নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
ফ্যাক্টচেক, ঢাকার কনসার্টের ভিডিও গোপালগঞ্জের মিছিল বলে প্রচার

গোপালগঞ্জে মিছিলের দাবিতে ছড়াচ্ছে ঢাকার কনসার্টের ভিডিও

নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়েছে, গোপালগঞ্জে অগণিত মানুষের মিছিল হচ্ছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি গত ৭ নভেম্বর ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত কনসার্ট ফর সলিডারিটির ভিডিও।

ফেসবুকে “গোপালগঞ্জের খবর” নামের একটি গ্রুপে একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টে লেখা ছিল, “গোপালগঞ্জে চলছে অগণিত মানুষের মিছিল..।” ১৫ সেকেন্ডের ভিডিওতে রাতের একটি দৃশ্য দেখা যায়। একটি স্থানে অসংখ্য মানুষ জড়ো হয়ে আছে। ভিডিওর শুরুতেই অদূরে সংসদ ভবন দেখা যায় এবং ১৫ সেকেন্ডে সংসদ ভবন এবং এর সামনে সাদা একটি বিলবোর্ড দেখা যায়। 

ফ্যাক্টচেক, ঢাকার কনসার্টের ভিডিও গোপালগঞ্জের মিছিল বলে প্রচার
ভুয়া দাবিতে ছড়িয়ে পড়া ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

সত্যতা যাচাইয়ে ভিডিওটির কিফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করলে ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে ৭ নভেম্বরে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশন ছিল, “কনসার্ট ফর সলিডারিটি।” ১৮ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটির ৩ সেকেন্ডে সংসদ ভবন এবং সাদা বিলবোর্ডটি দেখা যায়। 

ফ্যাক্টচেক, ঢাকার কনসার্টের ভিডিও গোপালগঞ্জের মিছিল বলে প্রচার
কনসার্টের ভিডিওতেও দেখা যায় সংসদ ভবন

উল্লেখ্য, গত ৭ নভেম্বর ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে “কনসার্ট ফর সলিডারিটি” অনুষ্ঠিত হয়। 

প্রসঙ্গত, ১৯ নভেম্বর কার্যকর নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ লকডাউনের ঘোষণা দিয়েছে। এর আগেও ছাত্রলীগের ডাকা ধর্মঘট নিয়ে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে ডিসমিসল্যাব। 

অর্থাৎ, ঢাকার কনসার্টের ভিডিও ছড়াচ্ছে গোপালগঞ্জের মিছিলের দাবিতে।

আরো কিছু লেখা