কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সম্প্রতি কক্সবাজারে বিশাল মিছিল বের করেছে, এমন দাবিতে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, দাবিটি মিথ্যা। প্রকৃতপক্ষে, ভিডিওটি ২০২৩ সালের ১৩ আগস্ট সিলেট জেলা ছাত্রলীগের আয়োজিত শোক র্যালির।
ফেসবুকে ১৪ নভেম্বর “বঙ্গবন্ধুর সৈনিক আমি” নামের প্রোফাইল থেকে ৫৪ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, “কক্সবাজারের আজকের অবস্থা সকল ধরনের মানুষ আওয়ামী লীগের বিশাল বড় মিছিল।” ভিডিওতে একটি র্যালি দেখা যায়। র্যালির ব্যানারে লেখা,“শোক র্যালি। আয়োজনে: বাংলাদেশ ছাত্রলীগ, সিলেট জেলা।”
ভিডিওতে ধারাভাষ্যের আঙ্গিকে একজনকে বলতে শোনা যায়, “সকাল দশটা বাজতেই প্রতিটি উপজেলা থেকে মিছিল আসতে শুরু করে সভাস্থলের দিকে। জাতীয় পতাকা আর দলীয় প্রতীক নৌকা নিয়ে নেচে-গেয়ে শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে ঢুকতে থাকেন নেতাকর্মীরা। স্লোগান আর মিছিলের নগরীতে পরিণত হয় পর্যটন শহর কক্সবাজার…।”
এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ভিডিওটি প্রায় ৩৬ হাজারবার দেখা হয়েছে এবং সাড়ে তিনশর বেশিবার শেয়ার করা হয়েছে।
উৎস যাচাইয়ে ভিডিও থেকে কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে সিলন টিভি (SYLON TV) নামের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৩ আগস্ট প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। “সিলেট জেলা ছাত্রলীগের বিশাল র্যালি” শিরোনামের ওই ভিডিওর বর্ণনায় বলা হয়, শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিলেট জেলা ছাত্রলীগের উদ্যোগে এই শোক র্যালি আয়োজন করা হয়। এই ভিডিওতে দৃশ্যমান ব্যক্তি, তাদের পোশাক ও পারিপার্শ্বিক দৃশ্যের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওটির দৃশ্যের মিল আছে।
এই ঘটনায় সংবাদমাধ্যমে একাধিক প্রতিবেদন (১, ২) প্রকাশিত হয়। ২০২৩ সালের ১৩ আগস্ট বাংলাদেশ সংবাদ সংস্থায় (বিএসএস নিউজ) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃত্বে আয়োজিত ওই শোক মিছিলে বিভিন্ন শাখা ছাত্রলীগের নেতাকর্মী কালো ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।

অর্থাৎ, ২০২৩ সালের আগস্টে সিলেটে অনুষ্ঠিত জেলা ছাত্রলীগের পুরোনো শোক র্যালির ভিডিওর সঙ্গে ভিন্ন অডিও যুক্ত করে সেটিকে ‘কক্সবাজারে আওয়ামী লীগের সাম্প্রতিক বিশাল মিছিল’ দাবিতে প্রচার করা হচ্ছে।

