জান্নাতুল ফিরদাউস

ফেলো, ডিসমিসল্যাব
old video is circulated as footage of a chhatra league

 ছাত্রলীগের ধর্মঘটের দৃশ্য দাবিতে ছড়ানো ভিডিওটি পুরনো

জান্নাতুল ফিরদাউস

ফেলো, ডিসমিসল্যাব

পদ্মা সেতু অবরুদ্ধ করা হয়েছে, এমন দাবিতে এক্সে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ব্যবহারকারীরা একে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা ১০ নভেম্বরের ধর্মঘটের দৃশ্য ধরে নিয়েছেন। তবে ডিসমিসল্যাবের অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি পুরোনো। একই ভিডিও গত ৩ অক্টোবরও সামাজিক মাধ্যমে পাওয়া গেছে।

‘তুফানি বিডি’ (Toofani BD) নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে আট সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটির সঙ্গে দেওয়া ক্যাপশনে লেখা হয়, “পুলিশ পালিয়েছে, এবং পদ্মা সেতু অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। সারা বাংলাদেশের মানুষ জেগে উঠছে। বিভিন্ন স্থানে এমন প্রতিবাদ বাংলাদেশকে এক উত্তপ্ত পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে।”

ভিডিওতে দেখা যায়, অসংখ্য মানুষ হাতে লাঠিসোঁটা নিয়ে একটি মহাসড়কে স্লোগান দিচ্ছেন। এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ভিডিওটি প্রায় ২৪ হাজারবার দেখা হয়েছে।

ভিডিওটি থেকে কয়েকটি কিফ্রেম সংগ্রহ করে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এতে ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট থেকে ২৪ অক্টোবর প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ঐ পোস্টের বর্ণনায় লেখা ছিল, “অদ্য ২৪ ১০ ২০২৬ ইং তারিখ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঞ্চন ব্রিজের পরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে লগি বৈঠা মিছিল হয়েছে।”

ফেসবুকে মুজিব সৈনিক নামের একটি প্রোফাইল থেকেও একই ভিডিও পোস্ট করতে দেখা গেছে। গত ৩ অক্টোবর প্রকাশিত ওই পোস্টে লেখা ছিল, “শুরু হয়ে গেছে আওয়ামী লীগের অ্যাকশন ।”

আজাদ আহমেদ টু (azadahmed2) নামের ইন্সটাগ্রাম একাউন্টের পোস্টের স্ক্রিনশট (বামে) এবং মুজিব সৈনিক নামের ফেসবুক প্রোফাইলের পোস্টের স্ক্রিনশট (ডানে)।

তবে এই দুইটি ভিডিওর দাবি সঠিক কিনা, মূল ভিডিওটি কবে ধারণ করা হয়েছিল কিংবা ভিডিওটি মূলত কোন ঘটনার দৃশ্য—তা নির্ভরযোগ্য কোনো সূত্রের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়নি।  

অর্থাৎ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা ১০ নভেম্বরের ধর্মঘট কর্মসূচির প্রেক্ষাপটে ছড়ানো ভিডিওটি পুরোনো। ভিডিওটি গত ৩ অক্টোবরও সামাজিক মাধ্যমে পাওয়া যায়। 

প্রসঙ্গত, ১০ নভেম্বর বাংলাদেশ ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ধর্মঘটের কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক উত্তেজনা, অবরোধ ও সহিংসতার ঘটনা ঘটেছে। এই ধর্মঘট নিয়ে ছড়ানো ভুয়া দাবি সম্পর্কে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে ডিসমিসল্যাব। 

আরো কিছু লেখা