মোহাম্মদ আল মুকিত

ফেলো, ডিসমিসল্যাব
গোপালগঞ্জে আওয়ামী লীগ কর্মী আটকের দাবিতে ছড়ানো ভিডিওটি টঙ্গীর অভিযানের

গোপালগঞ্জে আওয়ামী লীগ কর্মী আটকের দাবিতে ছড়ানো ভিডিওটি টঙ্গীর অভিযানের

মোহাম্মদ আল মুকিত

ফেলো, ডিসমিসল্যাব

​গোপালগঞ্জে নাশকতার চেষ্টার অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে, এমন দাবিতে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, দাবিটি মিথ্যা। প্রকৃতপক্ষে, এটি ২০২৫ সালের মার্চে গাজীপুরের টঙ্গীর হাজি মাজার বস্তিতে যৌথ বাহিনীর অভিযানে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ৬০ জনকে আটকের দৃশ্য।

ফেসবুকে ১৬ নভেম্বর ‘দ্বীপের সংবাদ’ নামের একটি পেজ থেকে ১৪ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টে লেখা ছিল, “গোপালগঞ্জে নাশকতার চেষ্টার অভিযোগে যৌথ বাহিনীর অভিযান, আটক শতাধিক আ,লীগ নেতাকর্মী।” ভিডিওতে দেখা যায়, সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব (বর্তমান এসআরবি) সদস্যরা একদল মানুষকে ঘিরে রেখেছে, তাদের অনেকের হাত পেছনে বাঁধা।

এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ভিডিওটি ২৩ লাখ বার দেখা হয়েছে এবং ৪ হাজারের বেশিবার শেয়ার করা হয়েছে।

​ভিডিওর সত্যতা যাচাইয়ে কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এতে ২০২৫ সালের ১ মার্চ যমুনা টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। “টঙ্গীর মাজার বস্তিতে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, আটক অর্ধশতাধিক” শিরোনামের ওই ভিডিওতে দৃশ্যমান আটক ব্যক্তিদের চেহারা, পোশাক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান ও পারিপার্শ্বিক দৃশ্যের সঙ্গে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের হুবহু মিল রয়েছে।

এই ঘটনায় সংবাদমাধ্যমে একাধিক প্রতিবেদন (১, ২, ৩) প্রকাশিত হয়েছে। প্রথম আলোতে ২০২৫ সালের ২ মার্চ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গাজীপুরের টঙ্গীর হাজি মাজার বস্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ৬০ জনকে আটক করেছে। ওই অভিযানে নগদ টাকা এবং ছিনতাইয়ে ব্যবহৃত ছুরি-চাকুসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

যমুনা টিভির ইউটিউব চ্যানেল ও প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট।

​অর্থাৎ, ২০২৫ সালের মার্চে গাজীপুরের টঙ্গীর হাজি মাজার বস্তিতে যৌথ বাহিনীর অভিযানে আটকের দৃশ্যকে ‘গোপালগঞ্জে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী আটক’ দাবিতে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সফল করতে গোপালগঞ্জে দলটির নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন।

আরো কিছু লেখা