েছে।
সত্যতা যাচাইয়ে ভিডিওটির ফ্রেম ধরে বিশ্লেষণ করা হয়। প্রথম ফ্রেমের দৃশ্য বাকি অংশ থেকে সম্পূর্ণ আলাদা। সেখানে একটি ফুটপাতে তিনজনকে হাঁটতে দেখা যায়। পেছনে আরও এক ব্যক্তিকে দেখা যাচ্ছে। এই দৃশ্যের উপরের অংশের সবকিছু বিকৃত। কারও চেহারাই স্পষ্ট নয়; পেছনের ভবন, গাছ ও আকাশ দেখে জলরঙ লেপটে যাওয়া কোনো ছবি বলে মনে হচ্ছে।
এক সেকেন্ডেরও কম সময়ের মধ্যে দৃশ্যটি বদলে যায়। তখন একটি শোভাযাত্রা দেখা যায়, নাহিদ-সদৃশ ব্যক্তি ও তার সঙ্গীকে একই পোশাকে দেখা যায়। কমলা পোশাক পরা ব্যক্তিদের চেহারা স্পষ্ট হলেও পেছনের মুখগুলো বিকৃত। এমন অসঙ্গতি ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার ইঙ্গিত দেয়।
এআই শনাক্তকরণ টুল হাইভ মডারেশনে (Hive Moderation) ভিডিওটি পরীক্ষা করা হয়। টুলটি বলছে, ভিডিওটি এআই-নির্মিত হুয়ার সম্ভাবনা ৯৫ শতাংশ। টুলটি এআই ভিডিও জেনারেটরের সম্ভাব্য উৎস হিসেবে মেটা (Meta) ও ওয়ানের (Wan) নাম দেখিয়েছে।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অ্যাট বাফেলোর (University at Buffalo) ডিপফেক-ও-মিটারেও (DeepFake-O-Meter) ভিডিওটি যাচাই করা হয়। টুলটির ১২টি মডেলের মধ্যে ছয়টিতে এআই-নির্মিত হওয়ার ঝুঁকি “উচ্চ” দেখা গেছে।
অর্থাৎ, নাহিদ ইসলামের নামে ছড়ানো ভিডিওটি এআই দিয়ে তৈরি।



