কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ করার কারণে বাবাকে না পেয়ে এক শিশুকে হাতকড়া পরিয়ে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, এমন দাবিতে ফেসবুকে দুটি ছবি ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা গেছে, ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ভিডিও থেকে নেওয়া। ভিডিওটির ওপর এআই ওয়াটারমার্কও আছে।
ফেসবুকে গত ১২ নভেম্বর ‘আতাউর রহমান আজাদ’ (Ataur Rahman Azad) নামের একটি প্রোফাইল থেকে দুটি ছবি পোস্ট করা হয়। পোস্টে লেখা ছিল, “আওয়ামী লীগ করার কারনে বাবাকে না পেয়ে মাসুম বাচ্চাকে হাতে হাতকড়া লাগিয়ে এরেস্ট করে নিয়ে যাচ্ছে পুলিশ নামক মানুষ।” এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া পর্যন্ত পোস্টটি ৮০০ বারের বেশি শেয়ার করা হয়েছে। এতে প্রতিক্রিয়া জানানো হয়েছে চার হাজারের বেশিবার।
একই ছবি ব্যবহার করে একাধিক ফেসবুক পোস্টে (১, ২) একই দাবি করা হয়। অন্য একটি পোস্টে ঘটনাটিকে ‘বিএনপি-জামাতের বর্বরতা’ উল্লেখ করে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
ছবির উৎস যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এতে একই শিশুকে পুলিশ সদস্যদের সঙ্গে হাঁটতে দেখা যায়, এমন একাধিক ভিডিও পাওয়া যায়। ভিডিওগুলোর দৃশ্যের সঙ্গে ফেসবুকে ছড়িয়ে পড়া ছবির শিশুটির চেহারা ও পোশাকের হুবহু মিল রয়েছে।
গত ২৪ অক্টোবরও একই দাবি ছড়িয়ে পড়েছিল। নিজেকে গোপালগঞ্জ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দাবি করা সোহাগ বাপ্পি (Shohag Bappy) নামের একটি প্রোফাইল থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টে লেখা ছিল, “রাজাকারের বাচ্চারা, আর কত নিচে নামাবি দেশকে? আওয়ামী লীগ করার কারণে বাবাকে না পেয়ে ছেলেকে নিয়ে যাচ্ছে মাসুম বাচ্চা।”
একই দাবিতে ‘সবার আগে বাংলাদেশ’ নামের একটি পেজ এবং অন্য একটি প্রোফাইল থেকেও ভিডিওটি প্রচার করা হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে একটি সরু গলির দৃশ্য দেখা যায়। ইউনিফর্ম পরা দুই পুলিশ সদস্যের সঙ্গে একটি শিশুকে গলির ভেতর দিয়ে হেঁটে আসতে দেখা যায়। শিশুর পরনে হালকা পোলো শার্ট, ডেনিমের শর্টস ও সাদা স্যান্ডেল। তার দুই হাত পেছনে বাঁধা। পুলিশ সদস্যদের সঙ্গে শিশুটিকে স্বাভাবিকভাবে হাঁটতে দেখা যায়। গলির শেষ প্রান্তে পুলিশি নীল ও লাল বাতি জ্বালানো একটি সাদা রঙের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভিডিওটির বাম দিকে ওপরের কোণে ‘CapCut AI’ ওয়াটারমার্ক রয়েছে।

রিভার্স ইমেজ সার্চের সূত্র ধরে রিউমর স্ক্যানারের একটি ফ্যাক্টচেক প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনেও ছড়ানো ভিডিওটি এআই দিয়ে তৈরি বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া ছড়ানো ভিডিওটির ওপর থাকা ‘CapCut AI’ ওয়াটারমার্কও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের কথা নির্দেশ করে।
সংশ্লিষ্ট কিওয়ার্ড সার্চে বিশ্বস্ত কোনো সংবাদমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কর্মীর সন্তানকে গ্রেপ্তারের কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
অর্থাৎ, আওয়ামী লীগ করার কারণে বাবাকে না পেয়ে শিশুকে হাতকড়া পরিয়ে গ্রেপ্তার করার দাবিতে ছড়ানো ছবিটি এআই দিয়ে তৈরি একটি ভিডিও থেকে নেওয়া হয়েছে।

