মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
Factchecking Student's League blocked false video

ছাত্রলীগের ধর্মঘটের দাবিতে ছড়াচ্ছে ইউনিয়ন বাতিলের আন্দোলনের ভিডিও

মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘট কর্মসূচির দৃশ্য হিসেবে ফেসবুকে রেলপথ অবরোধের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, দাবিটি মিথ্যা। ভিডিওটি গত ৮ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় প্রশাসনিক সীমানা পরিবর্তনের প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের রেলপথ অবরোধের ঘটনার।

সম্প্রতি ‘গাজীপুর জেলা যুবলীগ শাখা’ নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে ২৬ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। এতে লেখা হয়, “আমাদের ধর্মঘট কর্মসূচি ও হরতাল চলমান জয় বাংলা জয় বঙ্গবন্ধু.. ✊”।  

এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ভিডিওটি শুধু ফেসবুকেই একই দাবিতে ২৩০টির বেশি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে।

ভিডিওতে রেললাইনের ওপর আড়াআড়িভাবে কাঠের স্লিপার ফেলে অবরোধ করতে দেখা যায়। সেখানে কয়েকজন ব্যক্তি বসে আছেন। তাদের আশপাশে শিশু ও আরও কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। রেললাইনের পাশে ঘরবাড়ি, গাছপালা ও একটি সাইনবোর্ডও রয়েছে।

ছাত্রলীগের ধর্মঘটের দৃশ্য দাবিতে ‘গাজীপুর জেলা যুবলীগ শাখা’ নামের ফেসবুক প্রোফাইল থেকে প্রচারিত ভিডিওর স্ক্রিনশট

অনুসন্ধানে ‘উপকূল এক্সপ্রেস’ (Upakul Express) নামের ফেসবুক পেজে একই দৃশ্যের একটি ভিডিও পাওয়া যায়। গত ৮ নভেম্বর সকাল ৯টা ৫৫ মিনিটে প্রকাশিত পোস্টটিতে লেখা ছিল, “সকাল থেকে আখাউড়া কোড্ডা কেবিন রেলপথ অবরোধ ট্রেন চলাচল সাময়িক বন্ধ।” পোস্টে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ থাকার কথাও জানানো হয়।

উপকূল এক্সপ্রেসের ভিডিওতে রেললাইনের ওপর রাখা কাঠের স্লিপার, লাল পোশাক পরা শিশু, লাইনে বসে থাকা ব্যক্তি এবং আশপাশের ঘরবাড়ির দৃশ্যের সঙ্গে ছাত্রলীগের ধর্মঘটের দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়।

পরে প্রাসঙ্গিক কিওয়ার্ড দিয়ে অনুসন্ধান করে গত ৮ নভেম্বর যমুনা টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত আরেকটি ভিডিও পাওয়া যায়। “ব্রাহ্মণবাড়িয়ায় গাছের গুঁড়ি ফেলে রেলপথ অবরোধ” শিরোনামের ভিডিওটিতেও একই দৃশ্য রয়েছে। এছাড়া,  যমুনা টিভির ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনেও ওই অবরোধের বিস্তারিত তথ্য পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নবগঠিত “বরিশল” ইউনিয়ন বাতিল এবং নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রেলপথ ও সড়ক অবরোধ করেন। ৮ নভেম্বর সকাল থেকে আখাউড়া বাইপাস রেলওয়ে কেবিন এলাকায় এই কর্মসূচি শুরু হয়।

গত ৮ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় স্থানীয় বাসিন্দাদের রেলপথ অবরোধের দৃশ্য নিয়ে যমুনা টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওর স্ক্রিনশট

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম নিয়ে “বরিশল” নামে নতুন একটি ইউনিয়ন গঠন করা হয়। পরে সেটি আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। এ বিষয়ে গত ৪ জুন গেজেট প্রকাশিত হয়। শুরু থেকেই এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা।

সম্প্রতি বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়নসহ কয়েকটি এলাকা নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব করা হলে স্থানীয়দের মধ্যে আবারও ক্ষোভ তৈরি হয়। এর প্রতিবাদেই রেলপথ ও সড়ক অবরোধের কর্মসূচি পালন করা হয়।

গত ৮ নভেম্বর সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) একটি প্রতিবেদনে একই ঘটনার তথ্য পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় স্থানীয় বাসিন্দারা রেললাইনের ওপর অব্যবহৃত কাঠের স্লিপার রেখে অবরোধ করেন। ইউএনবির প্রতিবেদন অনুযায়ী, প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল শুরু হয়।

অর্থাৎ, ছাত্রলীগের ধর্মঘট কর্মসূচির দৃশ্য হিসেবে ফেসবুকে প্রচারিত ভিডিওটি ওই সংগঠনের কোনো কর্মসূচির নয়। এটি গত ৮ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার কোড্ডা এলাকায় প্রশাসনিক সীমানা পরিবর্তনের প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের রেলপথ অবরোধের দৃশ্য।

প্রসঙ্গত, ১০ নভেম্বর দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলা ট্রিবিউনে ১০ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, ধর্মঘটের মধ্যেও রাজধানীতে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। তবে ৯ নভেম্বর সন্ধ্যার পর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

আরো কিছু লেখা