জামায়াত যুব নেতার প্রস্তাব প্রত্যাখ্যান করায় ঢাকায় রাস্তায় ছুরিকাহত হলো এক হিন্দু স্কুল ছাত্রী, এমন দাবিতে এক্সে একটি ভিডিও ছড়িয়েছে ভারত থেকে পরিচালিত অ্যাকাউন্ট। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, হামলার শিকার ওই ছাত্রী হিন্দু ধর্মাবলম্বী নন।
নিজেদের সংবাদমাধ্যম দাবি করা “ইন্ডিয়া ফার্স্ট পোস্ট” নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে গত ১০ নভেম্বর ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটিতে ইউনিফর্ম পরা এক ছাত্রীকে ছুরিকাঘাত করতে দেখা যায় এক কিশোরকে। পোস্টের ইংরেজি ক্যাপশন অনুবাদ করলে দাঁড়ায়, “স্থানীয় জামায়াত যুব নেতার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ঢাকার রাস্তায় ছুরিকাহত হলো এক হিন্দু স্কুল ছাত্রী।”
এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত ভিডিওটি ৩৫ হাজারের বেশি দেখা হয়েছে এবং সাড়ে ৬০০ বারের বেশি শেয়ার হয়েছে। মন্তব্যে একজন ইংরেজিতে লিখেছেন, “বাংলাদেশ কোনো দেশ নয়, বরং একটি নোংরা জায়গা” (অনূদিত)। আরেকজন লিখেছেন, “শুধু গাজার মতো ব্যবস্থা নিলেই বোঝে জিহাদিরা।”
আরেকজন লিখেছেন, “মোদীজি-র উচিত বাংলাদেশে গোপনে বসবাসকারী হিন্দু বাংলাদেশি পুরুষদের নিয়ে একটি ‘সনাতনী মুক্তি বাহিনী’ গঠন করা, যাদের মার্শাল আর্টস প্রশিক্ষণ দেওয়া থাকবে। এই ধরনের হুমকিগুলো ঘটার আগেই—বা ঘটার পর (যা ঘটার সম্ভাবনাই বেশি)—তাদের উচিত হবে গোপনে ও দ্রুততার সাথে এগুলোর মূল উৎপাটন করা।”
একই ভিডিও পোস্ট করা হয় “ধামি মিম ফোর্স” নামে আরেকটি এক্স অ্যাকাউন্ট থেকে। এই ভিডিওটি প্রায় এক হাজারবার দেখা হয়েছে। পোস্টের ক্যাপশন অনুবাদ করলে দাঁড়ায়, “বাংলাদেশে একজন হিন্দু মেয়ে হিসেবে নিজেকে কল্পনা করে দেখুন, যেখানে একজন মুসলিম ছেলের অযাচিত প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণেও জীবন ঝুঁকিতে পড়তে পারে। আর মানবাধিকারকর্মীরাই-বা এখন কোথায়? নারী অধিকার নিয়ে কাজ করা কণ্ঠগুলোই-বা কোথায়? আর যারা প্রতিদিন ভারতকে সংখ্যালঘুদের অধিকার নিয়ে উপদেশ দেন, তাদের সেই ক্ষোভ গেল কোথায়?”

কিফ্রেম সার্চে মূল ঘটনা নিয়ে একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও প্রতিবেদন (১, ২, ৩, ৪) খুঁজে পায় ডিসমিসল্যাব। এসব প্রতিবেদনের ভিডিওর সঙ্গে সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওটি হুবহু মিলে যায়। স্টার নিউজের প্রতিবেদনের শিরোনাম ছিল, “কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছু’রি’কা’ঘাত, অভিযুক্ত কিশোর গ্রেপ্তার।”
প্রাসঙ্গিক কিওয়ার্ড দিয়ে সার্চ করে সমকাল, আজকের পত্রিকা, দৈনিক ইত্তেফাকসহ একাধিক সংবাদ প্রতিবেদন পাওয়া যায়। এসব প্রতিবেদন থেকে জানা যায়, গত ৯ নভেম্বর কুষ্টিয়া শহরে বাসার সামনে এক দশম শ্রেণির ছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এই কিশোর দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল বলে জানান কিশোরীর মা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগী ও তার অভিভাবকের নাম পরিচয় দিয়ে দেওয়া হয়। কিছু সংবাদমাধ্যমেও নামগুলো গোপন রাখা হয়নি। সেখান থেকে স্পষ্ট বোঝা যায় তারা মুসলিম।
অর্থাৎ, কুষ্টিয়ায় মুসলিম ধর্মাবলম্বী এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনাকে হিন্দু ছাত্রীর ওপর হামলার ঘটনা দাবি করে সাম্প্রদায়িক আঙ্গিকে ছড়ানো হচ্ছে।

