ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে নারায়ণগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ডে লকডাউন সফল করতে অবস্থান নিয়েছে জনগণ। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায় ভিডিওর ঘটনাটি অন্তত ১৫ দিন পুরোনো। গত ৪ নভেম্বর একই ভিডিও পোস্ট হয়েছিল পোশাক শ্রমিক আন্দোলন প্রসঙ্গে।
“টেলেন্ট কান্তি দাস” নামের একটি প্রোফাইল থেকে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “নারায়ণগঞ্জ ঝালকুড়ি বাসস্ট্যান্ডে হাজার হাজার জনতা লকডাউন সফল করার জন্য স্ট্যান্ড নিয়েছে।” ভিডিওতে একটি ব্রিজ সদৃশ স্থানে অসংখ্য মানুষের জটলা দেখা যাচ্ছে। পাশে কিছু ভ্যান এবং “একেএস” লেখা একটি গাড়িও দেখা যায়।

একই দাবিতে একাধিক প্রোফাইল এবং পেজ (১, ২, ৩, ৪) থেকে ভিডিওটি পোস্ট হতে দেখা গেছে।
ভিডিওটির কিফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে ১০ নভেম্বর ইউটিউবে আপলোড হওয়া একটি শর্টস ডিসমিসল্যাবের সামনে আসে। হুবহু একই ভিডিওটির মান ফেসবুকে ছড়ানো ভিডিওর চেয়ে ভালো ছিল। শর্টসের ক্যাপশনে লেখা, “১০ নভেম্বর, ২০২৬” (November 10, 2026)। এই ভিডিওর কিফ্রেম সার্চ করলে ৪ নভেম্বর পোস্ট হওয়া আরেকটি ভিডিও খুঁজে পায় ডিসমিসল্যাব।

ফেসবুকে গত ৪ নভেম্বরে একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে পোস্ট হওয়া ভিডিওতে একই ঘটনার দৃশ্য দেখা যায়, তবে ক্যামেরার অবস্থান ছিল ভিন্ন। ভিডিওটিতে ব্রিজ সদৃশ স্থান, তার পাশে সারিবদ্ধ ভ্যান এবং একটি “একেএস” লেখা গাড়িও দেখতে পাওয়া যায়। ভিডিওর বর্ণনা অনুযায়ী এটি নারায়ণগঞ্জের শিবু মার্কেটে শ্রমিক আন্দোলনের দৃশ্য।
উল্লেখ্য, নভেম্বরের প্রথম সপ্তাহে নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকায় সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ হয়েছে দেশীয় সংবাদমাধ্যমে (১, ২, ৩)।
অর্থাৎ, লকডাউন সফল করতে নারায়ণগঞ্জে জনগণের অবস্থান দাবিতে ছড়ানো ভিডিওটি আজকের নয়, অন্তত ১৫ দিনের পুরোনো।
প্রসঙ্গত, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ১৯ নভেম্বর দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে।

