নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সংবাদমাধ্যম মানবজমিন ছাত্রলীগের ডাকা ধর্মঘটের দিন, অর্থাৎ, ১০ নভেম্বর ভিডিওটি প্রকাশ করলেও শোডাউনটি কবে হয়েছে, তা উল্লেখ করেনি। অনেক ব্যবহারকারী শোডাউনের দৃশ্যটি ১০ নভেম্বরের ভেবে মন্তব্য করেছেন, শেয়ারও করছেন।
সংবাদমাধ্যম ‘মানবজমিনের’ (Daily Manab Zamin) ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ১০ নভেম্বর দুপুর ১টা ৩৬ মিনিটে ২২ সেকেন্ডের ভিডিও পোস্ট করা হয়। পোস্টে লেখা হয়, “রাজধানীর আর্মি গলফ ক্লাবের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, ককটেল নিক্ষেপ।” ভিডিওটির ভেতরে লেখা, “রাজধানীর আর্মি গলফ ক্লাবের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউ।” তবে পোস্টের কোথাও বা ভিডিওতে ঘটনাটি কবে ঘটেছে, তা উল্লেখ করা হয়নি। এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত পোস্টটিতে সাড়ে পাঁচ হাজারের বেশি প্রতিক্রিয়া ও তিনশর বেশি মন্তব্য এসেছে। শেয়ার হয়েছে আড়াইশ বারের বেশি।

ভিডিওতে একটি সড়কে কতগুলো মোটরসাইকেল নিয়ে কিছু ব্যক্তিকে চলাচল করতে দেখা যায়। তাদের কয়েকজনকে হাত তুলে স্লোগান দিতে দেখা যায়। সড়কের পাশে একটি দেয়াল, গাছপালা ও সাইনবোর্ড রয়েছে।
ভিডিওটি শেয়ার করে একজন ব্যবহারকারী লিখেছেন, “বিএনপির জোটসঙ্গীরা এখন কোথায় তাদের তো আওয়ামী লীগের বিরুদ্ধে একটা প্রতিবাদ মিছিল করতে দেখলাম না।” একই ভিডিও আরেকজন শেয়ার করে লিখেছেন, “চলছে লড়াই চলবে।”
আরেকটি প্রোফাইল থেকে পোস্টটি শেয়ার করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়ে মন্তব্য করা হয়। একজন শেয়ার করে লিখেছেন, “এটাই আওয়ামী লীগ। রাজপথে দুর্দমনীয় আকর্ষণের কেন্দ্রে অবস্থান করা দল আওয়ামী লীগ।”
সত্যতা যাচাইয়ে ভিডিওর কয়েকটি কিফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে ‘ঢাকা রিপোর্ট’ (Dhaka Report) নামের ভেরিফায়েড ফেসবুক পেজে একই ভিডিও পাওয়া যায়। নিজেদের সংবাদমাধ্যম হিসেবে পরিচয় দেওয়া ওই পেজে গত ৫ নভেম্বর প্রকাশিত ভিডিওটির বর্ণনায় লেখা ছিল, “রাজধানীর আর্মি গলফ ক্লাবের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, ককটেল নিক্ষেপ। পুলিশের এক সদস্য আহত।”

দুটি ভিডিওতে মোটরসাইকেল আরোহী, তাদের পোশাক ও অবস্থানের মিল রয়েছে। বিশেষ করে হালকা রঙের টি-শার্ট পরা এক ব্যক্তিকে মোটরসাইকেলে বসে হাত তুলে থাকতে দেখা যায়। তার পাশে অন্য মোটরসাইকেল আরোহী এবং সড়কের বাম দিকে নীল পোশাক পরা এক ব্যক্তির অবস্থানও মিলে যায়। পেছনের দেয়াল, গাছপালা ও সড়কের পরিবেশও একই।
একই দৃশ্যের ভিডিও পাওয়া যায় ‘গণকণ্ঠ নিউজ’ (Gonokantho News) নামের আরেকটি ফেসবুক পেজে। গত ৫ নভেম্বর ভিডিওটি ওই পেজ থেকে পোস্ট করা হয়। এছাড়া, সংবাদমাধ্যম একুশে টেলিভিশনের ফেসবুক পেজ থেকে ভিডিওটি একই তারিখ ও একই তথ্য দিয়ে প্রকাশ করা হয়।
অর্থাৎ, মানবজমিনের ফেসবুক পেজে ১০ নভেম্বর প্রকাশিত ভিডিওটি অন্তত পাঁচ দিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছিল।
এই ঘটনা নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত একটি প্রতিবেদনও পাওয়া যায়। সেখানে বলা হয়, ৫ নভেম্বর সকালে আর্মি গলফ ক্লাবসংলগ্ন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের টহল গাড়িতে ককটেল নিক্ষেপের অভিযোগ ওঠে। এতে এক পুলিশ সদস্য আহত হন।
এ ছাড়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনেও ওই দিন সকালে মোটরসাইকেল মিছিল, ককটেল বিস্ফোরণ এবং পুলিশ সদস্য আহত হওয়ার তথ্য পাওয়া যায়।
অর্থাৎ, মানবজমিনের ফেসবুক পেজে প্রকাশিত মোটরসাইকেল শোডাউনের ভিডিওটি নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের অন্তত পাঁচ দিন আগের। তবে ভিডিওর ঘটনার মূল তারিখ উল্লেখ না করায় ব্যবহারকারীরা সেটি ১০ নভেম্বরের দৃশ্য ভেবে বিভ্রান্ত হচ্ছেন।
প্রসঙ্গত, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ আট দফা দাবিতে ১০ নভেম্বর দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। উল্লেখ্য, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১০ নভেম্বরের ধর্মঘট নিয়ে ছড়ানো ভুয়া দাবি নিয়ে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে ডিসমিসল্যাব।
বিবিসির সম্পাদকীয় নীতিমালায় বলা হয়েছে, সংবাদমাধ্যম পুরোনো বা আর্কাইভের উপাদান ব্যবহার করতে পারে। তবে কোনো ঘটনা, পরিস্থিতি বা ফুটেজে দেখানো বিষয় সম্পর্কে দর্শক যেন বিভ্রান্তিকর ধারণা না পান, সেটা নিশ্চিত করতে হবে।

