নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
ফ্যাক্টচেক, লকডাউনের পুরোনো ভিডিও প্রচার

দৃশ্যটি আওয়ামী লীগের অবরোধের, তবে আজকের নয়, ২০২৫ সালের

নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘট উপলক্ষ্যে আজ ফরিদপুরে ভাঙ্গা মহাসড়ক অবরোধ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি গত বছরের ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনে মহাসড়ক অবরোধের দৃশ্য।

ফেসবুকে আজ ১০ নভেম্বর “রক্তে কেনা একাত্তর” নামের ব্যক্তিগত প্রোফাইল থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, “আজকে ফরিদপুর ভাঙ্গা মহাসড়ক অ’ব’রো’ধ করে আওয়ামীলীগের নেতাকর্মীদের ধ’র্ম’ঘ’ট।” ভিডিওতে দেখা যায়, একদল ব্যক্তি দেশীয় অস্ত্র হাতে বিক্ষোভ করছে। ফেসবুকের আরেকটি প্রোফাইল থেকেও ভিডিওটি একই দাবিতে প্রচার করা হয়। 

ফ্যাক্টচেক, লকডাউনের পুরোনো ভিডিও প্রচার
ভুয়া দাবিতে ছড়িয়ে পড়া ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

সত্যতা যাচাইয়ে কিফ্রেম ধরে সার্চ করলে কালবেলার ২০২৫ সালের ১৩ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটির শিরোনাম ছিল, “মহাসড়কে আ.লীগের অস্ত্র নিয়ে মহড়া, যানবাহন চলাচল বন্ধ।” প্রতিবেদনে বলা হয়, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়ক ও বরিশাল মহাসড়কের একাধিক স্থানে অবরোধ করে রাখা হয়েছে।” এ প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের হুবহু মিল রয়েছে। এছাড়া একাধিক সংবাদ (১, ২, ৩) প্রতিবেদনে দৃশ্যটিকে ১৩ নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউনের দৃশ্য হিসেবে উল্লেখ করা হয়। 

ফ্যাক্টচেক, লকডাউনের পুরোনো ভিডিও প্রচার
গত বছরের লকডাউন নিয়ে প্রকাশিত সংবাদ প্রতিবেদন।

অর্থাৎ, গত বছরের আওয়ামী লীগের ডাকা লকডাউনে ফরিদপুরে মহাসড়ক অবরোধের দৃশ্য ছড়াচ্ছে আজকের কর্মসূচির দাবিতে। উল্লেখ্য, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১০ নভেম্বরের ধর্মঘটের দৃশ্যের ভুয়া দাবি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে ডিসমিসল্যাব।

আরো কিছু লেখা