শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে লাখো মানুষ রাজপথে নেমেছেন, এমন দাবি করে ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।
‘বঙ্গবন্ধুর সৈনিক আমি’ নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে ১০ নভেম্বর একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টে লেখা, “শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে লাখ মানুষ রাজপথে নেমেছে।” ভিডিওর ভেতরে “শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে লাখো মানুষের ভিড়” এবং “বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশে আসবে” লেখা আছে। এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ভিডিওটি ৫৭ হাজারের বেশি বার দেখা হয়েছে, শেয়ার হয়েছে সাড়ে ৫০০ বারের বেশি।

ভিডিওটিতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়। তবে ভিডিওটি পর্যবেক্ষণ করে বেশ কিছু অসংগতি পাওয়া গেছে। এতে দুটি ব্যানার দেখা যায়, দুটিতেই “জাতীয় শোক দিবস” লেখাটি দেখা যায়। কিন্তু দ্বিতীয় ব্যানারের বাকি অক্ষরগুলো কোনো অর্থবহ শব্দ সৃষ্টি করছে না। এ ছাড়া ভিডিওতে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের যে দৃশ্য দেখা যাচ্ছে, তার সঙ্গে বাস্তবিক দৃশ্যের মিল নেই।
ভিডিওতে মিছিলটিকে পুলিশ ব্যারিকেডের মধ্য দিয়ে যেতে দেখা যায়। এমনকি পাঁচজন পুলিশ কর্মকর্তাকে প্রথম ব্যানারটি ধরতেও দেখা যায়। বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, এমন পরিস্থিতিতে পুলিশের এভাবে মিছিলের নিরাপত্তা দেওয়া ও ব্যানার ধরার দৃশ্যটি বাস্তবতার সঙ্গে অসংগতিপূর্ণ। এবং প্রথম ব্যানারে আওয়ামী লীগের নেতা-সদৃশ ব্যক্তিদের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের দেহের আকৃতির বেশ অস্বাভাবিক পার্থক্য দেখা যায়।
এছাড়া এআই কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশন দিয়ে ভিডিওটি যাচাই করা হয়। টুলটির বিশ্লেষণ বলছে, ভিডিওটির এআই-জেনারেটেড হওয়ার সম্ভাবনা ৯৩.১ শতাংশ।

অর্থাৎ, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে লাখো মানুষ রাজপথে নেমেছেন দাবিতে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি এআই দিয়ে তৈরি।

