মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
Factchecking Bangladesh Pakistan Child Drain Footage

ঢাকার ড্রেনের ঝুঁকির প্রসঙ্গে দেখানো হচ্ছে পাকিস্তানের ভিডিও, ছড়াচ্ছে বিভ্রান্তি

মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

ঢাকা শহরের ড্রেনের ঢাকনা চুরি হয়ে যাওয়ায় ১২ লাখ শিশু ঝুঁকিতে রয়েছে, এমন তথ্য জানিয়ে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। পোস্টে বাংলাদেশের শিশুদের ঝুঁকির কথা বলা হলেও, এর সঙ্গে থাকা ভিডিওটি পাকিস্তানের একটি ঘটনার, যা বিভ্রান্তিকর।  

‘জিএম নিউজ’ (Gm News) নামের একটি ফেসবুক পেজ থেকে সম্প্রতি ভিডিওটি পোস্ট করা হয়। ১৪ নভেম্বরের এই পোস্টে লেখা হয়, “চুরির কবলে ঢাকা শহরের ড্রেনের ঢাকনা, ঝুঁকিতে ১২ লক্ষ শিশু।” ভিডিওর ওপরেও “ঢাকনাবিহীন ড্রেনে পড়ে গেল শিশু” এবং “চুরির কবলে শহরের স্টিলের ঢাকনা” লেখা রয়েছে। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত ভিডিওতে প্রায় ৮ হাজারের বেশি প্রতিক্রিয়া, প্রায় ২০০ মন্তব্য দেখা গেছে। পোস্টটি শেয়ার হয়েছে দুই শতাধিকবার।

পাকিস্তানের ঘোটকি শহরে একটি শিশুর খোলা ড্রেনে পড়ে যাওয়ার ঘটনা নিয়ে এআরওয়াই নিউজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওর স্ক্রিনশট

ভিডিওটি দেখে একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ বলে মনে হয়। এতে একটি সরু গলির পাশে দেওয়াল, বৈদ্যুতিক তার ও খোলা নালা দেখা যায়। একপর্যায়ে একটি শিশুকে খোলা নালায় পড়ে যেতে দেখা যায়। 

সূত্র যাচাইয়ে কয়েকটি কিফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ডিসমিসল্যাব। এতে পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের (ARY News) ইউটিউব চ্যানেলে একই দৃশ্যের একটি ভিডিও পাওয়া যায়। গত ১৪ নভেম্বর প্রকাশিত ওই ভিডিওর শিরোনামের বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, ‘ঘোটকিতে পৌর প্রশাসনের অবহেলায় খোলা ড্রেনে পড়ে গেল এক শিশু।’

ঢাকা শহরের ড্রেনের ঢাকনা চুরি ও ১২ লাখ শিশু ঝুঁকিতে থাকার দাবিতে ‘Gm News’ ফেসবুক পেজ থেকে প্রচারিত ভিডিওর স্ক্রিনশট

ভিডিওতে থাকা সরু গলি, দেয়ালের পাশের খোলা নালা, ওপরের বৈদ্যুতিক তার, বাম পাশের সাইনবোর্ড ও আশপাশের স্থাপনার সঙ্গে ফেসবুকে প্রচারিত ভিডিওর দৃশ্য হুবহু মিলে যায়। পাকিস্তানের আরেক সংবাদমাধ্যম এক্সপ্রেস নিউজের (Express News) ইউটিউব চ্যানেলেও একই ঘটনার ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। 

অন্যদিকে, বাংলাদেশভিত্তিক কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে ভিডিওর ঘটনাটি ঢাকার দাবিতে এখন পর্যন্ত প্রকাশ করতে দেখা যায়নি।

অর্থাৎ, ঢাকা শহরের ড্রেনের ঢাকনা চুরি হয়ে যাওয়ায় ১২ লাখ শিশু ঝুঁকিতে থাকার কথা বলে ফেসবুকে যে ভিডিওটি প্রচার করা হচ্ছে, তা বিভ্রান্তকর। এটি পাকিস্তানের সিন্ধু প্রদেশের ঘোটকি শহরে একটি শিশুর খোলা ড্রেনে পড়ে যাওয়ার ঘটনার ভিডিও।

আরো কিছু লেখা