মৌ দাস

ফেলো, ডিসমিসল্যাব
তোফায়েল আহমেদের জানাজার মিছিলের ভিডিও হাইকোর্টের সামনে আ. লীগের মিছিল দাবিতে প্রচার

তোফায়েল আহমেদের জানাজার মিছিলের ভিডিও হাইকোর্টের সামনে আ. লীগের মিছিল দাবিতে প্রচার

মৌ দাস

ফেলো, ডিসমিসল্যাব

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়েছে, হাইকোর্টের সামনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিশাল মিছিল করেছেন। তবে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের জানাজা শেষে বের হওয়া মিছিলের।

ফেসবুকে ৮ নভেম্বর বিভিন্ন প্রোফাইল থেকে ভিডিওটি পোস্ট করা হয়। এসব পোস্টে লেখা ছিল, “ঢাকা হাইকোর্টের সামনে আওয়ামী লীগ এর বিশাল মিছিল।” ভিডিওতে একদল মানুষকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দিতে মিছিল করতে দেখা যায়।

এই প্রতিবেদন প্রকাশের আগে পর্যন্ত এই পোস্টে ২ হাজার ৮০০ বারের বেশি প্রতিক্রিয়া দেখা গেছে এবং ৩০০ বারের বেশি শেয়ার করা হয়েছে।

এ দাবিতে ফেসবুকে একাধিক পোস্ট (১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ ও ১১) ছড়িয়ে পড়ে। ইনস্টাগ্রামে একই দাবিতে একটি পোস্ট পাওয়া যায়।

হাইকোর্টের সামনে আওয়ামী লীগের মিছিল দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওর স্ক্রিনশট

সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করলে সংবাদমাধ্যম চ্যানেল আইয়ের ফেসবুক পেজে গত ১ জুন প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। পোস্টে লেখা ছিল, “তোফায়েল আহমেদের জানাজা শেষে স্লোগান দিয়ে মিছিল।” ২ মিনিট ৪১ সেকেন্ডের ওই ভিডিওর ৩৩ সেকেন্ড অংশ থেকে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটির সঙ্গে দৃশ্যগত মিল পাওয়া যায়।

হাইকোর্টের সামনে আওয়ামী লীগের মিছিল দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওর স্ক্রিনশট (বাঁয়ে) ও চ্যানেল আইয়ের ফেসবুক পেজে প্রকাশিত পুরোনো ভিডিওর স্ক্রিনশট (ডানে)

এ ছাড়া একই ঘটনা নিয়ে ঢাকা ট্রিবিউনের একটি ফেসবুক রিল পাওয়া যায়। ক্যাম্পাস টাইমসেও একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে ব্যবহৃত ভিডিও ও ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়।

প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে এ ঘটনা নিয়ে একাধিক সংবাদমাধ্যমে (১, ২, ৩, ৪, ৫) প্রতিবেদন পাওয়া যায়। প্রতিটি প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তোফায়েল আহমেদের প্রথম জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।

অর্থাৎ, ঢাকার হাইকোর্টের সামনে আওয়ামী লীগের মিছিল দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি নতুন কোনো মিছিলের নয়। এটি গত জুনে তোফায়েল আহমেদের জানাজা শেষে স্লোগান দিয়ে বের হওয়া মিছিলের পুরোনো ভিডিও।

আরো কিছু লেখা