আহমেদ ইয়াসীর আবরার

সিনিয়র রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
chhatraleague strike old video feature

ছাত্রলীগের ধর্মঘটের দৃশ্য দাবি করে ছড়াচ্ছে একাধিক পুরোনো ভিডিও

আহমেদ ইয়াসীর আবরার

সিনিয়র রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

ছাত্রলীগের ডাকা ধর্মঘটে রাজধানীর দৃশ্য দাবি করে একাধিক ভিডিও পোস্ট করা হচ্ছে ফেসবুকে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওগুলোর সঙ্গে ছাত্রলীগের ডাকা ১০ নভেম্বরের ধর্মঘটের কোনো সম্পর্ক নেই। উভয় ভিডিওই পুরোনো।

১ম ভিডিও

ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে পোস্ট করে লেখা হয়, “ছাত্রলীগের ডাকা ধর্মঘটে আজ মীরপুর সাড়ে এগারোর চিত্র, বিএনপি জামায়াত এনসিপি এরা দেশের শত্রু,এরা হতে পারে না বাংলা মায়ের মিত্র।” পোস্টের সঙ্গে যুক্ত ভিডিওতে দেখা যাচ্ছে, কোনো একটি মেট্রোস্টেশনের নিচ দিয়ে একটি ফায়ার সার্ভিসের গাড়ি চলে যাচ্ছে। ভিডিওর শেষে “সেন্টার মিরপুর” নামের একটি সাইনবোর্ডও দেখা যায়।

পুরোনো ভিডিওকে আজকের দাবি করা ফেসবুক পোস্টের স্ক্রিনশট (বামে); ২ নভেম্বরে ইউটিউবে একই শর্টসের স্ক্রিনশট (ডানে)

ভিডিওটির সূত্র যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করলে “আয়ান খান ব্লগস” নামের একটি ইউটিউব চ্যানেলের শর্টস সামনে আসে। গত ২ নভেম্বরে আপলোড করা শর্টসের ক্যাপশনে লেখা, “২ নভেম্বর ২০২৬” (2 November 2026)। এই ভিডিওটির দৃশ্যের সঙ্গে ছাত্রলীগের ধর্মঘট দাবিতে ছড়ানো দৃশ্য হুবহু মিলে যায়। তবে ২ নভেম্বর উল্লেখ করা আপলোড করা ভিডিওটি কোন ঘটনার, তা উল্লেখ করা হয়নি।

অর্থাৎ, ছাত্রলীগের ডাকা ধর্মঘটে মিরপুর সাড়ে এগারোর চিত্র দাবি করে ছড়ানো ভিডিওটি পুরোনো, আজকের নয়।

২য় ভিডিও

“শেখ ওয়ালী রহমান” নামের একটি প্রোফাইল থেকে আরেকটি ভিডিও পোস্ট করে লেখা হয়, “বাংলাদেশ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে রাজধানীর বিভিন্ন মহাসড়ক অচল।” এই ভিডিওতেও দেখা যাচ্ছে কোনো একটি মেট্রোস্টেশনের নিচে আগুন জ্বলছে।

পুরোনো ভিডিওকে আজকের দাবি করা ফেসবুক পোস্টের স্ক্রিনশট (বামে); ২ নভেম্বরে পোস্ট হওয়া একই ভিডিওযুক্ত পোস্টের স্ক্রিনশট (ডানে)

ভিডিওটির সূত্র যাচাই করতে গেলে “ইসলামিক মিডিয়া টিভি” নামের একটি পেজের পোস্ট খুঁজে পায় ডিসমিসল্যাব। এই পোস্টটিও গত ২ নভেম্বর করা হয়েছিল। পোস্টে লেখা, “মিরপুর ১১ ভয়াবহ অবস্তা।” (বানান অপরিবর্তিত)। এটির সঙ্গে ধর্মঘটের দৃশ্য দাবিতে ছড়ানো ভিডিওটির সাদৃশ্য দেখা যায়। এই ভিডিওটিরও কোনো প্রেক্ষাপট উল্লেখ করা হয়নি।

অর্থাৎ, ছাত্রলীগের ধর্মঘটে রাজধানীর মহাসড়ক অচল দাবিতে ছড়ানো ভিডিওটি অন্তত গত ২ নভেম্বর থেকেই সামাজিক মাধ্যমে পাওয়া যায়। এর সঙ্গে ১০ নভেম্বরের ধর্মঘটের কোনো সম্পর্ক নেই।

উল্লেখ্য, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ আট দফা দাবিতে ১০ নভেম্বর দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এই ধর্মঘটের দৃশ্যের ভুয়া দাবি নিয়ে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে ডিসমিসল্যাব।

আরো কিছু লেখা