ফেসবুকে একটি ভিডিও পোস্ট করা দাবি করা হচ্ছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস হয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ওই ভিডিওতে থাকা পুরুষ এনসিপি নেতা নয় বরং উপজেলা সমাজসেবা কার্যালয়ের এক ইউনিয়ন সমাজকর্মী এক সমাজকর্মী।
ফেসবুকে “গোপালগঞ্জ ইনসাইডারস” একটি পেজ থেকে গত ৮ নভেম্বর ভিডিওটি পোস্ট করা হয়। ১৭ সেকেন্ডের ভিডিওতে এক ব্যক্তির সঙ্গে এক নারীকে দেখা যায়। ক্যাপশনে লেখা, “এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস!! (বানান অপরিবর্তিত)”
এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত ভিডিওটি ৬৮ হাজারের বেশিবার দেখা হয়েছে এবং একশ’র বেশি শেয়ার করা হয়েছে।
ফেসবুকের একাধিক পেজ ও ব্যক্তিগত প্রোফাইল থেকে একই দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়।
সত্যতা যাচাইয়ে ভিডিওটির কি-ফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করা হলে নোয়াখালীর স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম ‘নোয়াখালী নিউজ’ এর ফেসবুক পেজে চলতি বছরের ৯ অক্টোবর প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির বর্ণনায় লেখা, “কবিরহাটে ভাতার লোভ দেখিয়ে নারীর সঙ্গে সমাজসেবা কর্মকর্তার অ’ন্ত’র’ঙ্গ ভিডিও ভাইরাল (বানান অপরিবর্তিত)।” ৩ মিনিট ২৬ সেকেন্ডের ভিডিওর কিছু অংশের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর সাদৃশ্য রয়েছে।

ঘটনাটি নিয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ( ১, ২, ৩, ৪, ৫) খুঁজে পায় ডিসমিসল্যাব। দৈনিক ইত্তেফাকে গত ৯ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘নোয়াখালীর কবিরহাটে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে এক নারীর সঙ্গে আপত্তিকর সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে উপজেলা সমাজসেবা কার্যালয়ের এক ইউনিয়ন সমাজকর্মীর বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।’

প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত সমাজকর্মীর নাম মো. মফিজুর রহমান। তিনি স্বীকার করেছেন, ভিডিওতে থাকা ব্যক্তি তিনি নিজেই। তবে ভিডিওতে কীভাবে ওই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সে বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন তিনি।
অর্থাৎ, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর অন্তরঙ্গ ভিডিও ফাঁসের দাবিতে প্রচারিত ভিডিওটি ভুয়া। মূল ভিডিওতে থাকা ব্যক্তি নোয়াখালীর এক সমাজকর্মী।

