জান্নাতুল ফিরদাউস

ফেলো, ডিসমিসল্যাব
old photo used to portray a chhatra league procession

ছাত্রলীগের ধর্মঘটের দৃশ্য বলে বেঙ্গলি জার্নাল দেখাল ৩ বছর পুরোনো ছবি

জান্নাতুল ফিরদাউস

ফেলো, ডিসমিসল্যাব

বাংলাদেশ ছাত্রলীগের ডাকা ১০ নভেম্বর ধর্মঘটের কর্মসূচির দৃশ্য দাবিতে ফেসবুকে একটি ছবি ছড়ানো হয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ছবিটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়। এটি মূলত ২০২৩ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের একটি সমাবেশ উপলক্ষ্যে হওয়া মিছিলের ছবি।

সংবাদমাধ্যম হিসেবে পরিচয় দেওয়া ‘বেঙ্গলি জার্নাল’ (Bengali Journal) নামের একটি ফেসবুক পেজ থেকে ১০ নভেম্বর একটি ফটোকার্ড প্রকাশ করা হয়। ফটোকার্ডে লাঠি ও বৈঠাসদৃশ বস্তু হাতে বেশ কিছু মানুষকে মিছিল করতে দেখা যায়। পোস্টে লেখা ছিল, “বৈঠা হাতে ছাত্রলীগের ধর্মঘটে জয়বাংলা স্লোগানে রাজধানীতে মিছিল। শেখ হাসিনার আগমনের বার্তা।” মিছিলটি কবে হয়েছে, তা বোঝাতে ফটোকার্ডে ১০ নভেম্বর ২০২৬ তারিখটি লেখা হয়েছে। এই প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত ফটোকার্ডটি প্রায় ৫০০ বার শেয়ার করা হয়েছে, ৭ হাজার ৭০০টি প্রতিক্রিয়া পেয়েছে।

বেঙ্গলি জার্নাল নামের ফেসবুক পেজের পোস্টের স্ক্রিনশট।

ছবিটি যাচাই করতে রিভার্স ইমেজ সার্চ করে ডিসমিসল্যাব। এতে দৈনিক ইত্তেফাকের একটি প্রতিবেদন পাওয়া যায়। ২০২৩ সালের ২৮ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম ছিল, “লাঠি-বৈঠা হাতে সমাবেশে যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।” ওই প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে বেঙ্গলি জার্নালের ফটোকার্ডে ব্যবহৃত ছবিটি হুবহু মিলে যায়।

দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনের স্ক্রিনশট।

ইত্তেফাকের প্রতিবেদনে বলা হয়, ২৮ অক্টোবর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ শান্তি ও উন্নয়ন সমাবেশ আয়োজন করে। এতে যোগ দিতে ঢাকার আশেপাশের এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠি ও বৈঠা হাতে যাচ্ছিলেন। অর্থাৎ, ছাত্রলীগের ডাকা ১০ নভেম্বরের ধর্মঘটের মিছিলের ছবি হিসেবে প্রচারিত দৃশ্যটি মূলত ২০২৩ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের সমাবেশ উপলক্ষ্যে হওয়া মিছিলের।

প্রসঙ্গত, আট দফা দাবিতে ১০ নভেম্বর দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এই ধর্মঘটের দৃশ্য দাবিতে ছড়ানো ভুয়া ছবি ও ভিডিও নিয়ে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে ডিসমিসল্যাব।

আরো কিছু লেখা