আহমেদ ইয়াসীর আবরার

সিনিয়র রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
gopalganj shibir edited feature

বরিশালের মিছিলের দৃশ্য সম্পাদনা করে দাবি করা হচ্ছে গোপালগঞ্জ “শিবিরের দখলে”

আহমেদ ইয়াসীর আবরার

সিনিয়র রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

ফেসবুকে একটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, দৃশ্যটি গোপালগঞ্জ দখলে নেওয়া ছাত্রশিবিরের মিছিলের। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে ছবিটি সম্পাদিত। ২০২৫ সালের জানুয়ারিতে বরিশাল মহানগর ছাত্রশিবিরের একটি গণমিছিলের দৃশ্য এটি।

ফেসবুকে “জামাত শিবির জনতা” নামের পেজ থেকে ১৭ নভেম্বর একটি ছবি পোস্ট (আর্কাইভ) করা হয়। পোস্টে লেখা ছিল, “শিবিরের দখলে গোপালগঞ্জ, হাজারো নেতাকর্মী নিয়ে বিশাল শোডাউন। ⚖️🇧🇩⚖️ নারায়ে তাকবির।” ছবিতে একটি মিছিল ও ব্যানার দেখতে পাওয়া যায়। ব্যানারে লেখা, “ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে ছাত্রশিবির গোপালগঞ্জ।” ব্যানারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লোগো এবং তার নিচে “গোপালগঞ্জ জেলা” লেখা দেখতে পাওয়া যায়। ছবিটির নিচে বড় ফন্টে লেখা, “গোপালগঞ্জে ছাত্রশিবিরের বিশাল শোডাউন. মাঠে নেই বিএনপি ছাত্রদল।”

গোপালগঞ্জ ছাত্রশিবিরের মিছিল দাবিতে ছড়ানো সম্পাদিত

এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত এই পোস্টে ৩ হাজার ৭০০ প্রতিক্রিয়া ছিল। ছবিটি তিন শতাধিকবার শেয়ার হয়েছে।

এছাড়াও, একাধিক প্রোফাইল এবং পেজ থেকে ছবিটি গোপালগঞ্জ ছাত্রশিবিরের দাবি করে পোস্ট হতে দেখা গেছে (১, ২, ৩)।

সূত্র যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ডিসমিসল্যাবের সামনে আসে ২০২৫ সালের ৩১ জানুয়ারিতে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন। বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত প্রতিবেদনটিতে হুবহু একই ছবি ব্যবহার করা হয়েছে। তবে ছবিটির ব্যানারের লেখা কিছুটা ভিন্ন। “ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে” এই অংশটুকু ঠিক থাকলেও, “ছাত্রশিবির গোপালগঞ্জ” এর স্থানে লেখা “গণমিছিল।” আবার ইসলামী ছাত্রশিবিরের লোগোর নিচে লেখা “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর।” 

মূল ছবিযুক্ত সংবাদ প্রতিবেদনে দেখা যায় বরিশাল মহানগর ছাত্রশিবিরের

প্রতিবেদনে বলা হয়েছে, “বরিশাল নগরীতে বিক্ষোভ সমাবেশ ও সংক্ষিপ্ত সভা করেছে ইসলামী ছাত্রশিবির। শুক্রবার জুম্মা নামাজের পর নগরীর গৃর্জা মহল্লা জামে কশাই মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়। নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে এসে শেষ হয়।” 

একই ছবি পাওয়া যায় বাহান্ন নিউজের প্রতিবেদনে। একই দিনে প্রকাশিত প্রতিবেদনটিতেও এটিকে বরিশালের ঘটনা বলে উল্লেখ করা হয়। 

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটে। সেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নেতাকর্মীদের বাড়িঘর ও দোকানে ভাঙচুরের ঘটনাও ঘটে। গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় ইতিমধ্যে প্রতিবেদনও প্রকাশ করেছে ডিসমিসল্যাব। 

আরো কিছু লেখা