ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের আজকের ধর্মঘটে চকবাজার থানার সামনে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ করা হয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি এক বছরেরও বেশি পুরোনো।
রক্তে কেনা একাত্তর নামে একটি ফেসবুক প্রোফাইল থেকে ১০ নভেম্বর ভিডিওটি পোস্ট করা হয়। ১৬ সেকেন্ডের ভিডিওর বর্ণনায়, “আজকে আওয়ামীলীগের ধ’র্ম’ঘ’টে চকবাজার থানার সামনে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে অ’গ্নি’সং’যো’গ।”
ভিডিওটির কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ডিসমিসল্যাব। এতে চট্টগ্রাম আপডেট নামে ফেসবুক পেজে এক বছর আগে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ২০২৫ সালের ১২ অক্টোবর প্রকাশিত ১৬ সেকেন্ডের এই ভিডিওর দৃশ্যের সঙ্গে সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওটি পুরোপুরি মিলে যায়। পোস্টের ক্যাপশনে লেখা, “চট্টগ্রামের চকবাজারে হঠাৎ আগুন লেগেছে। কোচিং এর প্রাণকেন্দ্র বলা হয় এই চকবাজার’কে, আর পাশেই রয়েছে ইসলামি ব্যাংক”।

বিস্তারিত যাচাইয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করা হয়। এতে “এক আগুনের মধ্যে পুরোনো আগুনের ছবি-ভিডিও ছড়িয়ে ভুয়া দাবি” শিরোনামে প্রথম আলোতে প্রকাশিত একটি ফ্যাক্টচেক প্রতিবেদন পাওয়া যায়। ২০২৫ সালের ২০ অক্টোবর প্রকাশিত এই প্রতিবেদনে চট্টগ্রাম থানার পুলিশের বরাতে প্রথম আলো জানায়, বৈদ্যুতিক তারের শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটে।
অর্থাৎ, আওয়ামী লীগের আজকের ধর্মঘটে চকবাজার থানার সামনে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটি প্রায় এক বছর পুরোনো।
প্রসঙ্গত, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ আট দফা দাবিতে ১০ নভেম্বর দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এই ধর্মঘটের দৃশ্যের ভুয়া দাবি নিয়ে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে ডিসমিসল্যাব।

