গাজীপুরে পোশাকশ্রমিকদের কলোনিতে “সরকারদলীয় সন্ত্রাসীরা” আগুন ধরিয়ে দিয়েছে, এমন দাবিতে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি মূলত কুমিল্লার একটি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনার।
ফেসবুকে গত ১৪ নভেম্বর ‘শাহজাহান সিরাজ শামীম’ (Shahjahan Siraj Shamim) নামের একটি প্রোফাইল থেকে ২৬ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা হয়, “গাজীপুরে পোষাক শ্রমিকদের কলোনিতে গু ন আ ধরিয়ে দিয়েছে সরকার দলীয় স/ন্ত্রা/সী বাহিনী…।” ভিডিওটি ২৭ হাজারবার দেখা হয়েছে এবং পোস্টটি এক শতাধিকবার শেয়ার হয়েছে।
ভিডিওতে রাতের বেলায় সারিবদ্ধ কয়েকটি টিনশেড স্থাপনায় আগুন দেখা যায়। আগুনের শিখায় আশপাশের এলাকা আলোকিত হয়ে আছে। একপর্যায়ে রাস্তায় কয়েকজন মানুষকে দাঁড়িয়ে থাকতে এবং দূরে জরুরি সেবার গাড়ির আলো জ্বলতে দেখা যায়।
একই দাবিতে ফেসবুকে আরও কয়েকটি অ্যাকাউন্ট (১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০) থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে।

উৎস যাচাইয়ে ভিডিওর কয়েকটি কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এতে বৈশাখী টেলিভিশনের অনলাইন সংস্করণে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনের ছবির সঙ্গে ছড়ানো ভিডিওর একটি দৃশ্য মিলে যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ১৪ নভেম্বর কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এতে ১০ থেকে ১২টি দোকান পুড়ে যায়।
পরবর্তী সময়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড ব্যবহার করা হয়। এতে ডিবিসি নিউজের ভেরিফায়েড ফেসবুক পেজে গত ১৪ নভেম্বর প্রকাশিত একটি ৫০ সেকেন্ডের ভিডিও পাওয়া যায়।
ডিবিসি নিউজে প্রকাশিত ভিডিওটির সঙ্গে ফেসবুকে ছড়িয়ে পড়া ২৬ সেকেন্ডের ভিডিওর দৃশ্যের হুবহু মিল পাওয়া যায়। বিশেষ করে আগুনে পুড়তে থাকা স্থাপনা, আশপাশের পরিবেশের দৃশ্য এবং ঘটনাপ্রবাহের মিল থেকে নিশ্চিত হওয়া যায়, ছড়িয়ে পড়া ভিডিওটি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজারের অগ্নিকাণ্ডের।

অর্থাৎ, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজারে অগ্নিকাণ্ডের ভিডিওকে গাজীপুরে পোশাকশ্রমিকদের কলোনিতে “সরকারদলীয় সন্ত্রাসীদের” আগুন দেওয়ার ঘটনা দাবিতে প্রচার করা হচ্ছে।

