নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
ফ্যাক্টচেক, ইজরায়েল সংসদে নামাজ, জর্ডানের ভিডিও

নামাজ পড়ার দৃশ্যটি ইসরায়েলের নয়, জর্ডানের পার্লামেন্টের

নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

ইসরায়েলের নির্বাচনে আরব দলগুলো রেকর্ড ১৯টি আসন পাওয়ার পর সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, ইসরায়েলের পার্লামেন্টে মুসলিমরা নামাজ পড়ছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি জর্ডানের পার্লামেন্টের দৃশ্য। একাধিক সংবাদ প্রতিবেদনে বলা হয়, দৃশ্যটি জর্ডানের আম্মানে পার্লামেন্ট কক্ষে ৩ নভেম্বর একদল আইনপ্রণেতার দুপুরের নামাজ পড়ার।

ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ৪ নভেম্বর একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “ইজরায়েলের সংসদে শোনা গেল নামাজের ধ্বনি! ইজরায়েলের সংসদ (নেসেট)-এর মূল অধিবেশন কক্ষে মুসলিম সাংসদরা একসঙ্গে নামাজ আদায় করেছেন। এই দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে।” ২২ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওতে দেখা যায়, একটি বৃত্তাকার কক্ষে একাধিক ব্যক্তি নামাজ পড়ছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ১ হাজার ৭০০ বারের বেশি শেয়ার করা হয়েছে এবং ভিডিওটি দেখা হয়েছে ১ লক্ষ ৫৭ হাজারের বেশি বার। ফেসবুকের একাধিক (১, ২, ৩, ৪, ৫) ব্যক্তিগত প্রোফাইল থেকেও একই দাবিতে ভিডিওটি শেয়ার করা হয়। 

ফ্যাক্টচেক, ইজরায়েল সংসদে নামাজ, জর্ডানের ভিডিও
ভুয়া দাবিতে ছড়িয়ে পড়া ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

সত্যতা যাচাইয়ে ভিডিওটির কি-ফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করা হয়। সংবাদমাধ্যম বিবিসি নিউজ আরবির ইউটিউব চ্যানেলের একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির শিরোনাম অনুবাদ করলে দাঁড়ায়, “জর্ডানের পার্লামেন্টের গম্বুজের নিচে নামাজ আদায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।”

ভিডিওর বিস্তারিত বিবরণে লেখার অনুবাদ, “স্থায়ী কমিটির নির্বাচন সংক্রান্ত অধিবেশনের ঠিক আগে জর্ডানের কয়েকজন সংসদ সদস্য পার্লামেন্টের গম্বুজের নিচে জোহরের নামাজ আদায় করেছেন। এই ঘটনাটি ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে; যেখানে সমর্থনকারীরা এটিকে ধর্মীয় আচরণ হিসেবে স্বাগত জানিয়েছেন, অন্যদিকে সমালোচকরা গম্বুজের নিচে নামাজ আদায় করার কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন।” 

সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল মারসাদ এর প্রকাশিত প্রতিবেদন বাংলা অনুবাদ করলে দেখা যায়, “একটি ভিডিও ক্লিপে দেখা গেছে, জর্ডানের প্রতিনিধি পরিষদের একাধিক সদস্য পরিষদের স্থায়ী কমিটি নির্বাচনের অধিবেশন শুরু হওয়ার ঠিক আগে পার্লামেন্ট হলের গম্বুজের নিচে জামায়াতের সঙ্গে জোহরের নামাজ আদায় করছেন। ভিডিওটিতে দেখা যায় সংসদ সদস্যরা জামায়াতে নামাজ পড়ছেন এবং এমপি আহমেদ আল-রাক্বাব তাদের ইমামতি করছেন। জর্ডানের এমপি দিমা তাহবুব ব্যাখ্যা করে জানান যে, উদ্বোধনী পর্বের নিয়মকানুনের কারণে হলের দরজাসমূহ বন্ধ থাকায় অধিবেশন শুরু হওয়ার আগেই এই নামাজের আয়োজন করা হয়েছিল।”

ফ্যাক্টচেক, ইজরায়েল সংসদে নামাজ, জর্ডানের ভিডিও
মূল ঘটনা নিয়ে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদন।

এছাড়াও একাধিক (১, ২, ৩) আন্তর্জাতিক তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ভিডিওটিকে জর্ডানের সংসদের দৃশ্য হিসেবে উল্লেখ করেছে। 

এর আগেও ইসরায়েল-সংক্রান্ত দাবি নিয়ে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে ডিসমিসল্যাব।

অর্থাৎ, নামাজ পড়ার দৃশ্যটি ইসরায়েলের নয়, জর্ডানের পার্লামেন্টের। 

আরো কিছু লেখা