মৌ দাস

ফেলো, ডিসমিসল্যাব
২০২৩ সালে পোস্ট হওয়া ভিডিও ছড়িয়ে শেখ ইনানের দেশে ফেরার দাবি

২০২৩ সালে পোস্ট হওয়া ভিডিও ছড়িয়ে শেখ ইনানের দেশে ফেরার দাবি

মৌ দাস

ফেলো, ডিসমিসল্যাব

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের দেশে ফেরার দৃশ্য দাবিতে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। ফেসবুকে ২০২৩ সালে প্রকাশিত একটি পোস্টেও একই ভিডিও পাওয়া যায়।

গত ১০ নভেম্বর ‘চ্যানেল ফোরটিন অনলাইন’ (Channel 14 online) নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে লেখা ছিল, “দেশে ফিরেছে শেখ ইনান! মহাসড়ক অবরোধ ছাত্রলীগের…..”। এ প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ভিডিওটিতে প্রায় ১ লাখ ৯০ হাজারের বেশি প্রতিক্রিয়া ছিল। পোস্টটি দুই হাজারের বেশি শেয়ার করা হয়েছে।

একই দাবিতে ফেসবুকে আরও একাধিক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয় (১, ২, ৩)।

ভিডিওটির শুরুতে অন্ধকারে একটি সড়কে সাইরেন বাজিয়ে ও জোরালো হেডলাইট জ্বালিয়ে একটি সাদা গাড়িকে এগিয়ে আসতে দেখা যায়। গাড়িটি থামার পর কয়েকজন সেখানে জড়ো হন। এরপর গাড়ি থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে নামতে দেখা যায়। এ সময় উপস্থিত ব্যক্তিদের তাকে ফুল দিয়ে বরণ করে নিতে ও বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

শেখ ইনানের দেশে ফেরার দাবিতে প্রচারিত ভিডিওর স্ক্রিনশট 

ভিডিওটির দ্বিতীয় অংশে দিনের বেলার দৃশ্য দেখা যায়। সেখানে একটি সড়কে একটি গাড়ি দাঁড় করিয়ে রাখতে দেখা যায়। কিছু মানুষ গাড়ির দিকে এগিয়ে গিয়ে বিভিন্ন স্লোগান দেন। কয়েকজনের হাতে ফুলও দেখা গেছে। উপস্থিত ব্যক্তিদের “শুভেচ্ছা স্বাগতম, ইনান ভাইয়ের আগমন”, “রুবেল ভাইয়ের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা” এবং “জয় বাংলা” স্লোগান দিতে শোনা যায়। ভিডিওটির নিচের অংশে ‘শেখ ইনানের নেতৃত্বে সড়ক অবরোধ ছাত্রলীগের’ লেখা ছিল।

পোস্টের মন্তব্যে অনেকেই এর সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। বিশেষ করে রাতের ভিডিওটিতে ব্যক্তিদের গায়ে থাকা শীতের পোশাকের দিকে ইঙ্গিত দিয়ে এর সময় নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। এক ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেন, “হবিগঞ্জ জেলার ২৩ সালের ভিডিও।।।।। এখনকার বলে চালিয়ে দিলো।” এই মন্তব্যকে সূত্র ধরে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করা হয়।

এতে ‘ফয়জুর রহমান রবিন’ (Faizur Rahman Rabin) নামের একটি ফেসবুক পেজে একটি ভিডিও পাওয়া যায়। ২০২৩ সালের ২৩ ডিসেম্বর প্রকাশিত ওই পোস্টে লেখা ছিল, “বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনান ভাইকে রাত ৩:০০ ঘটিকায় বরণ করার সময়।”

ছড়িয়ে পড়া ভিডিওর স্ক্রিনশট (বাঁয়ে) ও ২০২৩ সালের মূল ভিডিওর স্ক্রিনশট (ডানে) 

২০২৩ সালের ২৩ ডিসেম্বর প্রকাশিত ভিডিওটির সঙ্গে ১০ নভেম্বর প্রচারিত ভিডিওর দৃশ্যের হুবহু মিল পাওয়া যায়। ওই আইডিতে ২০২৩ সালের ৯ ডিসেম্বর পোস্ট করা একটি ছবি থেকে জানা যায়, ওই সময় হবিগঞ্জ জেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নাম ছিল ফয়জুর রহমান রবিন।

অর্থাৎ, ২০২৬ সালের ১০ নভেম্বর শেখ ইনানের দেশে ফেরার দাবিতে প্রচারিত ভিডিওটি প্রায় তিন বছর আগ থেকেই অনলাইনে পাওয়া যায়।

প্রসঙ্গত, আট দফা দাবিতে গত ১০ নভেম্বর দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ওই কর্মসূচিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ে। এ নিয়ে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে ডিসমিসল্যাব।

আরো কিছু লেখা