মৌ দাস

ফেলো, ডিসমিসল্যাব
ছাত্রলীগের “খেলা শুরুর” দাবিতে ছড়িয়েছে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ভিডিও

ছাত্রলীগের “খেলা শুরুর” দাবিতে ছড়িয়েছে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ভিডিও

মৌ দাস

ফেলো, ডিসমিসল্যাব

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি কার্যালয় ভাঙচুরের দৃশ্য ফেসবুকে ছড়িয়ে দাবি করা হয়েছে, ছাত্রলীগের খেলা শুরু হয়ে গেছে। তবে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা গেছে, দাবিটি মিথ্যা। ভিডিওর দৃশ্য গত ১৩ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের।

গত ১৪ নভেম্বর ‘আমার নেতা বঙ্গবন্ধু’ নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে ২ মিনিট ৩৪ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা ছিল, “খেলা সুরু হয়ে গেছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু”। এর সঙ্গে ‘বাংলাদেশ’ ও ‘ছাত্রলীগ’ হ্যাশট্যাগ ব্যবহার করা হয়। ভিডিওটি অন্তত ১৯ হাজার বার দেখা হয়েছে এবং পোস্টটি শেয়ার হয়েছে এক শতাধিকবার। পোস্টের মন্তব্য দেখলে বোঝা যায়, ব্যবহারকারীরা দাবিটি সত্য বলে ধরে নিয়েছেন।

ছাত্রলীগের কর্মসূচির দাবিতে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওর স্ক্রিনশট

ভিডিওতে কিছু মানুষকে ধাওয়া দিতে দেখা যায়। কয়েকজনের হাতে লাঠিসোঁটা, অনেকে ঢিল ছুড়ছেন। একপর্যায়ে একটি রাজনৈতিক কার্যালয়ের শাটার ভাঙচুর করতেও দেখা যায়। সাইনবোর্ডে লেখা ছিল, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), আখাউড়া উপজেলা শাখা কার্যালয়।’

ভিডিওর একপর্যায়ে পুলিশ ও আনসার সদস্যদের ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা যায়। পরে বাজারের অন্য একটি অংশেও উত্তেজিত লোকজনের জড়ো হওয়া, স্লোগান দেওয়া এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার দৃশ্য দেখা যায়। ভিডিওর ওপরের দিকে সংবাদমাধ্যম ‘ডিবিসি নিউজের’ (DBC News) লোগো দেখা যায়।

উৎস অনুসন্ধানে এর ভেতরে থাকা ডিবিসি নিউজের ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড দিয়ে অনুসন্ধান করা হয়। এতে একই দৈর্ঘ্যের একটি ভিডিও পাওয়া যায়। ২০২৬ সালের ১৩ নভেম্বর প্রকাশিত ওই ভিডিওর শিরোনাম ছিল, “ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, বিএনপি কার্যালয় ভাঙচুর।” ডিবিসি নিউজের ভেরিফায়েড ফেসবুক পেজেও ভিডিওটি ১৩ নভেম্বর প্রকাশিত হয়েছিল।

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনার ডিবিসি নিউজের ইউটিউবে প্রকাশিত মূল ভিডিওর স্ক্রিনশট

ডিবিসি নিউজের প্রকাশিত ভিডিওটির সঙ্গে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটির দৃশ্য, ঘটনার স্থান এবং ঘটনাপ্রবাহের হুবহু মিল পাওয়া যায়।

এ ঘটনায় একাত্তর টেলিভিশনে “ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, এমপি ও বিএনপির কার্যালয় ভাঙচুর” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। একই ঘটনা নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেও “ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের কমিটি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ২০” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। দুটি প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ছড়ানো ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়।

বিডিনিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, আখাউড়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনের পর শুক্রবার বিকালে নতুন কমিটির নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। মিছিলটি সড়ক বাজারে পৌঁছালে ছাত্রদল নেতা তারিকুল ইসলাম রিফাতের নেতৃত্বে পদবঞ্চিত নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল নিয়ে আসেন। এ সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি থেকে উত্তেজনা ছড়ায়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

অর্থাৎ, বিএনপির একটি কার্যালয় ভাঙচুরের দৃশ্য ছড়িয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খেলা শুরু হওয়ার দাবিটি মিথ্যা। ভিডিওটি মূলত গত ১৩ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের সময় বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনার দৃশ্য।

আরো কিছু লেখা