শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে পাকিস্তান থেকে ১ বিলিয়ন ডলার এনেছে জামায়াতে ইসলামী, আর ক্ষমতায় বসে মধু খাচ্ছে বিএনপি। জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এই বক্তব্য দিয়েছেন, এমন দাবিতে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, দাবিটি মিথ্যা। প্রকৃতপক্ষে, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠন নিয়ে দেওয়া তার একটি বক্তব্যের অডিও সম্পাদনা করে ভিডিও ছড়ানো হয়েছে।
নিজেকে বাঁশখালী যুব মহিলা লীগের সভাপতি হিসেবে পরিচয় দেওয়া তন্নী চৌধুরী নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে ১০ নভেম্বর একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টে লেখা ছিল, “শেখ হাসিনা ক্ষমতা থেকে সরানোর জন্য পাকিস্তান থেকে ১ মিলিয়ন ডলার দিয়েছে- আর ক্ষমতায় বসে মধু খাচ্ছে বিএনপি- জামায়াতের আমীর শফিকুর রহমান।”
২০ সেকেন্ডের ভিডিওটিতে ডা. শফিকুর রহমানকে বলতে শোনা যায়, “শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য আমরা পাকিস্তান থেকে ১ বিলিয়ন ডলার এনে দিয়েছি। আমাদের নেতাকর্মী দিয়ে বিভিন্ন জায়গায় হামলা করে আন্দোলন জোরদার করেছি। মূল পরিকল্পনা আমরা করেছি, ক্ষমতায় বসে মধু খাচ্ছে জনাব তারেক রহমান। আমাদের নেতাকর্মীদের চাঁদার ভাগ দিতে হবে এখন থেকে। না হয় এক বিলিয়ন ডলার ফিরিয়ে দিতে হবে।”
এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ভিডিওটি ১ লাখ ৭০ হাজারের বেশি বার দেখা হয়েছে এবং প্রায় ১ হাজার বার শেয়ার করা হয়েছে।
ফেসবুকের একাধিক প্রোফাইল ও পেজ (১, ২, ৩) থেকেও ভিডিওটি পোস্ট করা হয়েছে।
ভিডিও থেকে কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ডিসমিসল্যাব। এতে সংবাদমাধ্যম বায়ান্ন টিভির ইউটিউব চ্যানেলে গত ৬ নভেম্বর প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওর ২ মিনিট ১৯ সেকেন্ড থেকে পরবর্তী অংশে শফিকুর রহমানের অঙ্গভঙ্গির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর ৬ সেকেন্ড থেকে পরবর্তী অংশের অঙ্গভঙ্গি হুবহু মিলে যায়। তবে মূল ভিডিওতে শফিকুর রহমান শেখ হাসিনাকে সরাতে পাকিস্তানের সহায়তা নেওয়া বা জামায়াতের নেতাকর্মীদের চাঁদার ভাগ দেওয়া সংক্রান্ত কোনো কথা বলেননি।
জামায়াত আমীরকে বলতে শোনা যায়, “র্যাব বিলুপ্ত করেন, ওরকম আরেকটা বাহিনীর প্রয়োজন হলে সময় নিয়ে আলোচনা করে করেন। নতুন করে সাজান। এই বাহিনীতে যারা আছে তারা তো বিভিন্ন জায়গা থেকে… কেউ পুলিশ থেকে, কেউ আর্মি থেকে, কেউ এয়ারফোর্স, কেউ এসেছে বিজিবি থেকে, যার যার জায়গায় তাদেরকে ফিরায়ে দেন।”
এই ঘটনায় সংবাদমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গত ৬ নভেম্বর জাগো নিউজের অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (৬ নভেম্বর) জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। ওই সভায় র্যাব বিলুপ্তি প্রসঙ্গেও কথা বলেন তিনি।
অর্থাৎ, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের একটি বক্তব্যের অডিও সম্পাদনা করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে পাকিস্তানের কাছ থেকে ডলার আনার দাবি ছড়ানো হয়েছে।

