নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘটের দৃশ্য দাবিতে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি ধর্মঘটের নয়। এটি গত ৩ নভেম্বর ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের দৃশ্য।
গত ১০ নভেম্বর ‘বাংলাদেশ আওয়ামী-যুবলীগ’ (Bangladesh Awami Jubo League) নামের একটি ফেসবুক গ্রুপে ১৭ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। এতে লেখা হয়, “ছাত্রলীগের ডাকা ধর্মঘট চলমান”। একই সঙ্গে গাড়ি চলাচল ও দোকানপাট বন্ধ রাখার আহ্বান জানিয়ে সবাইকে ঘরে থাকতে বলা হয়।
একই দাবিতে আরও একাধিক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয় (১, ২)।

ভিডিওতে রাতের বেলায় একটি ভবনের সামনে বেশ কয়েকজন ব্যক্তিকে ছোটাছুটি করতে দেখা যায়। সেখানে একটি বাসও রয়েছে। বাসে ঢিল ছুড়তে দেখা যায় কয়েকজনকে।
সত্যতা যাচাইয়ে ভিডিওর কয়েকটি কিফ্রেম রিভার্স সার্চ করা হয়। এতে সংবাদমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ‘টিবিএস গ্র্যাজুয়েটস’ (TBS Graduates) নামের ভেরিফায়েড ফেসবুক পেজে একই দৃশ্যের একটি ভিডিও পাওয়া যায়। গত ৪ নভেম্বর প্রকাশিত ওই পোস্ট অনুযায়ী, দৃশ্যটি এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচের পর উত্তেজনার পরিস্থিতির।
ওই ভিডিওর নির্মাণাধীন বহুতল ভবন, ভবনের সামনের কাঠামো এবং উপস্থিত ব্যক্তিদের অবস্থানের সঙ্গে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়। পোস্টের বর্ণনায় বলা হয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ফুটবল ম্যাচের ২০তম মিনিটে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল।

এছাড়া একই দৃশ্যের আরেকটি ভিডিও পাওয়া যায় ‘প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ নামের ফেসবুক পেজে। গত ৩ নভেম্বর প্রকাশিত ওই পোস্টে জানানো হয়, এবিজি ইউনিভার্সিটি কাপের ফাইনালকে কেন্দ্র করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও এআইইউবির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পরে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে গত ৪ নভেম্বর কালবেলায় প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। “আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামের প্রতিবেদনটিতে বলা হয়, গত ৩ নভেম্বর এবিজি ইউনিভার্সিটি কাপের ফাইনাল চলাকালে এবং পরে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় একটি শীতাতপনিয়ন্ত্রিত বাস ও ছয়টি সাধারণ বাস ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, আহত ২০ জনের বেশি শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নেন।
প্রসঙ্গত, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ আট দফা দাবিতে ১০ নভেম্বর দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
অর্থাৎ, ছাত্রলীগের ডাকা ধর্মঘটের দৃশ্য দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটি ওই কর্মসূচির নয়। এটি গত ৩ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের পর শিক্ষার্থীদের সংঘর্ষের সময় ধারণ করা ভিডিও।
উল্লেখ্য, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১০ নভেম্বরের ধর্মঘটের ভুয়া দাবি নিয়ে আরও ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে ডিসমিসল্যাব।

