পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত “অল পাকিস্তান আহলে হাদিস কনফারেন্স”-এর দৃশ্য দাবিতে একটি ছবি একাধিক সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।
সাইফুল্লাহ আল ফাহাদ নামে একটি ফেসবুক প্রোফাইল থেকে গত ১৫ নভেম্বর ছবিটি পোস্ট করা হয়। লাহোরের মিনার-ই-পাকিস্তানে অনুষ্ঠিত “অল পাকিস্তান আহলে হাদীস কনফারেন্স”-এর ছবি দাবি করে পোস্টে লেখা, “‘অল বাংলাদেশ আহলে হাদিস কনফারেন্স’ এমন দেখার সৌভাগ্য কি হবে-? যে স্টেজে আমাদের সব শাইখরা একসাথে থাকবেন ঐক্যবদ্ধভাবে !!”
এছাড়াও ছবিটি একটি ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল এবং তা থেকে একাধিক ফেসবুক গ্রুপে (১, ২, ৩, ৪, ৫) ছড়িয়ে পড়তে দেখা যায়। ছবিটি ছড়িয়েছে ইনস্টাগ্রামের একটি অ্যাকাউন্ট থেকেও। গতকালের এই পোস্টের ক্যাপশনে লেখা, “আজকে -অল পাকিস্তান আহলে হাদীস কনফারেন্স। মিনারে পাকিস্তান, লাহোর।”

পর্যবেক্ষণে ছবিতে বেশ কিছু অসংগতি নজরে আসে ডিসমিসল্যাবের। পুরো জনসমাগমের ওপর ছড়িয়ে থাকা সবুজ পতাকাগুলো অস্বাভাবিকভাবে বিন্যস্ত। কাছের সবকয়টি পতাকার একই জায়গায় ভাঁজ দেখা যায়। ভাঁজ থাকলেও পতাকার ওপর লেখায় কোনো ভাঁজ পড়তে দেখা যায় না।
এছাড়াও, এই ছবিতে দৃশ্যমান পতাকা এই সম্মেলনের আয়োজক মারকাজে জমিয়ত আহলে হাদিস পাকিস্তানের পতাকার সঙ্গে মিলে না। ছবির পুরো পতাকাই সবুজ। কিন্তু সংগঠনটির পতাকার বাম পাশে সাদা অংশ রয়েছে, যা ছবিতে অনুপস্থিত। মারকাজে জমিয়ত আহলে হাদিস পাকিস্তানের পতাকায় কালেমা থাকলেও এই ছবির কোনো পতাকায় কালেমা নেই। পতাকার লেখায়ও একাধিক ভুল ও বিকৃতি লক্ষ করা যায়। যেমন দুইবার ‘আহলে’ লেখা, ‘আহলে’ লেখায় বিকৃতি ও ‘হাদিস’ বানান ভুল।

অনুসন্ধানে ডিসমিসল্যাব ছবিটি একাধিক এআই কন্টেন্ট শনাক্তকারী টুল দিয়ে যাচাই করে। ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হওয়ার সম্ভবনার কথা জানায় ইমেজ হুইসপারার। ইমেজ হুইসপারারের চারটি টুলের মধ্যে দুটি বলছে, ছবিটি কোনো মেশিন বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। সাইট ইঞ্জিন জানায়, ছবিটি জেনএআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯%।

ডিসমিসল্যাব ওপেনএআইয়ের নিজস্ব কন্টেন্ট শনাক্তকারী টুল দিয়ে ছবিটি পরীক্ষা করে। ফলাফলে দেখা যায়, ছবিটি ওপেনএআইয়ের টুল ব্যবহার করে তৈরি করা হয়েছে। ছবিতে ওপেনএআই থেকে আসা সিন্থআইডি ওয়াটারমার্ক পাওয়া গেছে বলে জানায় এই টুল।

প্রসঙ্গত, “মারকাজে জমিয়ত আহলে হাদিস পাকিস্তান” গত ১৫ নভেম্বর মিনার-ই-পাকিস্তানে একটি সম্মেলনের আয়োজন করে। এ আয়োজনের একাধিক ছবি ও ভিডিও পাওয়া যায় সংগঠনটির ফেসবুক পেজে। তবে বাংলাদেশে ছড়িয়ে পড়া ছবিটি তাদের ফেসবুক পেজে পাওয়া যায় না।
অর্থাৎ, “অল পাকিস্তান আহলে হাদিস কনফারেন্স”-এর দৃশ্য দাবিতে ছড়িয়ে পড়া এই ছবিটি এআই দিয়ে তৈরি।

