মৌ দাস

ফেলো, ডিসমিসল্যাব
ভারতের কালীপূজার মণ্ডপে আগুনের দৃশ্য যশোরের দাবিতে প্রচার

ভারতের কালীপূজার মণ্ডপে আগুনের দৃশ্য যশোরের দাবিতে প্রচার

মৌ দাস

ফেলো, ডিসমিসল্যাব

ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, বাংলাদেশের যশোর জেলার কালীর বাজারে শ্যামাপূজার (কালীপূজা) মণ্ডপ ইসলামি জঙ্গিরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তবে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি বাংলাদেশের নয়। এটি ভারতের পশ্চিমবঙ্গে কালীপূজার একটি মণ্ডপে অগ্নিকাণ্ডের দৃশ্য।

ফেসবুকে ৮ নভেম্বর ভিডিওটি পোস্ট করে দাবি করা হয়, “বাংলাদেশের যশোর জেলার কালীর বাজারে শ্যামা পুজার (কালী পুজোর) মন্ডপ জ্বালিয়ে দিয়েছে ইসলামি জেহাদি জ * ঙ্গিরা।” ভিডিওতে একটি পূজামণ্ডপে আগুন জ্বলতে দেখা যায়। মণ্ডপের সামনে “যশোড়া কালিবাজার” লেখা ছিল।

এ দাবিতে ফেসবুকে একাধিক পোস্ট ছড়িয়ে পড়ে (১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ ,৮, ৯,১০,১১)।

যশোরে কালীপূজার মণ্ডপে আগুন দেওয়ার দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওর স্ক্রিনশট

ভিডিওটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের ওয়েবসাইটে ৭ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। “উদ্বোধনের দিনই ভয়াবহ আগুন, চোখের নিমেষে পুড়ে ছাই পাঁশকুড়ার কালীপুজোর মণ্ডপ” শিরোনামের ওই প্রতিবেদনে প্রকাশিত ছবির সঙ্গে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়।


যশোরে মণ্ডপে আগুন দেওয়ার দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওর স্ক্রিনশট (বাঁয়ে) এবং ভারতের সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদনে প্রকাশিত ছবি (ডানে)

প্রতিবেদনটিতে বলা হয়, শনিবার ৭ নভেম্বর, ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার যশোড়াকালি বাজারে কালীপূজার একটি মণ্ডপে আগুন লাগে। উদ্বোধনের কয়েকঘণ্টা আগে আগুনে মণ্ডপটি পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকে আগুন লাগার আশঙ্কা করা হয়। তবে আগুন লাগার অন্য সম্ভাব্য কারণও খতিয়ে দেখা হচ্ছিল।

একই ঘটনা নিয়ে আরও কয়েকটি সংবাদমাধ্যমে প্রতিবেদন পাওয়া যায়। বাংলাদেশের সংবাদমাধ্যম চ্যানেল টোয়েন্টি ফোরেও ‘উদ্বোধনের কয়েক ঘণ্টা আগেই আগুনে পুড়ে ছাই কালীপূজার সুবিশাল মণ্ডপ’ শিরোনামে এ ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

এসব প্রতিবেদনে প্রকাশিত ছবির সঙ্গে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। এ ছাড়া ভিডিওতে মণ্ডপের সামনে “যশোড়া কালিবাজার” লেখা দেখা যায়, যা প্রতিবেদনগুলো উল্লেখ করা পূর্ব মেদিনীপুরের যশোড়াকালি বাজারের নামের সঙ্গে মিলে যায়।

অর্থাৎ, ভিডিওটি বাংলাদেশের যশোরের নয়। এটি ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের যশোড়াকালি বাজারে কালীপূজার মণ্ডপে অগ্নিকাণ্ডের দৃশ্য।

আরো কিছু লেখা