মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
Gopalganj violence story feature.jpg

‘গর্দান নামায়া দে’: র‍্যাপ গান ও ভিডিওতে আওয়ামীপন্থীদের অ্যাকাউন্টে সহিংসতার আহ্বান

মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

‘লোহা লক্কর বাইর কইরা ধার দে’, ‘গর্দান নামায়া দে’— এমন সহিংস লিরিকের সঙ্গে একটি ভিডিওতে রামদা ধার দেওয়ার দৃশ্য দেখানো হয়েছে। শেখ হাসিনার ফেরার ঘোষণা ও দলীয় কর্মসূচিকে ঘিরে চলমান উত্তেজনার মাঝেই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সমর্থক বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজ থেকে গোপালগঞ্জের বাইরে দেশের অন্য ৬৩ জেলাকে প্রস্তুত হওয়ার আহ্বান জানানো হয়। ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওর ক্যাপশনে বিএনপি নেতাকর্মীদের পেটানোর হুমকি দেওয়া হয়েছে।

১৫ নভেম্বর গোপালগঞ্জে আওয়ামী লীগ-সমর্থকদের মিছিল ঘিরে অস্ত্র প্রদর্শন, সরকারি স্থাপনায় ভাঙচুর, বিএনপির কার্যালয় ও বাড়িঘরে অগ্নিসংযোগ এবং পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। ওই দিন সন্ধ্যা থেকে পরদিন পর্যন্ত ফেসবুকে ছড়িয়ে পড়া দুটি ভিডিওর ১২৬টি স্বতন্ত্র পোস্ট শনাক্ত করেছে ডিসমিসল্যাব।

এসব পোস্টের মধ্যে ৮৬টিতে র‍্যাপ গানের সহিংস লিরিক ও গোপালগঞ্জের বাইরে অন্য জেলাগুলোকে প্রস্তুত হওয়ার আহ্বান জানানো হয়েছে। বাকি ৪০টি পোস্টে বিএনপি নেতাকর্মীদের পেটানোর হুমকি দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর বিকেল চারটা পর্যন্ত সংগৃহীত তথ্য অনুযায়ী, পোস্টগুলো বিভিন্ন অ্যাকাউন্ট ও গ্রুপে মোট ১ হাজার ৫৮২ বার শেয়ার হয়েছে। কোনো কোনো পোস্টে ব্যবহার করা হয়েছে  #Gopalganj, #BangladeshAwamiLeague ও #OnceAgainSheikhHasina হ্যাশট্যাগ। 

অস্ত্র ধার দিয়ে ৬৩ জেলাকে প্রস্তুত হওয়ার আহ্বান

অস্ত্র বের করে ধার দেওয়ার আহ্বান এবং গোপালগঞ্জের বাইরে অন্য জেলাগুলোকে প্রস্তুত হওয়ার ডাক দিয়ে করা ৮৬টি পোস্টে একই ২৭ সেকেন্ডের ভিডিও ব্যবহার করা হয়েছে। এতে কালো পোশাক ও মুখে মাস্ক পরা এক যুবককে রাস্তার পিচের ওপর রামদা ঘষে ধার দিতে দেখা যায়। ভিডিওর সঙ্গে ‘রিভেঞ্জ’ নামের একটি র‍্যাপ গানের অংশ ব্যবহার করা হয়েছে। গানের কথায় ‘লোহা লক্কর’ বের করে ধার দেওয়া এবং ‘দুশমন’ ধরে শেষ করে দেওয়ার কথা বলা হয়েছে। পরের লাইনেই রামপুরি, সামুরাই ও কিরিচের মতো ধারালো অস্ত্র বের করে প্রতিপক্ষের ‘গর্দান’ নামিয়ে দেওয়ার আহ্বান রয়েছে। গানের এই বক্তব্যের সঙ্গে ভিডিওর দৃশ্যও সামঞ্জস্যপূর্ণ।

ফেসবুকে ৮৬টি পৃথক অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে, যা মোট ৯২৬ বার শেয়ার হয়েছে। পোস্টগুলোর ক্যাপশন বিশ্লেষণ করে মূলত দুই ধরনের বার্তা পাওয়া যায়। পোস্টগুলোর ৩৯টিতে ‘জিনিসপাতি’ বের করে ধার দেওয়ার সরাসরি আহ্বান রয়েছে, যেগুলো শেয়ার হয়েছে ১৬৮ বার। কোনো কোনো ক্যাপশনে অস্ত্রের ইমোজি ব্যবহার করা হয়েছে। পুরো ক্যাপশনে লেখা আছে, ‘সোজা আঙ্গুলে ঘি উঠেনা, জিনিসপাতি বাইর কইরা ধার দে’। 

একই ভিডিও ব্যবহার করে নিউক্লিয়াস কক্সবাজার পেজ থেকে বাকি ৬৩ জেলাকে প্রস্তুত হওয়ার আহ্বান এবং অন্য একটি অ্যাকাউন্ট থেকে ‘জিনিসপাতি’ বের করে ধার দেওয়ার নির্দেশমূলক বক্তব্য প্রচার করে দেওয়া পোস্টের স্ক্রিনশট

একই ভিডিও ও র‍্যাপগান দিয়ে করা বাকি ৪৭টি পোস্টে গোপালগঞ্জের বাইরে অন্য জেলাগুলোকে প্রস্তুত হওয়ার আহ্বান জানানো হয়েছে। এমন ক্যাপশনে ছড়ানো পোস্টগুলো মোট ৭৫৮ বার শেয়ার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ছড়িয়েছে  ‘নিউক্লিয়াস কক্সবাজার’ (Nucleus Cox’s Bazar) পেজের একটি পোস্ট। ১৫ নভেম্বর সন্ধ্যা ৭টা ২৬ মিনিটে প্রকাশিত ওই পোস্টের ক্যাপশনে লেখা হয়, “স্রেফ এক জেলায় শান দেওয়া হইছে। বাকি ৬৩ জেলা রেডি তো?” তথ্য সংগ্রহের সময় পর্যন্ত পোস্টটিতে ৪ হাজারের বেশি রিঅ্যাকশন, একশর বেশি মন্তব্য এবং পাঁচশর বেশি শেয়ার ছিল। কিছু পোস্টের ক্যাপশনে প্রস্তুত হতে বলার পাশাপাশি ‘এটা তো কেবল ট্রেলার,পুরো শক্তি এখনো দেখানো হয়নি’, ‘পোলাপান রেডি হ, আপা আইতাছে’, এমন কথাও লেখা হয়েছে। 

এছাড়া ‘রিভেঞ্জ’ গানযুক্ত ভিডিওটি প্রচারের তালিকায় নামের অংশে ‘নিউক্লিয়াস’(Nucleus) ও ইনসাইডার্স (Insiders) আছে এমন ৯টি এলাকাভিত্তিক ফেসবুক পেজ পাওয়া গেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে প্রচার চালানো এসব পেজের মধ্যে তিনটি হলো নিউক্লিয়াস কক্সবাজার (Nucleus Cox’s Bazar), নিউক্লিয়াস খুলশী (Nucleus Khulshi) ও শ্যামনগর নিউক্লিয়াস (Shyamnagar Nucleus)।

অন্য ছয়টি হলো চৌদ্দগ্রাম ইনসাইডার্স (Chouddagram Insiders), শরীয়তপুর ইনসাইডার্স (Shariatpur Insiders), মানিকগঞ্জ ইনসাইডার্স (Manikganj Insiders), টাঙ্গাইল ইনসাইডার্স (Tangail Insiders), জাফলং ইনসাইডার্স (Jaflong Insiders) এবং শরীয়তপুর ইনসাইডার্স (Shariatpur Insiders) নামের আরেকটি পৃথক পেজ।

নামের অংশে “নিউক্লিয়াস” থাকা পেজগুলোর মধ্যে  সবচেয়ে বেশি ফলোয়ার আছে নিউক্লিয়াস ৭১ (Nucleus 71) পেজের। স্বতন্ত্র পোস্টগুলোতে ব্যবহৃত অধিকাংশ ভিডিওর ওপরের ডান কোণে এই নামের লোগো দেখা যায়। পর্যবেক্ষনে “নিউক্লিয়াস ৭১” ফেসবুক পেজে ভিডিওটি পাওয়া না গেলে, একই নামে থাকা ইনস্টাগ্রামে  ভিডিওটি পাওয়া যায়। এর আগে নিউক্লিয়াস ৭১ ও বাংলাদেশ ইনসাইডার্স নামের পেজ থেকে প্রতিপক্ষ রাজনৈতিক দলের বিরুদ্ধে ছড়ানো একাধিক “অপতথ্য” চিহ্নিত করে রিউমর স্ক্যানার। 

নেপথ্যে অমি পিয়াল, গানে সহিংসতার আহ্বান

ভিডিওতে ব্যবহৃত ‘রিভেঞ্জ’ নামের গানটি ২০২৬ সালের ১১ জুন ‘শরীয়তপুর হিপহপ’ নামের একটি ইউটিউব চ্যানেলে প্রথম প্রকাশিত হয়েছিল। গানটির শিল্পী ও গীতিকার ‘জীবন’ এবং প্রযোজক সোহানুর রহমান শুভ। গানটির যে অংশটি গোপালগঞ্জের সহিংসতার সময় ছড়ানো ভিডিওতে ব্যবহার করা হয়েছে, তা হলো —

‘লোহা লক্কর বাইর কইরা ধার দে

দুশমন ধইরা ধইরা পার দে

রামপুরি সামুরাই ক্রিচগুলা বাইর কইরা গর্দান নামায়া দে ঘাড় তে’

গানটির অন্য অংশেও প্রতিশোধ ও সহিংসতার কথা রয়েছে। শুরুতেই ‘দিন বেশি নাই দূর’ বলে গলা শুকিয়ে রক্তে খুর ভেজানোর কথা বলা হয়েছে। পরে গোডাউন থেকে অস্ত্র বের করে এলাকায় ‘শো-ডাউন’ দেওয়া এবং ‘দুশমনের লাশ’ দিয়ে গোডাউন ভরে ফেলার হুমকি রয়েছে।

গানের আরও কয়েকটি পঙ্‌ক্তিতে সরাসরি শারীরিক আক্রমণ ও হত্যার বর্ণনা পাওয়া যায়। এর মধ্যে রয়েছে ‘রক্ত দিয়া হোলি খেলা’ এবং ‘কথার আগে হাত চলার’ কথা। এক জায়গায় বলা হয়েছে, ‘এক শটে পরকাল, এক কোপে বলি’। প্রতিপক্ষের গলার নলি সাইনবোর্ডের মতো রাস্তায় ঝুলিয়ে দেওয়া, ঘাড় ছিঁড়ে ফেলা, পেট-ভুঁড়ি বের করে দেওয়া এবং হাড় দিয়ে স্যুপ খাওয়ার মতো সহিংস বক্তব্যও রয়েছে। পুরো গানে প্রতিপক্ষকে বোঝাতে বারবার ‘দুশমন’ শব্দটি ব্যবহার করা হয়েছে।

‘রিভেঞ্জ’ গানের ইউটিউব ভিডিওতে শিল্পী ও গীতিকার হিসেবে জীবনের নাম উল্লেখ রয়েছে। একই গান প্রকাশের দিন অমি পিয়াল ফেসবুকে জানান, জীবনকে একটি গ্যাংস্টার র‍্যাপ তৈরির উৎসাহ দিয়েছিলেন তিনি

গানটি প্রকাশের দিন ১১ জুন আওয়ামী লীগ-সমর্থক ও অনলাইন অ্যাক্টিভিস্ট অমি পিয়াল নিজের ফেসবুক পোস্টে লিখেছিলেন, “Jibonরে একটা চ্যালেঞ্জ দিছিলাম! আর কত পলিটিক্যাল গান গাবি? একটা গ্যাংস্টার র‍্যাপ গাইয়া দেখা পারলে! ফলাফল revenge! পুরাই স‍্যাভেজ…#shariatpurhiphop”

জীবনের প্রকাশ্য ফেসবুক প্রোফাইল ও শরীয়তপুর হিপহপের পেজ পর্যালোচনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সমর্থনে একাধিক গান ও প্রচারমূলক কনটেন্ট পাওয়া গেছে। এর মধ্যে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত গান, শেখ হাসিনার প্রত্যাবর্তনসংক্রান্ত সংগীত এবং ‘জয় বাংলা’ স্লোগানযুক্ত রাজনৈতিক কনটেন্ট রয়েছে।

জীবনের ফেসবুক পেজের ট্রান্সপারেন্সি তথ্যে সৌদি আরব, বাংলাদেশ ও মালয়েশিয়া থেকে পরিচালনার তথ্য রয়েছে। তার ব্যক্তিগত প্রোফাইলের প্রধান অবস্থান দেখানো হয়েছে সৌদি আরব।

গোপালগঞ্জের সহিংসতার দিন জীবনও তার ‘মুহম্মদ জীবন খাঁন’ (Muhammad Jibon Khan) নামের ফেসবুক প্রোফাইল থেকে নিউক্লিয়াস কক্স বাজার (Nucleus Cox’s Bazar)-পেজ থেকে পোস্ট হওয়া নিজের গানযুক্ত ভিডিও শেয়ার করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘এই গান টা এই কারণেই ছিল’।

জীবনের ফেসবুক প্রোফাইল ও পেজের ট্রান্সপারেন্সি অংশ থেকে দেখা যায়, দুটিই সৌদি আরব থেকে পরিচালিত। তবে পেজটি বাংলাদেশ ও মালয়েশিয়া থেকেও দুইজন অ্যাডমিন পরিচালনা করছেন। 

বিএনপি নেতাকর্মীদের পেটানোর হুমকি দিয়ে ছড়ানো ভিডিও

ফেসবুকে আরেকটি ২৯ সেকেন্ডের মারধরের ভিডিও ছড়িয়ে বিএনপির “একটাকেও ছাড় দেওয়া হবে না” বলে হুমকি দেওয়া হয় বিভিন্ন আওয়ামীপন্থী অ্যাকাউন্ট থেকে। ভিডিওতে রাতের অন্ধকারে কয়েকজনকে মারধরের দৃশ্য দেখা যায়। আক্রমণকারীদের একজনকে বলতে শোনা যায়, ‘কান ধর!’, ‘বাইন*দ, কান ধর!’ মারধরের শিকার ব্যক্তিকে ‘ও মা গো!’ ও ‘ভাই, বড় ভাই!’ বলে আর্তনাদ করতে এবং সাহায্য চাইতে শোনা যায়।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাকর্মীদের মারধরের দাবি করে একটি ভিডিও প্রচার করেন রনি খান। পোস্টের ক্যাপশনে ‘একটাকেও ছাড় দেওয়া হবে না’ বলে হুমকি দেওয়া হয়

ভিডিওটির অডিওতে কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ নেই। মারধরের শিকার ব্যক্তিরা বিএনপির নেতাকর্মী কি না, কিংবা ঘটনাটি কখন ও কোথায় ঘটেছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ‘বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ’ নামের একটি ফেসবুক গ্রুপে ‘রনি খান’ (Rony Khan) নামের অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে শুরু বিএনপির নেতাকর্মী পিটানো! একটাকেও ছাড় দেওয়া হবে না!” 

একই ক্যাপশনসহ ভিডিওটির ৪০টি স্বতন্ত্র পোস্ট শনাক্ত করেছে ডিসমিসল্যাব। এসব পোস্ট বিভিন্ন অ্যাকাউন্ট ও গ্রুপ থেকে মোট ৬৫৬ বার শেয়ার করা হয়েছে।

গোপালগঞ্জে সহিংসতা, ফেসবুকে হত্যার প্রচারণা

গত ১৫ নভেম্বর সকাল থেকেই গোপালগঞ্জে সহিংসতা শুরু হয়। আর ফেসবুকে ভিডিও দুটি ছড়ায় সন্ধ্যা ও মধ্যরাতে। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেদিন ভোর থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরে জড়ো হতে থাকেন। বেলা ১১টার দিকে সমাগম বাড়ে এবং দুপুর ১২টার পর লগি-বৈঠা, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিল বের হয়। মিছিলকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে জুলাই স্মৃতিস্তম্ভ, লঞ্চঘাটের পুলিশ বক্স, বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক এবং পুলিশের একটি সাঁজোয়া যান ভাঙচুর করেন।

দুপুরের পর সহিংসতা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ছড়িয়ে পড়ে। দুপুর ২টা থেকে সন্ধ্যার মধ্যে টুঙ্গিপাড়ার কয়েকটি স্থানে উপজেলা যুবদল কার্যালয় এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়। সন্ধ্যায় গওহরডাঙ্গায় পুলিশের উপপরিদর্শক মোসলেম আলীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।

ফেসবুকে ‘রিভেঞ্জ’ গান ও ‘এক জেলায় শান দেওয়া হয়েছে’ ক্যাপশন যুক্ত ভিডিওর সবচেয়ে পুরোনো পোস্টটি পাওয়া যায় টুঙ্গিপাড়ায় এমন হামলার মধ্যেই; সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে । সাব্বির আহমেদ নামের প্রোফাইলের থেকে এটি পোস্ট করা হয়। এরপর সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত ভিডিওটির ৭২টি  স্বতন্ত্র পোস্ট আসে, যার মধ্যে রাত ৮টা থেকে ১১টার মধ্যেই প্রকাশিত হয় ৫২টি। ঠিক এই সময়েই (রাত সাড়ে ৭টা থেকে ৯টা) টুঙ্গিপাড়ায় পৌর বিএনপি ও ছাত্রদল নেতাদের বাড়ি, এবং কোটালীপাড়ায় বিএনপির একটি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ ঘটে। 

বাঁয়ে রামদাসদৃশ বস্তু রাস্তার ওপর ঘষে শান দেওয়ার দৃশ্যের সঙ্গে অন্য ৬৩ জেলাকে প্রস্তুত হওয়ার আহ্বান। ডানে মারধরের ভিডিওর সঙ্গে বিএনপি নেতাকর্মীদের কাউকে ছাড় না দেওয়ার হুমকি

ঘটনার দিন মধ্যরাতের পর, অর্থাৎ ১৬ নভেম্বর রাত ১২টা ৩১ মিনিটে বিএনপি নেতাকর্মীদের মারধরের আহ্বানে ছড়ানো ভিডিওর সবচেয়ে পুরোনো পোস্টটি পাওয়া যায়  আইমন খোন্দকার নামের অ্যাকাউন্ট থেকে। রাত ২টা পর্যন্ত ওই ভিডিও ও ক্যাপশনের ২৩টি পোস্ট প্রকাশিত হয়।

অর্থাৎ, ‘রিভেঞ্জ’ গানযুক্ত ভিডিওটি গোপালগঞ্জে সহিংসতা চলার সময়ই ফেসবুকে ছড়াতে শুরু করে। অন্যদিকে, বিএনপি নেতাকর্মীদের মারধরের আহ্বানসংবলিত ভিডিওটির প্রথম শনাক্ত পোস্ট পাওয়া যায় পরদিনের প্রথম প্রহরে। তবে ভিডিও দুটি কবে তৈরি হয়েছিল, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং তিনি ভারতে চলে যান। পরে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে ক্ষমতায় আসে বিএনপি।

গত ১০ জুলাই রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, গ্রেপ্তার বা নিহত হওয়ার আশঙ্কা থাকলেও তিনি ও তার দলের জ্যেষ্ঠ কয়েকজন নেতা ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন।

৯ নভেম্বর রয়টার্সের আরেক প্রতিবেদনে বলা হয়, দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে দিল্লির বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছিলেন শেখ হাসিনার আইনজীবীরা।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো ১৪ নভেম্বর প্রচার ও গণসংযোগ, ১৫ নভেম্বর বিক্ষোভ মিছিল এবং ১৬ নভেম্বর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করে। এ ছাড়া ১৯ নভেম্বর দেশব্যাপী লকডাউন কর্মসূচির প্রচারণাও চালানো হয়।

ভিডিও দুটি ছড়ানো পোস্টের ক্যাপশনে #ComeBackSheikhHasina ও #OnceAgainSheikhHasina হ্যাশট্যাগ ব্যবহার করে সমর্থকদের প্রস্তুত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সহিংসতায় উসকানি নিয়ে মেটার নীতিমালায় কী বলা আছে

মেটার সহিংসতা ও উসকানি নীতিমালায় মানুষের নিরাপত্তার প্রতি বিশ্বাসযোগ্য হুমকি এবং গুরুতর সহিংসতায় উৎসাহ দেওয়ার মতো কনটেন্ট নিষিদ্ধ।

এই হুমকি শুধু কাউকে সরাসরি হত্যার কথা বলার মধ্যে সীমাবদ্ধ নয়, অন্যদের সহিংসতায় অংশ নিতে আহ্বান, গুরুতর আঘাত করার নির্দেশ বা সহিংসতার পক্ষে বক্তব্যও এর আওতায় আসতে পারে। এ ক্ষেত্রে মেটা বক্তব্যের ভাষার পাশাপাশি প্রকাশের প্রেক্ষাপটও বিবেচনা করে।

এই অনুসন্ধানে শনাক্ত প্রথম ভিডিওটির পোস্টগুলোতে রামদা ধার দেওয়ার দৃশ্যের সঙ্গে সহিংস বক্তব্যসংবলিত র‍্যাপ গান যুক্ত করা হয়েছে। কোনো কোনো পোস্টে গোপালগঞ্জের বাইরে অন্য ৬৩ জেলাকে প্রস্তুত হওয়ার আহ্বান জানানো হয়েছে। গানের কথায় প্রতিপক্ষের ‘গর্দান নামায়া দেওয়ার’ মতো হত্যার আহ্বানও রয়েছে।

অন্যদিকে, দ্বিতীয় ভিডিওর ক্যাপশনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে বিএনপি নেতাকর্মীদের পেটানো শুরু হয়েছে দাবি করে বাকিদেরও ছাড় দেওয়া হবে না বলা হয়েছে।

পদ্ধতি

গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতার দিন ১৫ নভেম্বর ও পরদিন ফেসবুকে ছড়ানো দুটি ভিডিও পর্যবেক্ষন করেছে ডিসমিসল্যাব। ভিডিওগুলোর ক্যাপশন, সংশ্লিষ্ট হ্যাশট্যাগ ও প্রাসঙ্গিক কীওয়ার্ড ব্যবহার করে ১৬ নভেম্বর বিকেল চারটা পর্যন্ত খুঁজে পাওয়া সকল পোস্ট বিশ্লেষণ করে ১২৬টি স্বতন্ত্র পোস্ট পাওয়া গেছে। এর মধ্যে প্রথম ভিডিওটির ৮৬টি এবং দ্বিতীয়টির ৪০টি পোস্ট রয়েছে। প্রতিটি পোস্টের প্রকাশের সময়, ক্যাপশন, রিঅ্যাকশন, মন্তব্য ও শেয়ারের সংখ্যা বিশ্লেষণ করা হয়েছে। একই ভিডিও আলাদা অ্যাকাউন্ট থেকে প্রকাশিত হলে পৃথক পোস্ট হিসেবে গণনা করা হয়েছে। তবে শেয়ারকে নতুন পোস্ট ধরা হয়নি। গোপালগঞ্জে সহিংসতার ঘটনাগুলোর সময় সম্পর্কে তথ্য সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে সংগ্রহ করা হয়েছে। এরপর এসব ঘটনার সময়ের সঙ্গে ফেসবুকে ভিডিও দুটি প্রকাশের সময় মিলিয়ে দেখা হয়েছে।

আরো কিছু লেখা