সুদেষ্ণা মহাজন অর্পা

রিসার্চ অ্যাসোসিয়েট, ডিসমিসল্যাব
Screenshot of a Pakistani news report about a woman assaulted over a land dispute in Sialkot.

বাংলাদেশে হিন্দু নারীকে নির্যাতনের দৃশ্য দাবিতে পাকিস্তানের ভিডিও প্রচার

সুদেষ্ণা মহাজন অর্পা

রিসার্চ অ্যাসোসিয়েট, ডিসমিসল্যাব

এক্সে সম্প্রতি পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এক নারীকে রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে মারধর করা হচ্ছে। প্রচারিত ভিডিওতে বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠী এক হিন্দু নারীকে নির্যাতন করছে এমন দাবি করা হয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয় বরং পাকিস্তানের প্রায় ৫ বছর পুরোনো একটি ঘটনার। পাকিস্তানের গণমাধ্যমে ২০২২ সালের জানুয়ারিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পাঞ্জাবের শিয়ালকোটে জমি নিয়ে বিরোধের জেরে এক নারীকে মারধরের দৃশ্য এটি। 

“Gaurav” নামের একটি ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে গত ১০ নভেম্বর ভিডিওটি পোস্ট করা হয়। ১৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, এক নারীকে রাস্তা দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে মারধর করা হচ্ছে। ক্যাপশনের লেখা বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, “মুসলিম-সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে হিন্দু নারী ও ধর্মীয় সংখ্যালঘুদের বর্তমান বাস্তবতা অত্যন্ত উদ্বেগজনক। মানবাধিকার ও সংখ্যালঘু সুরক্ষা নিয়ে যারা নিয়মিত সোচ্চার থাকেন, এই পরিস্থিতিতে তাদের নীরবতা প্রশ্নবিদ্ধ? 😡”

এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত ভিডিওটি ৩ হাজারের বেশিবার দেখা হয়েছে।

ভিডিও সত্যতা যাচাইয়ে কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে @ssgviews নামের একটি এক্স অ্যাকাউন্টে ২০২৪ সালের ১ এপ্রিল পোস্ট করা একটি ভিডিও খুঁজে পায় ডিসমিসল্যাব। পোস্টের ক্যাপশনে বলা হয়, কাজে না আসার শাস্তি হিসেবে পাঞ্জাবে এক বিত্তশালী জমিদার বাড়ির নারী ও পুরুষরা একজন নারীকে টেনে হিঁচড়ে নিয়ে মারধর করছে, তার মাথায় ও মুখে লাথি মারছে। ১ মিনিট ২১ সেকেন্ডের ভিডিওটির প্রথম ১৫ সেকেন্ডের সঙ্গে প্রচারিত ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়।

পোস্টটির মন্তব্যের ঘরে পাকিস্তানের ‘পাঞ্জাব পুলিশ অফিশিয়াল’ এর ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি কমেন্ট পাওয়া যায়। তারা জানান, ঘটনাটি ২০২২ সালের জানুয়ারিতে পাকিস্তানের শিয়ালকোটে ঘটেছিল। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছিল। 

Screenshot of a Pakistani news report about a woman assaulted over a land dispute in Sialkot.
এক্সে প্রাপ্ত ভিডিও এবং কমেন্ট বক্সে আসল ঘটনা জানিয়ে ‘পাঞ্জাব পুলিশ অফিসিয়াল’ এর মন্তব্যের স্ক্রিনশট।

অধিকতর যাচাইয়ে কিওয়ার্ড সার্চে ২০২২ সালের জানুয়ারিতে পাকিস্তানের একাধিক গণমাধ্যমে (১, ২, ৩) প্রতিবেদন প্রকাশিত হতে দেখা যায়। এসব প্রতিবেদন থেকে জানা যায়, নির্যাতনের শিকার নারীর নাম মুনাওয়ার কানওয়াল। তিনি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোটের বাসিন্দা ছিলেন। প্রতিবেদন অনুযায়ী, জমি নিয়ে বিরোধের জেরে তাকে মারধর করা হয়েছিল। এই ঘটনায় পুলিশ মামলা দায়ের করে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। তবে প্রতিবেদনের কোথাও ওই নারীকে হিন্দুধর্মের অনুসারী বলে উল্লেখ করা হয়নি।

Screenshot of a Pakistani news report about a woman assaulted over a land dispute in Sialkot.
প্রকৃত ঘটনা নিয়ে পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট।

অর্থাৎ, প্রায় পাঁচ বছর পুরোনো পাকিস্তানের এক ভিডিওকে বাংলাদেশে মুসলিমদের দ্বারা হিন্দু নারীকে নির্যাতনের ভুয়া দাবিতে প্রচার করে সামাজিক মাধ্যমে অপতথ্য ছড়ানো হচ্ছে।

আরো কিছু লেখা