ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, টকশোতে এক সালাফী শায়েখ ইয়েমেনের হুতিদের সন্ত্রাসী দাবি করে আমেরিকার হস্তক্ষেপ কামনা করায় উপস্থাপিকা তাকে পেটাতে শুরু করে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, দাবিটি ভুয়া। ভিডিওটি অন্তত ছয় বছর পুরোনো ইরাকের একটি কমেডি শোর অংশবিশেষ।
ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ১১ নভেম্বর ভিডিওটি (আর্কাইভ লিংক) পোস্ট করা হয়। ১৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, একজন নারী এক ব্যক্তির দিকে বিভিন্ন জিনিস ছুঁড়ে মারছে। পোস্টে লেখা ছিল, “টকশোতে সালাফী শায়েখ ইয়েমেনের হুথিদের সন্ত্রাসী আখ্যা দিয়ে আমেরিকার হস্তক্ষেপ কামনা করলেন, তখনই উপস্থাপিকা শায়েখকে পেটাতে শুরু করলেন। অসংখ্য ধন্যবাদ, দালালদের এভাবেই শিক্ষা দেওয়া উচিত। যারা মুখোশের অন্তরালে ই/হুদী আর না/সারাদের গোলামীতে লিপ্ত তাদের এভাবেই দিতে হয়।” (ভাষা অপরিবর্তিত)
এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ভিডিওটি ৬ লাখের বেশিবার দেখা হয়েছে এবং ১ হাজার ১০০ বারের বেশি শেয়ার হয়েছে। পোস্টে প্রতিক্রিয়া ছিল ২ হাজারের বেশি।
ফেসবুকের একাধিক পেজ, ব্যক্তিগত প্রোফাইল ও গ্রুপ (১, ২, ৩, ৪, ৫, ৬) থেকে একই দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়।
সত্যতা যাচাইয়ে কয়েকটি কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ডিসমিসল্যাব তাহশিসাত আন জাওকি (تحشيش عنجوقي) নামের ইরাক থেকে পরিচালিত একটি ইউটিউব চ্যানেল পায়। এই চ্যানেলে ২০২০ সালের ২৫ এপ্রিল প্রকাশিত ১২ মিনিট ০৪ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওর শিরোনাম বাংলায় অনুবাদ করলে দাঁড়ায়, “কাফ ও মাকলাব (প্র্যাংক শো) অনুষ্ঠান, শিল্পী আমানী আলার সাথে – পর্ব ১।” ভিডিওর ৮ মিনিট ০১ সেকেন্ড থেকে ৮ মিনিট ১৫ সেকেন্ড অংশের সঙ্গে প্রচারিত ভিডিওটির হুবহু মিল আছে।
এই ভিডিওটির অডিও বাংলায় অনুবাদ করে দেখা যায়, মূলত ওই নারীর বসার ভঙ্গি থেকে শুরু করে একাধিক কারণে ফিদা শেখ নামের ওই ব্যক্তির সাথে আমানী আলার মতপার্থক্য শুরু হয়। ভিডিওর শেষে পুরো ঘটনাটি বিনোদনের উদ্দেশ্যে মজার ছলে বানানো এবং মারধরের অংশটি যে অভিনয়, তাও স্পষ্ট করা হয়েছে।

বিস্তারিত জানতে প্রাসঙ্গিক কিওয়ার্ড দিয়ে সার্চ করলে, ২০২৪ সালের অক্টোবরে বুম ইন্ডিয়ায় প্রকাশিত একই ভিডিও নিয়ে একটি ফ্যাক্টচেক প্রতিবেদন খুঁজে পায় ডিসমিসল্যাব। জানা যায়, এটি ইরাকের বাগদাদভিত্তিক স্যাটেলাইট টিভি “এশিয়া নেটওয়ার্ক টেলিভিশন” থেকে সম্প্রচারিত “কাফ ওয়া মুকলাব” নামক অনুষ্ঠানের অংশবিশেষ। অনুষ্ঠানের সঞ্চালকের নাম হুসেইন টনি এবং মার খাওয়া ব্যক্তির চরিত্রে অভিনয় করা ব্যক্তির নাম জসিম আল ফাহাদ। বলা হয়েছে, তারা দুজন এই কমেডি শো পরিচালনা করতেন এবং নতুন নতুন অতিথিদের আমন্ত্রণ জানাতেন। সামাজিক মাধ্যমে তাদের অনুষ্ঠানের আরও পর্বের খোঁজ পাওয়া যায়।
অর্থাৎ, টকশোতে ইয়েমেনের হুতিদের সন্ত্রাসী আখ্যা দিয়ে আমেরিকার হস্তক্ষেপ কামনা করা শায়েখকে উপস্থাপিকা মারধর করছেন, এমন দাবিটি ভুয়া। মূল দৃশ্যটি ইরাকের একটি কমেডি শোর।

